Published : 10 Feb 2026, 12:43 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ার আগের দিনই ফাঁকা হয়ে পড়েছে ঢাকার সড়ক।
কার্যদিবসে সড়কে যেমন চিত্র দেখা যায়, তেমনটা দেখা যায়নি মঙ্গলবার সকালে। ব্যক্তিগত যানবাহন চলেছে হাতেগোনা, আর গণপরিহন চলাচল ছিলও খুবই কম।
তাতে অফিসগামীদের বেশ ভোগান্তিতে পড়তে দেখা গেছে। বাধ্য হয়ে অনেককেই গুনতে হয়েছে সিএনজিচালিত অটোরিকশায় বাড়তি ভাড়া; বাস কম থাকায় প্রধান সড়কগুলোতে দেখা গেছে ব্যাটারিচালিত রিকশার দাপট।
ঢাকার শ্যামলীতে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করে উত্তরা যাওয়ার জন্য গণপরিবহনে চড়তে পারেননি বেসরকারি চাকুরে দীপন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবে বলেন, “অফিস যাওয়ার জন্য ঘণ্টাখানেকের বেশি দাঁড়িয়ে থেকেও বাস পাইনি, অল্প যে দুয়েকটা বাস আসছিল ভিড়ের কারণে সেগুলোতে ওঠার অবস্থা ছিল না। পরে বাধ্য হয়ে সিএনজিতে করে অফিসে এসেছি।”

বিজয় সরণি এলাকায় ভূঁইয়া পরিবহনের চালকের সহকারী নূর উদ্দিন বলেন, অনেক গাড়ি পুলিশ রিকুইজিশন করেছে। আর অফিসের সময়ে কিছু যাত্রী থাকলে সারাদিন তেমন যাত্রী থাকবে না বলে অনেকেই সড়কে আজ বাস নামাননি।
পুলিশের ট্রাফিক গুলশান জোনের সহকারী কমিশনার আবুসায়েম নয়ন বলেন, “অনেক মানুষ ইতোমধ্যে ভোট দিতে ঢাকা ছেড়েছে, আবার প্রয়োজন না থাকলে হয়তো কেউ বের হচ্ছে না। সবমিলিয়ে ঢাকার সড়কে স্বাভাবিকভাবেই চাপ নেই।”

এদিকে মঙ্গলবার থেকেই শিল্পাঞ্চলে ছুটি শুরু হওয়ায় আগের রাতে বিপুল সংখ্যক সিটি বাস ঢাকার বাইরে চলে গেছে। নির্বাচনে গাড়ি চলাচলের সুযোগ না থাকায় এসব বাস নির্বাচনের আগে আর ঢাকায় ফিরবে না বলে মনে করছেন পুলিশ কর্মকর্তা নয়ন।
তিনি বলেন, “আবার যে বাসগুলো আছে, যাত্রী কম মনে করে হয়তো মালিকরা সব চালাচ্ছেন না। এ কারণে রাস্তায় বাস চলাচল কম।”
শিল্পাঞ্চলের ছুটি ঘিরে মঙ্গলবার সকাল থেকে ঢাকার বাস টার্মিনালগুলোতে ঘরে ফেরার মানুষের ঢল নেমেছে। এতে আশেপাশের মহাসড়কগুলোতে যানজটের খবর পাওয়া যাচ্ছে।
এদিকে দূরপাল্লার বাস সংকটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। ধোলাইপাড় এলাকায় বাসের জন্য অপেক্ষমান এক যাত্রী বলেন, অতিরিক্ত দামেও টিকেট মিলছে না।
“ঢাকা থেকে পটুয়াখালীর ভাড়া ৫০০ টাকা হলেও আজ ১০০০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে।”

মহাখালী থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন স্টপেজে দূরপাল্লার বাসের জন্য যাত্রীদের অপেক্ষায় থাকার খবর পাওয়া গেছে।
নানী এলাকায় রাইসুল নামে ময়মনসিংহগামী এক যাত্রী বলছিলেন, ঈদের আগের দিনের মতো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
“ময়মনসিংহ যেতে যেখানে সাধারণত বাসভাড়া ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাস না পেয়ে অনেকে ট্রাকে করেও রওনা দিচ্ছেন।”
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।