Published : 08 Feb 2026, 03:01 PM
সংস্কার ও পরিবর্তন বাস্তবায়নের জন্য সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেছেন, “আপনি যদি সংস্কারের পক্ষে `হ্যাঁ’ ভোট দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি `না’ ভোট দেন তাহলে সংস্কার হবে না। তাহলে তো আবার পেছনে পড়ে যাব, এজন্য সবাই আমরা সংস্কার ও পরিবর্তনের জন্য `হ্যাঁ’ ভোটে সিলটা মারবো।”
রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি সংস্কার চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “আমরা সংস্কার ও পরিবর্তন চাই। দরজাটা ঠিক হোক, জানালাটা ঠিক হোক চাই না? চাইতো। আমার দেশ এক ব্যক্তির শাসনে নষ্ট না হোক, আগের মত ফ্যাসিস্ট না হোক; জবাবদিহিতা থাক, তাই না? এটাকেই আমরা বলতেছি হ্যাঁ ভোট।”
মির্জা ফখরুল বলেন, “এই ভোটে সিদ্ধান্ত হবে, এই বাংলাদেশটা কি আগের মত চলবে না নতুন ভাবে সুন্দর করে চলবে। আমাদের নেতা তারেক রহমান ইয়াং তরুণ, টগবগে যুবক। সবাই দেখছিলেন তো।
“যে প্রধানমন্ত্রী হবে তাকে আমার চাই একজন তরুণ। যে নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে। তাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিতে হবে।”
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে, ঠিক তেমনি আপনারও সমান অধিকার আছে।
“আমি আপনাদের এ কথা জোর দিয়ে বলতে চাই- আপনারা নিজের অধিকারের জন্য নিজের পায়ের ওপর দাঁড়ান। কেউ এসে আপনাদের ওপর অন্যায়-অত্যাচার করবে এটার সাহস কেউ যেন না পায়।”
তিনি বলেন, “একটা জিনিস সবসময় মনে রাখবেন- আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি সবসময়। অতীতে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর এখানে আমার ভাইয়েরা আছে- তারা সবাই আপনাদের পাশে আছে।”
সভায় উপস্থিত সকলের কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট চান।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।