১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটের দিনের সঙ্গে আগের দিনও সাধারণ ছুটি

সেই সঙ্গে শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের জন্য বাড়তি আরো একদিন ছুটির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 06:00 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দিনের পাশাপাশি তার আগের দিনও সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল। উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

প্রেস সচিব বলেন, “আজকে তো আপনাদের জন্য গুড নিউজ! নির্বাচন উপলক্ষে আপনাদের ১২ ফেব্রুয়ারি ছুটি। আমাদের শ্রমিক ভাই-বোনদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি। মোট তিনদিন ছুটি—১০, ১১, ১২। আপনাদের জন্য ১১ অ্যান্ড ১২।”

প্রতীক বরদ্দের পর বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন এবারের নির্বাচনের প্রায় দুই হাজার প্রার্থী। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত তারা প্রচার চালানোর সুযোগ পাবেন।

এরপর ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।