Published : 01 Feb 2026, 05:12 PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলা কারাগারের ৫২ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের ঘোষণার পর হাজতি ও কয়েদিদের ভোট দিতে উদ্বুদ্ধ করা হয়। এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দীদের কাছ থেকে আবেদনপত্র নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, বন্দিদের মধ্যে ৫২ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন। তাদের মধ্যে দুই জন নারীও রয়েছেন।
এদের মধ্যে দুই নারীসহ ৪২ জন সাজাপ্রাপ্ত কয়েদি বাকিরা হাজতি। এছাড়া কারাগারের ১৩ জন কর্মকর্তা-কর্মচারী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
এই প্রথম কারাগার থেকে বন্দি ও কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে জেলখানায় প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
ভোট গ্রহণের জন্য কারা অভ্যন্তরে কয়েদিদের জন্য দুইটি ও কর্মকর্তা- কর্মচারীদের জন্য একটি বুথ স্থাপনের প্রস্তুতিও চলছে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে মোট ১ হাজার ২৪৪ জন বন্দী রয়েছেন। এর মধ্যে ৫১ জন নারী।
ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান মোল্লা জানান, জেলায় মোট ১৭ হাজার ৯৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতি মধ্যেই এ বিশেষ ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে
“আশা করছি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো পোস্টাল ভোটে অংশ নেবেন ভোটাররা”, বলেন তিনি।