১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ভিডিও সংরক্ষণের নির্দেশ

‘পরে প্রমাণ হিসাবে ব্যবহারের জন্য’ এসব ভিডিও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করতে হবে।

ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ভিডিও সংরক্ষণের নির্দেশ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 12:18 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ছিল, সেসব কেন্দ্রের ভিডিও সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

গত ১১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের আগের দিন ও ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরার ভিডিও সংরক্ষণ করতে রির্টার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে।

বৃহস্পতিবার কমিশন সচিবালয় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘পরে প্রমাণ হিসাবে ব্যবহারের জন্য’ এসব ভিডিও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করতে হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ শতাংশ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের 'বডি ওর্ন' ক্যামেরা, ক্লোজড সার্কিট ক্যামেরা, ড্রোন ক্যামেরা, বাংলাদেশ বিমান বাহিনীর মানুষবিহীন আকাশযানের ভিডিও ফিড দেখে এবং ‘সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করে নির্বাচন পর্যবেক্ষণ করে ইসির কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল।

সেদিন দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।