Published : 04 Feb 2026, 09:58 PM
চাঁদাবাজ ও মামলাবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া-২ আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, “যারা চাঁদাবাজি করে, মামলাবাজি করে ওদেরকে ভোট দেবেন না। আরে আমি তরকারি বেচবার গেছি, আমার কাছ থেকে চান্দা নিবে ক্যা। আমি ভ্যানগাড়ি চালাই, আমার দিনিই চলে না, আমার কাছ থেকে চান্দা নিবে ক্যান।
“ভাল মানষের কতাষন করে আর গরিব মানষেক কোনো সুবিধা দিচ্ছি না, তাতো হবি না। এটা বদলানোর জন্যই এই ভোটটা দরকার।”
বুধবার সন্ধ্যা ৬টায় শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নে নিজের কেটলি মার্কার পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ভোটারদের উদ্দেশে মান্না বলেন, “যারা মামলা করে টাকা কামাই করে, গায়ের জোর দেখিয়ে টাকা বানাবার চেষ্টা করে, ওরা যে দলেই হোক, যে মার্কার হোক যে নেতার কথা কোক তাদের কথা শুনবেন না।”
তিনি বলেন, “সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে দেশটা ভাল করতে চাই এবং গরীব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”
এ সময় বগুড়া জেলা নাগরিক ঐক্যের নেতা পিয়াল রহমান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্যসচিব এনামুল হক, পৌর কমিটির আহ্বায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ এবং যুব ঐক্যের নেতা অমিত হাসান উপস্থিত ছিলেন।