Published : 23 Jan 2026, 01:22 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না করে সীমিত রাখার পরিকল্পনার কথা তুলে ধরেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সচিব বলেন, “কাঠামোটা ঠিক করা হয়নি। তবে নীতিগতভাবে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোন একটা নির্দিষ্ট সময়, ধরেন ২৪ বা ৪৮ ঘণ্টার জন্য কোনো লেনদেন হবে না- এরকম কোনো নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হবে না। হয়তো লিমিট করা হবে, গ্যাপ করা হবে।”
ভোটকে সামনে রেখে অবৈধ লেনদেন বন্ধে অতীতে নির্দিষ্ট সময়ের জন্য লেনদেন বন্ধ ছিল বলে তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা তিনটি বৈঠক করেন। সকালে বিদেশি পর্যবেক্ষণ নিয়ে, দুপুরে বিএনসিসি এবং এমএফএস নিয়ে আলোচনা হয়।
ইসি সচিব বলেন, এবার নির্বাচন পর্যবেক্ষণে ৮৩ বিদেশি পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ৩৬টি নিশ্চিত করেছে। বিদেশি ৫০ সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক আসতে চান।
“আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা ইন্টারকন্টিনেন্টালে থাকবে। ইইউ পর্যবেক্ষক ৫৮ জনের মতো আছে। এটি ৩০০ এর কাছাকাছি যেতে পারে।”
১৬ হাজারের বেশি বিএনসিসি
ভোট কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে ১৬ হাজারের বেশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্য থাকবেন।
তিনি বলেন, তবে তারা কে কোথায় কীভাবে এটা থাকবেন এবং তাদের কমান্ড কাঠামোটা কার অধীনে কিভাবে কাজ করবে তা এখনও ঠিক হয়নি। রোববারের আলোচনায় ঠিক করা হবে।
ভোট গণনায় বিলম্ব কেন?
ইসি সচিব বলেন, ভোটগণনার ক্ষেত্রে এবার একটু সময় বেশি লাগবে। এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে। এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে।
তিনি একাধিক আসনের প্রসঙ্গ টেনে ভোট গণণায় বিলম্বের কারণ তুলে ধরেন। বলেন, “পোস্টাল ব্যালটের সঙ্গে গণভোট, সব মিলিয়ে একটু সময় বেশি লাগবে গণনার ক্ষেত্রে-এই জিনিসটা আমাদের সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে। সেন্টারের গণনা আগে হয়ে যাবে, কিন্তু রিটার্নিং অফিসারের কাছে যে কেন্দ্রটা ওটার গণনার সময় লাগবে। আর একজন রিটার্নিং অফিসারের কাছে যদি একাধিক আসন থাকে তাহলে আরও কিছুটা বেশি সময় লাগবে।”
১৯৭৭ সালে প্রথম গণভোটে ফলাফল ঘোষণায় ৩০ ঘণ্টা সময় লেগেছে। এবার সংসদ, গণভোট দুটো একসাথে হচ্ছে। ভোটার বেড়ে হয়েছে ১৩ কোটি।
কত ঘণ্টা সময় লাগবে সে ধারণা দেননি তিনি, সময় বেশি লাগবে বলে মনে করছেন সচিব।