Published : 09 Feb 2026, 01:12 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দেশজুড়ে নানা অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ৬৫৫ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছে সরকার।
মঙ্গলবার থেকে তারা বিভিন্ন নির্বাচনি এলাকায় দায়িত্ব শুরু করবেন। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দুই দিন পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন।
নির্বাচন কমিশন বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ ৬৫৫ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়।
ইসি বলছে, তারা ১৯৭২ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনু অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মনোনীত ম্যাজিস্ট্রেটরা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত নির্বাচনু অপরাধের বিষয়ে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
তালিকা দেখুন এখানে
এর আগে গত ৩ ফেব্রুয়ারি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশেদায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয় সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে দেড় হাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক হাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে।