Published : 15 Jan 2026, 08:47 PM
সংস্কারের প্রতিশ্রুতি থেকেই অন্তর্বর্তীকালীন সরকার গণভোটে 'হ্যাঁ-এর পক্ষে প্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
দেশে যতবার গণভোট হয়েছে প্রতিবারই সরকার ‘একটা পক্ষ নিয়েছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, "আমরা যে গণভোটের পক্ষে প্রচার চালাচ্ছি এটা সংস্কারের প্রতি আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকেই করা হয়েছে। আমরা প্রথম থেকে বলেছি আমরা চাই বাংলাদেশে অনেক সংস্কার হোক। যেটা আমাদের পক্ষে করার কথা সেগুলো আমরা করছি।
"যেই সংস্কারটা আমরা করতে পারব না, যেটার জন্য সংবিধান পরিবর্তন লাগে, সেটা আমরা গণভোট দিয়েছি, আমরা লোকের কাছে আপিল করছি। আমরা তো প্রথম থেকে কোন ভান-ভনিতা করছি না। আমরা সংস্কারের পক্ষে।"
গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে সরকারের প্রচারের আইনগত দিক সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, "এর আগে বাংলাদেশে যত গণভোট হয়েছে, সবসময় সরকার একটা পক্ষ নিয়েছে। গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না।
"আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বলেছি, আমাদের প্রধান কাজ তিনটা–সংস্কার, বিচার, নির্বাচন। আমরা তো সবসময় সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি করেছি, করেছি না? জাতীয় ঐক্যমত কমিশন গঠন, জুলাই চার্টার প্রণয়ন–সব তো সরকারি উদ্যোগেই হয়েছে।"
সংস্কার গণভুত্থানের ‘অন্যতম প্রত্যাশা’ ছিল মন্তব্য করে আসিফ নজরুল বলেন, "এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি, আমরা কি সরকারে থাকব? আমরা তো থাকবো না। আমরা সংস্কারের পক্ষে বলছি। এখন আপনি আইনের বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারেন।
"কিন্তু আইনের ইন্টারপ্রিটেশনে একটা অনেক বড় ব্যাখ্যা হচ্ছে আল্টিমেটলি আপনার উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য কি জনকল্যাণ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ? আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি। আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। কারণ আপনি দেখবেন সব দল সংস্কারের কথা বলেছে। যারা এই সংলাপে অংশ নিচ্ছে সবাই সংস্কারের কথা বলেছে।
“পদ্ধতিগত পার্থক্য আছে। কেউ বলে না ‘সংস্কার না’। এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আপনারা পত্রপত্রিকায় রাজনৈতিক দলগুলোর মতভেদের কথা অনেক এনেছেন। আমি তো খুবই কম মতভেদ দেখি। প্রক্রিয়াগত পার্থক্য আছে কিছু। সবাই সংস্কারের পক্ষে।"
গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে বলার অধিকার যেমন সবার আছে, তেমনি 'না'-এর পক্ষে বলার অধিকারও যে সবার আছে, সে কথা আসিফ নজরুল স্বীকার করেন, তবে কিন্তু রেখে।
তার ভাষায়, "এখন আপনি যদি মনে করেন আপনি অধিকাংশ ক্ষেত্রে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের ব্যবস্থা অব্যাহত রাখতে চান; দেশে বৈষম্য, তারপরে নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন আগের মতই অব্যাহত থাকুক, আমার কোনো সমস্যা নাই; আপনি বলেন ‘আমি না-এর পক্ষে আছি’, সমস্যা নাই।
"কিন্তু কাউকে এই প্রচার থেকে বিরত রাখার কোনো অধিকার আমাদের নাই, কোনো ইচ্ছা আমাদের নাই। আমরা মনে করি যে এটা মানুষের বিবেক বোধের ব্যাপার। ১৫ বছর আপনারা দেখেছেন শাসনতান্ত্রিক সংস্কার না হলে কী অবস্থা হতে পারে। এটা আপনাদের ব্যাপার।"