Published : 14 Feb 2026, 11:23 PM
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম তিন নেতার হাতে এসব শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
এর আগে পৃথকভাবে তিন নেতাকে ফোন করে অভিনন্দন ও ধন্যবাদ জানানোর তথ্যও প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছিল।
প্রথমে তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলে তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান।
পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে নির্বাচনে সাফল্য এবং নির্বাচন পরবর্তী দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন।
দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছেন মুহাম্মদ ইউনূস।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন। ২৯৭ আসনে ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।