Published : 12 Feb 2026, 12:49 PM
অনুমতি ছাড়া ভোট কেন্দ্রের বাইরে যাওয়ায় বরিশালের উজিরপুরে দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার রাতে উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাদের জায়গায় নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানিয়েছেন।
প্রত্যাহার করা দুইজন হলেন- সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ওবায়দুর রহমান ও খাদিজা খানম।
নতুন দায়িত্ব পাওয়া দুইজন হলেন- বিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা খানম ও বড়াকোঠা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, “অনুমতি ছাড়া দুজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বাইরে ঘোরঘুরি করছিলেন। স্থানীয়রা দাবি করেছে, তারা একটি রাজনৈতিক দলের নেতার বাসায় গিয়েছিলেন।
“বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি। অনুমতি ছাড়া বাইরে যাওয়ায় দুজনকে অব্যাহতি দিয়ে নতুন করে দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
ওটরা ইউনিয়নের বাসিন্দা মাহাবুবুর রহমান বলছিলেন, “বাইরে যাওয়া দুজন সহকারী প্রিজাইডিং অফিসার স্থানীয় জামায়াতের আমিরের বাসায় গোপনে মিটিং করতে গিয়েছিলেন বলে বিএনপি নেতারা অভিযোগ তুলেছেন।”
তবে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন।
ওবায়দুর রহমান বলেন, তারা শুধু খাবার খেতে বাইরে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে গেলে তারা প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলামকে জানান। তিনি বিষয়টি সহকারী রিটার্নিং অফিসারকে অবহিত করেন, তবে এরপরও তাদের পরিবর্তন করে দেওয়া হয়।