Published : 12 Feb 2026, 10:54 AM
সতের বছর পর জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছে মন্তব্য করে কুমিল্লা-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “আমরা এজন্যই আন্দোলন করেছি।”
বৃহস্পতিবার সকালে দাউদকান্দি গয়েশপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে এসব কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেছেন, “১৭ বছর পর জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছে আর আমরা এজন্যই এতদিন আন্দোলন করেছিলাম। আমরা এজন্যই আন্দোলন করেছিলাম, মানুষ ভোট দেয়ার ক্ষমতা পাবে মানুষ গণতান্ত্রিক সরকার পাবে।”
“জনগণ যাদের উপযুক্ত মনে করবে তাদের ভোট দিয়ে সংসদে পাঠাবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং তারাই সরকার গঠন করবে। আর জনগণের সরকার জনগণের জন্য কাজ করবে। আমরা আশাবাদী ধানের শেষ জয়যুক্ত হবে।”
এ সময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক কুমিল্লা-৯ আসনের দলের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম লাকসাম উপজেলার পাশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
তিনি ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, “ভোটার উপস্থিতি দেখেই বুঝতে পারছেন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে এসেছে। কোথাও কোনো সন্ত্রাস নেই; অশান্তি নেই। আমরা আশা করছি, সারাদিন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে।”
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ভোট দেন।
কুমিল্লা -৮ আসনে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং ওই আসন থেকে দলের মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন।
এছাড়া কুমিল্লা-৩ মুরাদনগর আসনে প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ডিআর উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন।