১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে বিএনপির আরও ৪ প্রার্থী হাই কোর্টে

আগামী ১৩ মে আবেদনগুলোর ওপর শুনানি হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 04:20 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থীরা কারচুপির অভিযোগ নিয়ে হাই কোর্টে মামলা করেছেন। 

সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ চার অভিযোগ শুনানির জন্য আমলে নিয়েছে।

চার আবেদনকারী হলেন কুড়িগ্রাম-২ আসনে বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে বিএনপির মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে বিএনপির মো. শরীফ উদ্দিন।

আদালতে প্রথম তিনটি আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এবং অপরটির শুনানি করেন মো. মুক্তাদির রহমান।

অ্যাডভোকেট দুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচনি সরঞ্জাম নিরাপদ হেফাজতে রাখতে বলা হয়েছে।”

আগামী ১৩ মে আবেদনগুলোর ওপর শুনানি হবে বলে আইনজীবীরা জানিয়েছেন। 

এর আগে রোববার রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের আবেদন শুনানির জন্য গ্রহণ করে হাই কোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদনপত্র শুনানির জন্য হাই কোর্টের এই বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি হচ্ছে।