Published : 31 Jan 2026, 10:14 PM
দলের নিবন্ধনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছেন ‘বাংলাদেশ আমজনগণ পার্টির’ শতাধিক নেতাকর্মী।
শনিবার সন্ধ্যায় দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে নেতকর্মীরা নির্বাচন ভবনের সামনে জড়ো হন। তারা সেখানে সিইসি ও ইসি সচিবের কুশপুতুলে ডিম নিক্ষেপ করেন।
এসময় ফাতিমা তাসনিমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে স্মারকলিপি দিতে গেলে নির্বাচন শাখার একজন উপ-সচিব সেটি গ্রহণ করতে চান। তবে আমজনগণ পার্টির নেতারা ইসি সচিব বা সিইসি ছাড়া অন্য কারো হাতে স্মারকলিপি দিতে অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে বের হয়ে আসেন।
পরে নির্বাচন ভবনের সামনে ফাতিমা তাসনিম বলেন, “পুলিশ তামাশা করেছে। তারা ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার নাম করে নির্বাচন ভবনে নিয়ে গিয়ে একজন উপ-সচিবের কাছে স্মারকলিপি জন্য বলে। আমরা তার কাছে স্মারকলিপি না দিয়ে ফিরে এসেছি।
“যতক্ষণ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন না দেবেন, ততক্ষণ অবস্থান কর্মসূচি থেকে এক চুলও সরব না৷ আগামী ৪৮ ঘণ্টা অবস্থান করব।”
তিনি বলেন, “আমাদের সার্টিফিকেট কখন দেবে ইসি, আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন, এসে সরাসরি কথা বলুন। তা নাহলে এখান থেকে নড়ছি না।
“কোন উদ্দেশ্য কোন শক্তির কারণে আমাদের এখনো নিবন্ধন দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? আমরা সামনে কিন্তু প্রতি থানায় থানায়, জেলায় জেলায় কর্মসূচি ঘোষণা করব।”
নিবন্ধন না দেওয়ার পেছনে বড় ‘অদৃশ্য শক্তি’ কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, “অবশ্যই বড় কোনো শক্তি কাজ করছে। যেটা সরকারের পৃষ্ঠপোষকতায় কাজ করছে, আমরা সেটাই মনে করি। আমাদের অধিকার আদায় করে ছাড়ব।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের টাকা খরচ করে কোনো বড় দলকে জিতিয়ে নির্বাচন কমিশন ‘পৈশাচিক উল্লাস’ করবে বলেও মন্তব্য করেন ফাতিমা তাসনিম।
তিনি বলেছেন, গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরও আমাদের গেজেট প্রকাশ না করে আমাদের সার্টিফিকেটটা ঝুলিয়ে রেখেছে। তারা টালবাহানা করছে। এ যাবৎ আমরা ১১০টি চিঠি দিয়েছি। একটা চিঠিরও তারা উত্তর দেয়নৎ।
“আমাদের প্রায় সাড়ে ৩ কোটির বেশি নেতাকর্মী রয়েছেন। তাদের নির্বাচনের বাইরে রেখে তারা এই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে।”