Published : 24 Jan 2026, 10:56 AM
ত্রয়োদশ সংসদের ভোটে নির্বাচিত হতে পারলে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে ‘শান্তি-সম্প্রীতির চারণভূমিতে’ পরিণত করার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী।
তিনি বলেছেন, “আমি সুখে-দুঃখে, আনন্দ-উচ্ছ্বাসে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে একটি বারের জন্য আপনাদের পাশে থাকার সুযোগ দিন।”
শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেন, “জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতার পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হলে আপনাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে সৎ- যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে।”
এ আগে এস এম জিলানী কোটালীপাড়া উপজেলার কুশলা বাজারের পাশের মাঠে কুশলা ইউনিয়ন বিএনপি আয়োজিত একটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, “আমি নির্বাচিত হতে পারলে মাদকমুক্ত সমাজ গঠনসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বেকারত্ব দূরীকরণে কাজ করবো।”
কুশলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল করীম বক্তব্য রাখেন।