২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গণভোটের ফল সংশোধন: ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ, ‘না’ ভোট ১ লাখ

“আগের প্রকাশিত ফলাফলে করণিক ভুল ছিল, কিছু সংখ্যা এদিক ওদিক হয়েছে,” বলেন ইসি সচিব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 08:22 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট হয়েছে তার ফল সংশোধন করেছে নির্বাচন কমিশন। ভোটের পরদিন প্রকাশিত গেজেটে ভোটের যে সংখ্যা দেখানো হয়েছিল, তা থেকে ১১ লাখের মতো কমেছে। 

এর মধ্যে  ‘হ্যাঁ’ ভোট কমেছে প্রায় ১০ লাখ, আর ‘না’ কমেছে ১ লাখের সামান্য বেশি। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সংশোধিত গেজেট প্রকাশ করেছে।

২০২৪ সালের ৫ অগাস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করে তা বাস্তায়নের আদেশ দেয়। 

গেল ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট অনুষ্ঠিত হয়। 

প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর-৩ আসন বাদে এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪১৬ জন।

পরদিন ১৩ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটের ফলের আলাদা গেজেট প্রকাশ করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিতে ১২ ফেব্রুয়ারি সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে দেখা মেলে ভোটারদের। বনানীর টি অ্যান্ড টি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে সকাল থেকে দেখা যায় ভোটারদের লাইন। ছবি: মাহমুদ জামান অভি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিতে ১২ ফেব্রুয়ারি সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে দেখা মেলে ভোটারদের। বনানীর টি অ্যান্ড টি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে সকাল থেকে দেখা যায় ভোটারদের লাইন

গণভোটের ফলে দেখা গেছে, ভোট দিয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন (৬১.০৩%)। এর মধ্যে নানা কারণে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ ভোট।

বৈধ ৭ কোটি ২৭ লাখ ২ হাজার ৩৮৬ ভোটের মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন 8 কোটি ৮২ লাখ ৬৬০ জন (৬৮.৫৯%)। বাকি ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন (৩১.৪১%) ‘না’ ভোট দিয়েছেন।

সংশোধিত গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০, ‘না’ ভোট পড়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১।

‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট মিলে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭।

এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ ভোট। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়াল ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।

আগের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০। অন্যদিকে ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। বাতিলকৃত ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯ বেড়েছে। মোট প্রদত্ত ভোটের সংখ্যা কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “আগের প্রকাশিত ফলাফলে করণিক ভুল ছিল, কিছু সংখ্যা এদিক ওদিক হয়েছে। পরবর্তীতে তা সংশোধন করে যেটা হয়েছে, তা আজ প্রকাশ করা হয়েছে।

“এখনও ‘হ্যাঁ’ এর সংখ্যা বেশি, তাতে কোনো বিচ্যুতি হয়নি।”

আগের খবর:

গণভোটের ফলের গেজেট প্রকাশ

ভোট পড়েছে ৫৯%

ধানের শীষে ৫০% ভোট পড়েছে, ৩২% দাঁড়িপাল্লায়