Published : 05 Feb 2026, 04:43 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে স্থাপন করা সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি চারদিন আগে ঘটলেও বৃহস্পতিবার জানাজানি হয়।
এর মধ্যে বুধবার সেখানে নতুন করে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি রাতে নিরাপত্তার জন্য পাহারা বসানোর কথা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম।
এর আগে শনিবার রাতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের জুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চুরির ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই বিদ্যালয় কেন্দ্রটি সাধারণ ঝুঁকির ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ২৯৬ জন এবং ভোট গ্রহণের জন্য পাঁচটি কক্ষ রয়েছে।
নির্বাচন উপলক্ষে সম্প্রতি কেন্দ্রটিতে পাঁচটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এর মধ্যে একটি ক্যামেরা অফিস কক্ষে, দুটি বারান্দায়, একটি মাঠে এবং একটি সড়কের দিকে স্থাপন করা হয়। এ ছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি ক্যামেরা রিজার্ভ রাখা হয়।
শনিবার মধ্যরাতে কে বা কারা বারান্দায় স্থাপিত একটি ক্যামেরা খুলে নিয়ে যায় বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনার পরদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুন্নাহার তাৎক্ষণিকভাবে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে এবং থানায় মৌখিকভাবে জানান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুন্নাহার বলেন, রিজার্ভ রাখা সিসি ক্যামেরাটি চুর যাওয়া স্থানে পুনরায় স্থাপন করা হয়। পাশাপাশি রাতে বিদ্যালয় ভবন ও ক্যামেরার নিরাপত্তার জন্য একজন নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়।
ওসি জাকির হোসেন বলেন, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।