Published : 21 Jan 2026, 10:02 PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংসহ’ নানা শঙ্কা নিয়েই ১৯৬ আসনে প্রচারে নামছে জাতীয় পার্টি।
মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত জাতীয় পার্টির ১৯৬ জন বৈধ প্রার্থী ভোটের মাঠে টিকে আছেন। তবে প্রচারে বাধার শঙ্কা এবং ‘সবার জন্য সমান সুযোগের অভাবে’ প্রার্থীদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
বৃহস্পতিবার রংপুরে মাওলানা কেরামত আলী জৈনপুরীর মাজার জিয়ারত, মুন্সিপাড়া করবস্থানে তার বাবা-মায়ের করব জিয়ারত এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
আর মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সকালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নিজ এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন।
গত ২৬ ডিসেম্বর ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছিল জাতীয় পার্টি। তবে বেশ কিছু আসনে মনোনীতদের প্রার্থিত বাতিল হওয়ায় শেষ পর্যন্ত দলটির ১৯৬ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
শামীম হায়দার পাটোয়ারী বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল থেকে আমাদের প্রচার শুরু হবে। তবে এখনো লেভেল প্লেইং ফিল্ড নাই। সেই সাথে ইঞ্জিনিয়ারিং ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এক কথায় বলা যায়, নানা শঙ্কা উৎকণ্ঠা থাকা সত্ত্বেও আমরা নির্বাচনে নামছি।”
‘লেভেল প্লেইং ফিল্ড’ পেলে অনেক প্রার্থী বিজয়ী হবে দাবি করে জাপা মহাসচিব বলেন, “আমরা প্রচারে বাধা না পেলে জনগণকে উদ্বুদ্ধ করতে পারা হল গুরুত্বপূর্ণ ব্যপার। যদি একটি ফেয়ার প্রসেসে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয়, তাহলে আমাদের অনেক প্রার্থী বিজয়ী হবে বলে আমরা বিশ্বাস করি।”