২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খুলনার জনসভায় তারেক রহমান

এরপর যশোরে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি।

বিডিনিউজ২৪

বিশেষ প্রতিনিধি, খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 12:25 PM

Updated : 10 Sep 2026, 12:58 PM

দীর্ঘ ২২ বছর পর খুলনায় গিয়ে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসেন তিনি। 

বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

মঞ্চে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের ১৪টি আসনের প্রার্থীরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন-আমীর এজাজ খান (খুলনা-১), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রকিবুল ইসলাম (খুলনা-৩), এস কে আজিজুল বারী (খুলনা-৪), মোহাম্মদ আলি আসগার (খুলনা-৫), এস এম মনিরুল হাসান বাপ্পী (খুলনা-৬); হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আব্দুর রউফ (সাতক্ষীরা-২), কাজী আলাউদ্দীন (সাতক্ষীরা-৩), মনিরুজ্জামান (সাতক্ষীরা-৪); কপিল কৃষ্ণ মন্ডল (বাগেরহাট-১), শেখ মোহাম্মদ জাকির হোসেন (বাগেরহাট-২), শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩) ও সোম নাথ দে (বাগেরহাট-৪)।

এর আগে হেলিকপ্টার যোগে ঢাকা খুলনায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।

এদিন সকাল সাড়ে ৯টায় থেকে ছোট ছোট মিছিল নিয়ে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। নেতা-কর্মীরা বিভিন্ন প্রার্থীর প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে নিয়ে স্লোগান দেন, ‘ভোট দিব কিসে, ধানের শীষে’। তাদের সঙ্গে রয়েছে বাদ্যযন্ত্রের দল।

কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

সবশেষ ২০০৫ সালের ২৩ মার্চ ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে খুলনায় আসেন তারেক রহমান।

খুলনার জনসভা শেষে দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর পৌনে ২টায় নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।

সেখানকার জনসভা শেষে বিএনপি নেতা হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন।

তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করেন। 

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করে ঢাকায় ফেরেন। 

বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি। তিন দিনের সেই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন শনিবার।

২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২২টি নির্বাচনি সমাবেশ করেছেন তারেক রহমান।