Published : 28 Jan 2026, 01:39 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে’ ভোট দেবেন ২৩ হাজার ৫৬৭ ভোটার। এজন্য নিবন্ধনকারীদের মধ্যে প্রবাসী, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটাররা রয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটাররা নিবন্ধন করেছেন। এরই মধ্যে ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
আসনভিত্তিক নিবন্ধনের তথ্যানুযায়ী, রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) আসনে তিন হাজার ২৫৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার তিন লাখ ৭৫ হাজার ২২৭ জন।
রংপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন- বিএনপির মোকাররম হোসেন সুজন (ধানের শীষ), জাতীয় পার্টির ব্যারিস্টার মঞ্জুম আলী (লাঙল), জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী (দাঁড়িপাল্লা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদী আহসানুল আরেফিন (কাঁচি), ইসলামী আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা (হাতপাখা) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস (চেয়ার)।
রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) ৩ হাজার ১১৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। আসনে মোট ভোটার তিন লাখ ৮০ হাজার ৯২১ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে রয়েছেন- জামায়াতে ইসলামীর এ টি এম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল (লাঙল), বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আজিজুর রহমান (তারা)।
রংপুর-৩ (সদর ও রংপুর সিটি করপোরেশনের ১০ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড) আসনে পাঁচ হাজার ২৩০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার পাঁচ লাখ আট হাজার ২২৪ জন। এ আসন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে।
এই আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের (লাঙল), বিএনপির সামসুজ্জামান সামু (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল (দাঁড়িপাল্লা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আব্দুল কুদ্দুস (মই), তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী (হরিণ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদীর আনোয়ারা হোসেন বাবলু (কাঁচি) ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান (সূর্যমূখী)।
রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে চার হাজার ৬৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার পাঁচ লাখ নয় হাজার ৯০৬ জন।
এই আসন থেকে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন- বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান (লাঙল), এনসিপির আখতার হোসেন (শাপলা কলি), ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদীর প্রগতি বর্মণ তমা (কাঁচি) ও স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাসার (হরিণ)।
এ ছাড়া রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে চার হাজার ৪৪৫ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত তালিকায় রয়েছেন। এখানে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন।
এ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির এস এম ফখর উজ জামান (লাঙল), বিএনপির গোলাম রব্বানী (ধানের শীষ), ইসলামী আন্দোলনের গোলজার হোসেন (হাতপাখা), নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম নবাব (কেটলি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির আবু হেলাল (কাস্তে), আমার বাংলাদেশ পার্টির আব্দুল বাছেত (ঈগল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদীর বাবুল আক্তার (কাঁচি) এবং বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান (ডাব)।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দুই হাজার ৮৭৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এখানে মোট ভোটার তিন লাখ ৫৫ হাজার ৭৩৫ জন।
এই আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন- বিএনপির সাইফুল ইসলাম (ধানের শীষ), জাতীয় পার্টির নুর আলম মিয়া (লাঙল), জামায়াতে ইসলামীর নুরুল আমীন (দাঁড়িপাল্লা), আমার বাংলাদেশ-এবি পার্টির ছাদেকুল ইসলাম (ঈগল), ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহিদুল ইসলাম (ফুটবল) ও স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী (সূর্যমুখী)।