Published : 20 May 2013, 03:21 PM
নাটকের দল আরণ্যক ‘পুতুলকথন’ নামে নতুন নাট্য প্রযোজনা মঞ্চে আনতে যাচ্ছে । স্টুডিও থিয়েটারের আঙ্গিকে এর প্রথম প্রর্দশনী অনুষ্ঠিত হবে ২০ মে, সোমবার।
মিশু মিলনের রচনায় পুতুলকথনের নির্দেশনা দিয়েছেন আবু হাশিম মাসুদুজ্জামান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, উর্মি, রুবলি চৌধুরী, মনির জামান, সুজাত শিমুল, জাহিদ, শেখ মিলন, পারভেজ, সুরভী, মুন্না, শাহরান, শান্ত প্রমুখ।
এ বিষয়ে দল প্রধান মামুনুর রশীদ গ্লিটজকে বলেন, “আমরা নাটকটি স্টুডিও থিয়েটারের জন্য করছি। এমনিতেও নাটকের গল্পটি খুবই প্রাসঙ্গিক। নাট্যকার ও নির্দেশক দুজনই নবীন। দলের নতুন নাট্যকার ও নির্দেশক তৈরির উদ্যোগের একটা অংশ এটি।”
নির্দেশক হাশিম মাসুদ জানিয়েছেন, সংস্কৃতির সঙ্গে মৌলবাদের দ্ব›দ্বই নাটকটির মূল উপজীব্য। নাটকের গল্পে দেখা যাবে হাশেম নামের চরিত্রটি তার পুতুল নাচের দল নিয়ে বিভিন্ন জায়গায় পুতুল নাচ দেখায়। কিন্তু গ্রামের মৌলবি মফিজুল ও হাজী সাহেব বিরোধিতা করে এর। তাদের কূটকৌশলের কারণে হাশেমকে তার তিনপুরুষের পেশা পুতুল নাচ দেখানো বন্ধ করতে হয়।
নাটকটি নিয়ে নির্দেশক হাশিম মাসুদ বলেন, “আমরা নাটকটির মহড়া প্রায় এক মাস ধরে করছি। প্রথমে পথনাটক হিসেবে বিবেচনা করা হলেও আরণ্যক এই নাটকটি মঞ্চে আনার সিদ্ধান্ত নিয়েছে। স্টুডিও থিয়েটার প্রযোজনা হিসেবে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে আমি হ্যামলেট অবলম্বনে ‘টু বি অর নট টু বি’ নাটকটির নির্দেশনা দিয়েছিলাম।”
এর আগে এক ঘণ্টার নাটকটি ১ মে সকালে পথনাটক হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত হয়।