লিবিয়ার বন্যায় নিহতদের মধ্যে ৪০০ অভিবাসী: জাতিসংঘ
এ পর্যন্ত মোট চার হাজার মৃত্যুর কথা জানিয়েছে হাসপাতালগুলো।
গত সপ্তাহে লিবিয়ার পূর্বাঞ্চলে বাঁধ ভেঙে ভয়াবহ বন্যায় নিহতদের মধ্যে প্রায় ৪০০ জন অভিবাসী বলে জানিয়েছে জাতিসংঘ। হাসপাতালগুলোর তথ্যের ওপর ভিত্তি করে করা এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এ বিশ্ব সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার হাসপাতালগুলো এ পর্যন্ত চার হাজার মৃত্যুর কথা জানিয়েছে, যাদের মধ্যে ৪০০ জন অভিবাসী।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর আশায় অস্থায়ীভাবে লিবিয়ায় অবস্থান নেন। তাদের অনেকে বিপদসঙ্কুল সাগর পাড়ি দিতে গিয়ে মারাও যান।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আগে জানিয়েছিল, লিবিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এক লাখের বেশি অভিবাসী ছিলেন, তাদের মধ্যে ৮ হাজার ছিলেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত শহর দেরনায়। তাদের অধিকাংশই শাদ, মিশর ও সুদানের নাগরিক।
সংবাদসূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
