২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভারতের মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ২০

রাজ্যটির বুলধানা জেলার মালকাপুরে এনএইচ ৫৩ মহাসড়কের নান্দুর নাকা ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে।

ভারতের মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ২০

ছবি: এএনআই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 02:57 PM

Updated : 29 Jul 2023, 02:57 PM

ভারতের মহারাষ্ট্র রাজ্যে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাজ্যটির বুলধানা জেলার মালকাপুরে এনএইচ ৫৩ মহাসড়কের নান্দুর নাকা ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে, পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

আইন প্রয়োগকারীরা জানিয়েছেন, বালাজি ট্রাভেলস নামের একটি কোম্পানির বাস অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের নিয়ে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় ফিরছিল। রয়্যাল ট্রাভেলস কোম্পানির মালিকানাধীন অপর বাসটি নাশিকের দিকে যাচ্ছিল।

আহতদের বুলধানার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্প আঘাত পাওয়া অপর ৩২ জন যাত্রীকে নিকটবর্তী একটি গুরুদুয়ারায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নিহতদের মধ্যে বালাজি ট্রাভেলসের বাসটির চালকও আছেন।

মহারাষ্ট্রের হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস দু’টি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল আবার শুরু হয়েছে।

চলতি মাসে বুলধানা জেলায় দ্বিতীয় প্রাণঘাতী বাস দুর্ঘটনা এটি। ১ জুলাই বুলধানার সমৃদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে তিন শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।