১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজা চার্লসের মুখচ্ছবির নতুন ‘ব্যাংক নোটের’ নকশা প্রকাশ

২০২৪ সালের মাঝামাঝি সময়ে নতুন নোট বাজারে ছাড়বে ব্যাংক অব ইংল্যান্ড।

রাজা চার্লসের মুখচ্ছবির নতুন ‘ব্যাংক নোটের’ নকশা প্রকাশ

রাজা চার্লসের মুখচ্ছবি সম্বলিত পাঁচ পাউন্ডের নোট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 08:18 PM

Updated : 20 Dec 2022, 08:35 PM

ব্রিটিশ রাজা চার্লসের মুখচ্ছবির নতুন ব্যাংক নোটের নকশা প্রকাশ করেছে ব্যাংক অব ইংল্যান্ড। ২০২৪ সালের মাঝামাঝি তা বাজারে পাওয়া যাবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে রানি এলিজবেথের মুখচ্ছবি সম্বলিত ৫,১০, ২০ ও ৫০ পাউন্ডের নোটের নকশায় শুধুমাত্র নতুন রাজার ছবিটি যুক্ত করা ছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি।

১৯৬০ সালে রানি এলিজাবেথের মুখচ্ছবি সম্বলিত নোট বাজারে ছাড়া হয়। কোনো রাজা বা রানির ছবি সম্বলিত সেই নোটও ছিল ইংল্যান্ডের ইতিহাসে প্রথম। স্কটল্যান্ড ও উত্তর আয়ার ল্যান্ড অবশ্য এই রাজতন্ত্র ধারার বাইরে নিজস্ব রীতিতে চলে।তাদের দেশে ব্যাংক নোটে তাই রাজা বা রানির মুখচ্ছবি অনুপস্থিত।

গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড়ছেলে তৃতীয় চার্লস রাজা হন। এরপর থেকেই দেশটির রীতি অনুযায়ী কয়েন, ব্যাংকনোট, জাতীয়সংগীত এমনকি পাসপোর্টে পরিবর্তন নিয়ে আসার কথা জানানো হয়।

সেইরীতি অনুযায়ী রানির সব নোট পরিবর্তন করে তাতে রাজার মুখচ্ছবি সম্বলিত নোট বাজারে আসবে। একই সঙ্গে চালু থাকবে রানির মুখচ্ছবির নোটও। তবে নতুন কোনো নোটে আর রানির মুখয়ব আঁকা হবে না।

Image

চার্লসের মুখচ্ছবি সম্বলিত এই কয়েন ইতোমধ্যে বাজারেও পাওয়া যাচ্ছে।

ইংল্যান্ডের বাজারে বর্তমানে সাড়ে চারশ কোটি নোট প্রচলিত রয়েছে; মূল্য ৮০০০ কোটি পাউন্ড।

এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, শুধুমাত্র ছেঁড়াফাটা নোটগুলোর পরিবর্তন ও চাহিদার ভিত্তিতেই বাজারে এসব নতুন নোট তৈরি করা হবে,যাতে পরিবেশ ও অর্থনৈতিতে কোনো প্রভাব না পড়ে।

আর এমন একটি সময়ের সাক্ষ্য হওয়ায় গর্ববোধ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অ্যান্ড্রু বেইলি একে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেন।

ইতোমধ্যেই রাজা চার্লসের ছবি সম্বলিত ৫০ পেন্সের (এক পাউন্ডের অর্ধেক) কয়েন বাজারে পাওয়া যাচ্ছে; ৪৯ লাখ নতুন এসব কয়েন পোস্ট অফিসের মাধ্যমে সারাদেশে পাঠানো হয়েছে।

নিয়মানুযায়ী এসব কয়েনে রাজার মুখের বাঁদিকের অবয়ব দেখা গেছে। ব্রিটেনে ঐতিহ্যগতভাবে প্রত্যেক রাজতন্ত্রের শুরুতে এটি পরিবর্তিত হয়। এতদিন প্রচলিত সব কয়েনে রানির মুখের ডানদিক থাকত। নতুন এ কয়েন ‍উৎপাদন করেছে রয়্যাল মিন্ট।

বাজারে নতুন নোট ছাড়ার এসব ঘোষণা এলেও কয়েক বছর ধরেই ইংল্যান্ডে নগদ অর্থের ব্যবহার কমছে। প্রথমদিকে লেনদেন সহজ করতে ও পরে কোভিড মহামারীতে ডিজিটাল লেনদেন বেড়ে যায়।

তবে নোটে ব্যবহৃত এই মুখচ্ছবি ভোক্তা এবং সংগ্রাহকদের মধ্যে এখনও বেশ জনপ্রিয়। আর তাই রাজা চার্লসের মুখচ্ছবির নতুন নোটের জন্য নোট সংগ্রহকারীরাও রয়েছেন অপেক্ষায়।

আরও পড়ুন

পুরানো খবর:

রানির পর রাজা, ব্রিটেনে বদলে যাবে যা যা