০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রাইমিয়ায় ইউক্রেইনের শাসন ফেরানোর অঙ্গীকার জেলেনস্কির

রাশিয়ার দখল করে নেওয়া এই উপদ্বীপ প্রসঙ্গে ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেছেন, “ক্রাইমিয়া দিয়ে যুদ্ধ শুরু হয়েছে। আবার ক্রাইমিয়া দিয়েই যুদ্ধ শেষ হবে।”

রয়টার্স

Published : 23 Aug 2022, 11:18 PM

Updated : 23 Aug 2022, 11:18 PM

রাশিয়ার দখল করে নেওয়া ক্রাইমিয়া উপদ্বীপে ইউক্রেইনের শাসন ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এ পদক্ষেপ বিশ্বে আইন ও শৃঙ্খলা পুনপ্রতিষ্ঠায় সহায়ক হবে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার ক্রাইমিয়া প্রশ্নে এক আন্তর্জাতিক সম্মেলনে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ২০১৪ সালে রাশিয়ার দখল করা (যে পদক্ষেপকে বেশিরভাগ দেশই স্বীকৃতি দেয়নি) এই উপদ্বীপের নিয়ন্ত্রণ ফিরে পাওয়াটা হবে ‘যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ।’

তিনি বলেন, “ক্রাইমিয়া দিয়ে যুদ্ধ শুরু হয়েছে। আবার ক্রাইমিয়া দিয়েই যুদ্ধ শেষ হবে।”

“আর এটা সত্য, এবং আমি এতে একশত ভাগ বিশ্বাস করি যে, সন্ত্রাসকে জয় করাসহ আমাদের অঞ্চলে, ইউরোপে এবং গোটা বিশ্বে নিশ্চয়তা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে জয় পাওয়া অপরিহার্য।”

“ক্রাইমিয়াকে দখলমুক্ত করাটা জরুরি। কারণ, এতেই বিশ্বে আইন-শৃঙ্খলা আবার ফিরে আসবে।”

ক্রাইমিয়া বিষয়ক এই সম্মেলনে অংশ নিচ্ছেন প্রায় ৬০ টি দেশের প্রতিনিধিরা। এর মধ্যে প্রায় ৪০ টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীও আছেন। সম্মেলনে প্রায় সবাই অনলাইনে অংশ নিচ্ছেন। তবে পোল্যান্ডের প্রেসিডেন্ট ইউক্রেইন সফরে থাকায় তিনি সরাসরি এতে অংশ নিয়েছেন।

রাশিয়া ক্রাইমিয়া ছেড়ে দেওয়ার কোনও লক্ষণ দেখায়নি। এই উপদ্বীপকে কৃষ্ণ সাগরে নৌবহরের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে রাশিয়া। এখান থেকে ইউক্রেইনের বিভিন্ন নিশানায় হামলাও চালিয়ে আসছে তারা।

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হুমকি থাকার পরও ইউক্রেইন তাদের ক্রাইমিয়া উপদ্বীপ ফিরে পাওয়ার আশা রাখে এবং এ ব্যাপারে তারা দৃঢ়প্রত্যয়ী।