১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ট্রাম্পের ৭ দাবির সবগুলো মিথ্যা: কলিবফ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা ২১ ঘণ্টা ধরে চলা শান্তি আলোচনায় ইরানি পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন কলিবফ।

ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ট্রাম্পের ৭ দাবির সবগুলো মিথ্যা: কলিবফ
ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের কলিবফ। ছবি: তাসনিম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 02:11 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

তেহরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের করা সাম্প্রতিক মন্তব্যগুলো প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তিনি বলেছেন, ট্রাম্প যে সাতটি দাবি করেছেন তার সবগুলোই মিথ্যা। 

ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলাপআলোচনা চলছে তা নিয়ে নিজের এক্স একাউন্টে সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরেছেন কলিবফ। 

গত শনি ও রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা ২১ ঘণ্টা ধরে চলা শান্তি আলোচনায় ইরানি পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন কলিবফ। ইরানের পারমাণবিক প্রকল্প ও লেবানন ইসরায়েলের হামলা নিয়ে কোনো সমঝোতা না হওয়ায় ওই আলোচনা ব্যর্থ হয়।  

এক্স পোস্টে কলিবফ লিখেছেন, “এক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাতটি দাবি করেছেন, এই সাতটির সবগুলোই মিথ্যা। এইসব মিথ্যা দিয়ে তারা যুদ্ধে জয়ী হয়নি আর এগুলো নিয়ে তারা নিশ্চিতভাবে আলোচনাতেও কোনো ফল পাবে না। অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। 

“এই প্রণালি দিয়ে যেতে হলে ইরানের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত পথ ধরে পার হতে হবে। প্রণালিটি খোলা বা বন্ধ যাই থাকুক, এর নিয়মকানুন মাঠেই নির্ধারিত হবে, সামাজিক মাধ্যমে না।

“মিডিয়া ওয়ারফেয়ার আর জনমতকে প্রভাবিত করার কৌশল যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ হলেও ইরানি জাতি এই কৌশলে প্রভাবিত হবে না। আলাপআলোচনার প্রকৃত ও নির্ভুল সংবাদ জানতে (ইরানের) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক সাক্ষাৎকার পড়ুন।”   

এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে তেহরান ওয়াশিংটনের সঙ্গে একযোগে কাজ করবে।  

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। 

ট্রাম্প বলেন, “আমরা একসঙ্গে এটি (ইউরেনিয়াম) সংগ্রহ করতে যাচ্ছি। আমরা ইরানের সঙ্গে মিলে ধীরে ধীরে কাজটি করব। বড় যন্ত্রপাতি নিয়ে সেখানে খনন শুরু করব এবং ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।”

ইউরেনিয়ামের বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানকে ২০ বিলিয়ন ডলার নগদ অর্থ দেওয়ার কথা বিবেচনা করছে, এমন একটি খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “কোনো অর্থ লেনদেন হচ্ছে না।”

এছাড়া হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের বিষয়েও যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে কাজ করছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প জানিয়েছেন, ‘ইরানের সঙ্গে আমাদের (যুক্তরাষ্ট্রের) লেনদেন শতভাগ সম্পন্ন’ না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।

ট্রম্পের এসব মন্তব্যে ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কলিবফ এক্সে দেওয়া ওই পোস্টে বলেছেন, “মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালিও খোলা থাকবে না।”

এর পাশাপাশি ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পর বিরোধী ভাষ্য পাওয়া গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলেছেন, ইরানের পরিশোধিত ইউরেনিয়াম কোথাও হস্তান্তর করা হবে না।

আরও পড়ুন: 

মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়া হবে

ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্রট্রাম্প