১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ জার্সিতে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু, নিউ ইয়র্ক সিটিতে তীব্র ঝড়

প্রবল বৃষ্টি ওই অঞ্চলের বিমানবন্দর ও রেলওয়ে সুচীতে এবং মহাসড়কগুলোতে চলাচলের ক্ষেত্রে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে।

নিউ জার্সিতে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু, নিউ ইয়র্ক সিটিতে তীব্র ঝড়
নিউ ইয়র্ক নগরীর উত্তরে ওয়েস্টচেস্টার কাউন্টিতে ভারি বৃষ্টিতে রাস্তা তলিয়ে যায়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 11:02 AM

Updated : 26 Aug 2026, 01:23 PM

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় দুইজনের মৃত্যু হয়েছে আর সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত নিউ ইয়র্ক শহরের ওপর দিয়ে তীব্র ঝড়-বৃষ্টি বয়ে গেছে, এতে নগরীটির সাবওয়ে স্টেশনগুলো ও বহু গাড়ি ডুবে যায়।  

প্রবল বৃষ্টি ওই অঞ্চলের বিমানবন্দর ও রেলওয়ে সুচীতে এবং মহাসড়কগুলোতে চলাচলের ক্ষেত্রে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে, জানিয়েছে রয়টার্স।  

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, ম্যানহ্যাটন সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় ২ ইঞ্চি (৫ সেন্টিমিটার) বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এটি নিউ ইয়র্কের ইতিহাসে এক ঘণ্টায় হওয়া দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। 

সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, সোমবার সন্ধ্যার মধ্যে বেশ কয়েকটি সাবওয়ে স্টেশন পানিতে ডুবে গেছে, এগুলোর মধ্যে ম্যানহ্যাটনের ওয়েস্ট সাইডের একটি স্টেশনে তীব্র গতিতে পানি ঢুকছিল।  

পানিতে তলিয়ে যাওয়া নিউ ইয়র্কের একটি সাবওয়ে স্টেশন। ছবি: রয়টার্স

পানিতে তলিয়ে যাওয়া নিউ ইয়র্কের একটি সাবওয়ে স্টেশন

কর্মকর্তারা জানিয়েছেন, এতো কম সময়ের মধ্যে এ পরিমাণ বৃষ্টি হওয়ায় সাবওয়ে সিস্টেম সেটির সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি।এর পুরনো হয়ে যাওয়া নিষ্কাশন ব্যবস্থা প্রতি ঘণ্টায় প্রায় ১ দশমিক ৭৫ ইঞ্চি (৪ দশমিক ৪৪ সেন্টিমিটার) বৃষ্টিপাত সামাল দিতে পারে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন নগরীর পরিবেশ সুরক্ষা কমিশনার রোহিত আগারওয়ালা।  

মেয়র অ্যাডামস বলেছেন, “এর আগে আমি এমন বৃষ্টি দেখেছি বলে মনে করতে পারছি না।” 

নিউ জার্সির গভর্নর ফিল মারফি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, প্লেইনফিল্ডে একটি গাড়ি বন্যার পানিতে ভেসে যাওয়ার পর সেটির দুই আরোহীর মৃত্যু হয়। ডুবে থাকা গাড়িটি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। 

মারফি জানান, কিছু এলাকায় আড়াই ঘণ্টারও কম সময়ের মধ্যে ৬ ইঞ্চি (১৫ দশমিক ২৫ সেন্টিমিটার) বৃষ্টি হয়, এতে কিছু এলাকায় প্রথমবারের মতো বন্যা দেখা দেয়। 

তলিয়ে যাওয়া সড়কগুলোতে বহু গাড়ি আটকা পড়ে। ছবি: রয়টার্স

তলিয়ে যাওয়া সড়কগুলোতে বহু গাড়ি আটকা পড়ে

গভর্নর মারফি চরম আবহাওয়ার এসব ঘটনার তীব্রতা বৃদ্ধি ও ঘন ঘন হওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।  

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “এটি নতুন বাস্তবতা।” 

নিউ ইয়র্ক নগরীর উত্তরে ওয়েস্টচেস্টার কাউন্টিতে অতি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় বহু গাড়ি ডুবে যায় আর মহাসড়কগুলো বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ ডুবে যাওয়া গাড়িগুলো থেকে বহু মানুষকে উদ্ধার করে আনে। নিকটবর্তী রকল্যান্ড কাউন্টিতে ৫ ইঞ্চিরও (১২ দশমিক ৭ সেন্টমিটার) বেশি বৃষ্টি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে।