১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলি ‘আগ্রাসনের’ বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর আহ্বান ইরানের

“এর বিপজ্জনক পরিণতির দায় জায়নবাদী শাসকগোষ্ঠীকেই বহন করতে হবে,” বলছে ইরান দূতাবাস।

ইসরায়েলি ‘আগ্রাসনের’ বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর আহ্বান ইরানের
ইসরায়েলের হামলায় জ্বলছে ইরানের শাহরান তেল ডিপো। ছবি: রয়টার্স

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

ইসরায়েলি ‘আগ্রাসনের’ বিরুদ্ধে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে জাতিসংঘ, ইসলামি দেশসমূহ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান সরকার।

সোমবার ঢাকায় ইরান দূতাবাসের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে জায়নবাদী ইসরাইল সরকারের নগ্ন আগ্রাসন এবং দেশটির সশস্ত্র বাহিনীর একাধিক কমান্ডার, খ্যাতনামা বিজ্ঞানী এবং নিরীহ নারী ও শিশুর শাহাদাতের ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে।

“এই আগ্রাসন জাতিসংঘ সনদের, বিশেষ করে ৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এটি ইরানের জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসনের স্পষ্ট উদাহরণও। এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইরান কঠোর জবাব দেওয়ার বৈধ ও ন্যায়সংগত অধিকার সংরক্ষণ করে।”

ইরান দূতাবাস বলছে, “আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইসলামি দেশসমূহ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেন এ আগ্রাসী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকির ব্যাপারে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানায়।

“এ আগ্রাসনের বিপজ্জনক পরিণতির সম্পূর্ণ দায় জায়নবাদী শাসকগোষ্ঠীকেই বহন করতে হবে।”