17 Mar 2026, 11:58 PM
মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌসেনা ও উভচর যান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে যুদ্ধের প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌ-সেনা (মেরিন) এবং একটি উভচর যান পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
শুক্রবার এক মার্কিন কর্মকর্তা এই বড় ধরনের শক্তি বৃদ্ধির খবর নিশ্চিত করেছেন। এই কর্মকর্তার দেওয়া তথ্যমতে, জাপানের ওকিনাওয়ায় মোতায়েন থাকা ৩১তম মেরিন এক্সপিডিশনাল ইউনিটের সদস্য এবং উভচরযান ‘ইউএসএস ত্রিপোলি’-কে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্যাটেলাইট চিত্রে ত্রিপোলিকে তাইওয়ানের কাছ দিয়ে এগিয়ে যেতে দেখা গেছে, যা আগামী এক সপ্তাহের মধ্যে ইরান উপকূলে পৌঁছাতে পারে। মেরিন এক্সপিডিশনাল ইউনিটের সদস্যরা সাধারণত সমুদ্রপথে অবতরণ, দূতাবাস সুরক্ষা এবং উদ্ধার ও ত্রানকাজে পারদর্শী।
বর্তমানে উপসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং আটটি ডেস্ট্রয়ারসহ ১২টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এছাড়া আল-উদেইদ বিমান ঘাঁটিতে বর্তমানে প্রায় ৮,০০০ মার্কিন সেনা অবস্থান করছে।
নতুন মেরিন বাহিনী মোতায়েন হতে চলার খবর প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
সামরিক পর্যবেক্ষকদের কারও কারও আশঙ্কা, যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে আঁচ করে মধ্যপ্রাচ্যে অবস্থান আরও জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। সেকারণেই হয়ত নতুন করে এই সেনা ও উভচার যান পাঠানো।
যুদ্ধ-পরিস্থিতিতে উভচর যান থেকে সাধারণত পদাতিক বাহিনী স্থলভূমিতে অবতরণ করে। তাই আগামী কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী পারস্য এবং ওমান উপসাগরের পথে ইরানে স্থল অভিযান শুরু করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যুদ্ধ তখনই শেষ হবে “যখন আমি তা অন্তরে অনুভব করব।” ইরানের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে তিনি কিছুটা রক্ষণশীল মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “অস্ত্রহীন সাধারণ মানুষের পক্ষে বর্তমান সরকারকে হটানো অনেক কঠিন বাধা,” বিশেষ করে ইরানের বাসিজ বাহিনীর শক্ত অবস্থানের কারণে।
ইরান ইসরায়েল ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অব্যাহত রেখেছে। গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ কার্যত রুদ্ধ হয়ে থাকায় বিশ্ব অর্থনীতি টালমাটাল।
ওদিকে, ইরানের রাজধানী তেহরানে একটি কেন্দ্রীয় স্কয়ারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যেখানে ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইসরায়েলের ধ্বংস চেয়ে আয়োজিত এক বার্ষিক সমাবেশে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল।
বিস্ফোরণে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই গণ-সমাবেশ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত এবং ইসরায়েলের হামলার হুমকি, উভয়ই এই যুদ্ধের তীব্রতাকে ফুটিয়ে তুলছে, যা বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিলেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
17 Mar 2026, 11:24 PM
এনসিটিসি প্রধান পদত্যাগপত্রে ‘মিথ্যা’ দাবি করেছেন, জবাব হোয়াইট হাউসের
মার্কিন ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট তার দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে ইরান যুদ্ধ নিয়ে যেসব দাবি করেছেন, সেগুলো ‘ভুল ও মিথ্যা’ বলে পাল্টা জবাব এসেছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।
জো কেন্ট মঙ্গলবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র দেন। সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, ইরান আসন্ন কোনো হুমকি তৈরি না করা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এ যুদ্ধ শুরু করেছে। সেটি করেছে ইসরায়েলের চাপে। সে কারণে তিনি ইরান যুদ্ধ সমর্থন করতে পারছে না।
কেন্টের পদত্যাগ নিয়ে আনুষ্ঠানিক জবাব এসেছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, “কেন্ট তার পদত্যাগপত্রে ‘অনেকগুলো মিথ্যা দাবি’ করেছেন। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করতে যাচ্ছিল, সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ‘জোরালো ও অকাট্য প্রমাণ’ ছিল।”
লেভিট বলেন, “প্রমাণগুলো বিভিন্ন উৎস ও তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই তথ্যপ্রমাণ ছাড়া কোনো বিদেশি শত্রুর বিরুদ্ধে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেবেন না। ইরানকে তাদের পারমাণবিক সক্ষমতার আকাঙ্ক্ষা ছাড়ার ‘সম্ভাব্য প্রতিটি সুযোগ’ দেওয়া হয়েছিল।”
প্রেস সেক্রেটারি বিবৃতিতে আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত এ সিদ্ধান্তে আসেন, ইসরায়েলের সঙ্গে একটি যৌথ হামলা আমেরিকানদের প্রাণের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেবে। নাহলে সন্ত্রাসী ইরানি শাসনের পক্ষ থেকেই প্রথম আঘাত আসতে পারত। ফলে আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে এ আসন্ন হুমকির মোকাবিলা করা হয়েছে।”
সূত্র: বিবিসি।
17 Mar 2026, 10:04 PM
‘কারও সাহায্যের প্রয়োজন নেই’, ক্ষোভ ট্রাম্পের
ইরান যুদ্ধ নিয়ে নেটো মিত্রদের ওপর নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র দেশগুলোর বেশিরভাগই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না।
ট্রুথ সোশালে একথা লিখেছেন ট্রাম্প। তবে নেটো মিত্রদের আচরণে আশ্চর্য না হওয়ার কথাও জানিয়েছেন তিনি। বলেছেন, নেটোকে তিনি সবসময়ই ‘একতরফা সুবিধাবাদী’ হিসেবে বিবেচনা করে এসেছেন।
ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “যুদ্ধে যেহেতু আমরা ব্যাপক সামরিক সাফল্য অর্জন করেছি, তাই আমাদের আর নেটোভুক্ত দেশগুলোর সহায়তার কোনো ‘প্রয়োজন’ বা ‘আকাঙ্ক্ষা নেই’। জাপান, অস্ট্রেলিয়া বা দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও এটি প্রযোজ্য।
“বস্তুত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি, আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই!”
এর আগে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে নেটো মিত্রসহ অন্যান্য দেশের সহযোগিতা কামনা করেছিলেন ট্রাম্প। তবে বিভিন্ন দেশের তরফ থেকে সহযোগিতার সেই আহ্বানে তেমন সাড়া মেলেনি। জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি ও পোল্যান্ডসহ বেশকিছু দেশ ট্রাম্পের আহ্বানে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠানো বা সেনা পাঠানোর আহ্বান নাকচ করে দিয়েছে।
সূত্র: বিবিসি।
17 Mar 2026, 09:49 PM
নেটো মিত্রদের বেশিরভাগ ইরান যুদ্ধে জড়াতে চায় না, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্রকে তার নেটো মিত্রদের বেশিরভাগই জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে ইরানের সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে জড়াতে চায় না।”
সূত্র: বিবিসি
17 Mar 2026, 09:07 PM
পদত্যাগপত্রে যা লিখেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান
17 Mar 2026, 08:45 PM
ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না: মার্কিন এনসিটিসি প্রধান
ইরানের সঙ্গে চলা যুদ্ধকে সমর্থন না দিয়ে নিজের দায়িত্ব থেকে সরে গেলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেওয়া পদত্যাগপত্রে তার সরে দাঁড়ানোর বিস্তর কারণ তুলে ধরেছেন তিনি।
কেন্ট লিখেছেন, তিনি এই যুদ্ধ কোনোভাবেই মানতে পারছেন না। ইরানকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি হিসেবেও দেখেন না। কেবল ইসরায়েল ও তাদের ‘লবির’ চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ জড়িয়েছে বলে তিনি মনে করছেন।
এনসিটিসি প্রধানের ভাষ্য, “ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি এখন স্পষ্ট যে, ইসরায়েল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।”
যুদ্ধে নিজের অভিজ্ঞতা ও প্রিয়তমা স্ত্রী বিয়োগের কথাও লিখেছেন কেন্ট। সে কারণে নিজের বিবেকপ্রসূত বিচারবুদ্ধি থেকেই পদত্যাগ সরে দাঁড়ানোর কথা বলছেন।
তিনি বলেন, “তাই আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে আর মরতে পাঠানো সমর্থন করতে পারি না, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না। অথবা প্রাণের বিনিময়েও যাকে ন্যায়সঙ্গত বলা যায় না।”
সূত্র: বিবিসি।
17 Mar 2026, 08:19 PM
‘ইরান যুদ্ধে সমর্থন নেই’ জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ
‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন নেই’ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন।
সামাজিক যোাগযোগ মাধ্যমে তিনি বলেছেন, “নিজের বিবেকের কারণে আমি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।”
গত বছরের জুলাই মাসে তাকে ওই পদে বেছে নেওয়া হয়েছিল।
প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এখন পদত্যাগপত্রে কেন্ট লিখেছেন, “ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি সৃষ্টি করেনি। এটি এখন স্পষ্ট যে, ইসরায়েল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।”
ট্রাম্পকে কেন্ট আরও বলেন, “আমি ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের প্রচারণায় আপনার ঘোষিত মূল্যবোধ ও পররাষ্ট্রনীতিকে সমর্থন করি, যা আপনি আপনার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত আপনি নিজেও বুঝেছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ, যা আমেরিকার দেশপ্রেমিকদের মূল্যবান প্রাণ কেড়ে নেয় এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধি শেষ করে দেয়।”
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কেন্ট বলেন, “একজন অভিজ্ঞ সেনা হিসেবে ১১ বার যুদ্ধে অংশ নিয়েছি। একজন ‘গোল্ড স্টার’ স্বামী হিসেবে ইসরায়েলের তৈরি একটি যুদ্ধে নিজের প্রিয়তমা স্ত্রী শ্যাননকে হারিয়েছি।
“তাই আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে আর মরতে পাঠানোর সমর্থন দিতে পারি না, যা আমেরিকার জনগণের কোনো উপকারে আসে না। অথবা প্রাণের বিনিময়েও যাকে ন্যায়সঙ্গত বলা যায় না।”
সূত্র: বিবিসি।
17 Mar 2026, 08:03 PM
ইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ড
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বানের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড তুস্ক বলেছেন, তার দেশ ইরান যুদ্ধে অংশগ্রহণে কোনো সেনা পাঠাবে না।
একটি সরকারি বৈঠকের আগে তুস্ক বলেন, “পোল্যান্ড সরকার ‘ইরানে কোনো অভিযানে যাওয়ার পরিকল্পনা করছে না। এ বিষয়ে আমাদের মিত্রদের মনে কোনো সন্দেহ নেই।”
যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত পোল্যান্ডের স্থল, বিমান ও নৌবাহিনীর জন্য প্রযোজ্য। ইউক্রেন সীমান্তের চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড বর্তমানে নিজস্ব সামরিক শক্তি বৃদ্ধিতেই বেশি মনোযোগ দিয়েছে।
সূত্র: আল জাজিরা।
17 Mar 2026, 07:51 PM
ইসরায়েলের হামলার শিকার ইরানের যেসব শীর্ষ নেতা
17 Mar 2026, 07:47 PM
মধ্যপ্রাচ্য সংকটে অতিরিক্ত সাড়ে ৪ কোটি মানুষ তীব্র ক্ষুধায় ভুগবে: ডব্লিউএফপি
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) তাদের সাম্প্রতিক এক বিশ্লেষণে জানিয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আগামী জুন মাস পর্যন্ত গড়ালে অতিরিক্ত আরও সাড়ে ৪ কোটি মানুষ তীব্র ক্ষুধায় ভুগতে পারে।
সংস্থাটির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের বলেন, “খাদ্যদ্রব্য, তেল ও শিপিং খরচ বেড়ে গিয়ে কোটি কোটি মানুষ চরম খাদ্য সংকটে পড়বে।”
এই পর্যবেক্ষণ সত্যি হলে বিশ্বে তীব্র ক্ষুধার্ত মানুষের সংখ্যা বর্তমানের রেকর্ড ৩১ কোটি ৯০ লাখও ছাড়িয়ে যাবে।
17 Mar 2026, 07:17 PM
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি।
মঙ্গলবার ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা দাবি করেছেন, যুদ্ধ বন্ধ করার আগে প্রথমেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘নতজানু’ হতে হবে।
ওই কর্মকর্তা বলেন, মুজতাবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার হিসাবে নিয়োগ পাওয়ার পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান নিয়েছেন তিনি। তবে বৈঠকে তিনি সশরীর উপস্থিত ছিলেন কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এই ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেন, দুটি মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতি করার প্রস্তাব ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে পৌঁছে দিয়েছিল।
তবে তিনি মধ্যস্থতাকারী দেশ বা প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
17 Mar 2026, 07:10 PM
ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই দেশটির দিকে নতুন ধাপে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান।
ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে আরো ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করে বলছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এ ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দিতে কাজ করছে। বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হচ্ছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসও (আইআরজিসি) ওই অঞ্চলজুড়ে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ নতুন করে হামলার কথা জানিয়েছে।
সূত্র: আল জাজিরা।
17 Mar 2026, 06:53 PM
ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্য দেশগুলোকে ‘চাপ দিচ্ছে’ যুক্তরাষ্ট্র
ইরানের ও এর ছায়া বাহিনীগুলোর ‘হামলার ঝুঁকি বাড়তে থাকার’ মধ্যে বিশ্বব্যাপী বিদেশি সরকারগুলোকে তেহরানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিতে মার্কিন কূটনীতিকদের নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এবিসি নিউজ তাদের হাতে আসা এক স্পর্শকাতর কূটনৈতিক বার্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী বার্তায় রুবিও কূটনীতিকদের বলেছেন, “আমাদের মিত্র দেশগুলোর ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরান ও ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সক্ষমতা দ্রুত হ্রাস করার পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় ‘পদক্ষেপের অনুরোধের অংশ হিসেবে’ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা ‘আইআরজিসির কার্যকলাপ নিয়ে উচ্চতর উদ্বেগ’ শীর্ষক এক বার্তা যুক্তরাষ্ট্রের সকল কূটনৈতিক ও কন্স্যুলার দপ্তরে পাঠানো হয়।
এই নির্দেশনায় মার্কিন কর্মকর্তাদের ওই বার্তাটি ২০ মার্চের মধ্যে ‘উপযুক্ত সর্বোচ্চ স্তরে’ পাঠানোর জন্য বলা হয়েছে। বার্তাটি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হলেও সেটি গোপনীয় হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়নি।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক সমর্থন গড়ে তোলার চেষ্টা করছে, নির্দিষ্টভাবে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করার লক্ষ্যে একটি জোট করতে চাইছে তারা। ট্রাম্প সোমবার জানিয়েছেন, বেশ কিছু দেশ সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছে আর শিগগিরই তাদের নাম প্রকাশ করা হবে।
কূটনীতিকদের রুবিওর দেওয়া বার্তায় ইরান ও এর ছায়া বাহিনীগুলো থেকে ‘হামলার উচ্চতর ঝুঁকির’ বিষয়ে বিস্তারিত বলা হয়নি, কিন্তু এই হুমকি মোকাবেলায় ‘সমন্বিত পদ্ধতি সর্বোত্তম কৌশল’ এমন ধারণার ওপর জোর দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়েছে, “আমাদের মূল্যায়নে, ইরানি শাসকগোষ্ঠী একতরফা পদক্ষেপের চেয়ে সম্মিলিত পদক্ষেপের প্রতি বেশি সংবেদনশীল। আর এই শাসকগোষ্ঠীর আচরণ পরিবর্তনে সম্ভবত একতরফা পদক্ষেপের চেয়ে সম্মিলিত পদক্ষেপ বেশি কার্যকর হবে।
“এখন মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক মনোযোগ নিবদ্ধ, আমাদের অবশ্যই এই সময়টিতেই পদক্ষেপ নিতে হবে। এই গুরুত্বপূর্ণ সময়টিকে পার হয়ে যেতে দিয়েন না।”
17 Mar 2026, 04:27 PM
বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি কে?
আল জাজিরা লিখেছে, ১৯৬৪ সালে জন্ম নেওয়া সোলাইমানি তরুণ বয়সে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরে যোগ দেন।
ধীরে ধীরে পদোন্নতি পেয়ে তিনি ইরান-ইরাক যুদ্ধের সময় একটি ব্যাটালিয়নের কমান্ডার হন। পরে আইআরজিসির কয়েকটি ডিভিশনের নেতৃত্ব দেন।
২০১৯ সাল থেকে বাসিজ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গোলামরেজা সোলাইমানি।
আইআরজিসির অধীন এই স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনীতে আনুমানিক সাড়ে চার লাখ সদস্য রয়েছে। এ বাহিনীর নেতা হিসেবে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত ছিরেন সোলাইমানি।
ইরান সরকারের কট্টর সমর্থক হিসেবে পরিচিত সোলাইমানির ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডাসহ একাধিক পশ্চিমা দেশ ও সংস্থার নিষেধাজ্ঞা রয়েছে।
17 Mar 2026, 04:26 PM
কে এই আলি লারিজানি?
আল জাজিরা লিখেছে, ইরানের ক্ষমতাকাঠামোর ভেতরে দীর্ঘদিন ধরে সংযত ও বাস্তববাদী একজন ব্যক্তি হিসেবে পরিচিত আলি লারিজানি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি ছিলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের সমর কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি।
১৯৫৮ সালে ইরাকের নাজাফে জন্ম নেওয়া লারিজানি ইরানের আমোলের একটি বিত্তশালী পরিবারের সন্তান। প্রভাবশালী ওই পরিবারকে একসময় ‘ইরানের কেনেডি পরিবার’ হিসেবে বর্ণনা করেছিল টাইম ম্যাগাজিন।
লারিজানির বাবা ছিলেন একজন খ্যাতিমান ধর্মীয় পণ্ডিত। ২০ বছর বয়সে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোগী মুর্তজা মোতাহারির মেয়ে ফরিদেহ মোতাহারিকে বিয়ে করেন।
সমসাময়িক অনেক নেতার তুলনায় লারিজানির শিক্ষাজীবন ছিল তুলনামূলকভাবে ধর্মনিরপেক্ষ। তিনি গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেন এবং পরে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের দর্শন নিয়ে গবেষণা করে পাশ্চাত্য দর্শনে ডক্টরেট করেন।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরে যোগ দেন। পরে সরকারে বিভিন্ন দায়িত্ব পালন করেন; সংস্কৃতিমন্ত্রী হিসেবেও কাজ করেন। এক সময় রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির প্রধানও ছিলেন।
২০০৫ সালে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারির দায়িত্ব পান লারিজানি। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বও দেন তিনি। তবে পরে সেই দায়িত্ব ছেড়ে দেন।
২০০৮ সালে লারিজানি এমপি হন এবং টানা তিন মেয়াদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি অনুমোদনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০২৫ সালের অগাস্টে লারিজানি আবার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি পদে ফিরে আসেন এবং তার পর থেকে তেহরান প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছিলেন।
17 Mar 2026, 04:11 PM
বাসিজ ইউনিটের কমান্ডার সোলাইমানি নিহত, দাবি ইসরায়েলের
ইরানের বাসিজ ইউনিটের কমান্ডার গোলামরেজা সোলাইমানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ বলেছে, চলতি বছরের শুরুতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে জড়িত বাসিজ ইউনিটের কমান্ডার গোলামরেজা সোলাইমানি সোমবার রাতে নিহত হয়েছেন।
টেলিগ্রামে এক পোস্টে আইডিএফের পক্ষ থেকে বলা হয়, ছয় বছর ধরে রেভল্যুশনারি গার্ডস–সম্পৃক্ত ওই মিলিশিয়া বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন সোলাইমানি। তাকে নিশানা করে সোমবার হামলা চলায় ইসরায়েলের বিমান বাহিনী।
এ বিষয়েও ইরানের সংবাদমাধ্যমে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
17 Mar 2026, 04:07 PM
আলি লারিজানি নিহত: ইসরায়েল কাটজ
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
মঙ্গলবার এক বিবৃতিতে কাটজ বলেন, রাতভর ইসরায়েলি হামলার পর ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির নিহত হওয়ার তথ্য তিনি ‘মাত্রই’ পেয়েছেন।
তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য আসেনি। ইরানের বার্তা সংস্থা মেহের ও তাসনিমের বরাত দিয়ে বিবিসি লিখেছে, আলি লারিজানির বিষয়ে শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করবে তেহরান।
ইসরায়েলি বাহিনী সোমবার রাতে ইরানের রাজধানী তেহরান এবং শিরাজ ও তাব্রিজ শহরে একযোগে হামলা চালায়। এসব হামলায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কমান্ড সেন্টারগুলোকে নিশানা করার কথা জানিয়েছে।
এর মধ্যেই তেহরানে লারিজানিকে নিশানা করে হামলা চালানোর কথা আইডিএফের পক্ষ থেকে বলা হয়।
আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির ওই হামলায় ‘উল্লেখযোগ্য’ ফল অর্জিত হওয়ার কথা এর আগে বলেছিলেন।
17 Mar 2026, 02:58 PM
আলি লারিজানিকে নিশানা করার দাবি ইসরায়েলের
আলি লারিজানি
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানিকে নিশানা করার দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি সূত্রগুলোর বরাতে সিএনএন জানিয়েছে, সোমবার রাতে তেহরানে এক হামলায় লারিজানিকে নিশানা করা হয়। তবে এ হামলায় তার পরিণতি কী হয়েছে তা স্পষ্ট নয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফলাফলের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ক্ষয়ক্ষতির মূল্যায়নের অপেক্ষায় রয়েছে।
মঙ্গলবার আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির জানিয়েছেন, ওই হামলা থেকে ‘উল্লেখযোগ্য’ ফল অর্জিত হয়েছে।
সোমবার রাতে ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরান এবং শিরাজ ও তাব্রিজ শহরে একযোগে হামলা চালায়। এসব হামলায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কমান্ড সেন্টারগুলোকে নিশানা করার কথা জানিয়েছে।
17 Mar 2026, 01:22 PM
তেহরানের ১২ হাজার ভবন ক্ষতিগ্রস্ত
ইরানের রাজধানীতে ১২ হাজার ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মতমাদিয়ান।
তিনি বলেছেন, চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় শহরের অন্তত ১২ হাজার আবাসিক ইউনিট আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মতমাদিয়ানের বরাতে মেহের নিউজ লিখেছে, তেহরানের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা নগর সংস্থায় গিয়ে ক্ষতিপূরণের দাবি দায়ের করতে পারবেন।
17 Mar 2026, 01:06 PM
ইসরায়েলে সাড়ে তিন হাজার মানুষ আহত
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ৩৫৩০ ইসরায়েলি আহত হয়ে হাসপাতালের শরণাপন্ন হয়েছে।
ইহুদি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, বর্তমানে ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
17 Mar 2026, 12:26 PM
আবু ধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত ১
আবু ধাবিতে রাতেরবেলা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নিহত হয়েছেন।
সরকারি কর্মকর্তারা এক্স পোস্টে দেওয়া বিবৃতিতে বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এ ঘটনা ঘটে।
17 Mar 2026, 12:03 PM
ইরান বিশ্বকাপ খেলতে চায় মেক্সিকোতে
নিরাপত্তাজনিত কারণে ইরানের বিশ্বকাপের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরে ফিফার সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে তেহরান।
ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ এক্স পোস্টে বলেছেন, “যখন ট্রাম্প স্পষ্টতই বলেছেন যে- তিনি ইরানি জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, আমরা অবশ্যই আমেরিকায় যাব না।”
তিনি বলেন, “বর্তমানে আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে অনুষ্ঠিত হয়।”
গত সপ্তাহে ইরানের ক্রীড়া মন্ত্রী বলেছেন, ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর পর ইরানি খেলোয়াড়দের জন্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ সম্ভব নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে।
তবে তিনি মনে করেন, “তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য সেখানে থাকা ঠিক হবে না।”
ইরানি দলের দুটি গ্রুপ ম্যাচ লস অ্যাঞ্জেলস এবং একটি ম্যাচ সিয়াটলে খেলার জন্য সূঠি ঠিক রয়েছে।
17 Mar 2026, 11:26 AM
সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল
সংবাদ সংস্থা রয়টার্সের সবশেষ তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে এটি এখন বিশ্বের সবচেয়ে দামি তেল হয়ে উঠেছে।
মে মাসে সরবরাহের জন্য সোমবার ক্যাশ দুবাই তেলের দাম প্রতি ব্যারেল ১৫৩.২৫ ডলারে পৌঁছায়, যা একটি নতুন রেকর্ড। এটি ২০০৮ সালে ব্রেন্ট ফিউচারের সর্বোচ্চ ১৪৭.৫০ ডলারের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে ওমান ক্রুড ফিউচারসের দামও প্রতি ব্যারেল ১৪৭.৭৯ ডলারে রেকর্ড স্পর্শ করে।
রয়টার্স জানায়, এই মাসে এশিয়ায় মধ্যপ্রাচ্যের ক্রুড তেল রপ্তানি কমে দিনে ১ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ব্যারেলে নেমে এসেছে। যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এটি ছিল প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যারেল এবং চলতি মাসের রপ্তানির পরিমাণ আগের বছরের মার্চের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম।
17 Mar 2026, 09:53 AM
ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদের মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা হয়েছে।
ইরাকের নিরাপত্তা সূত্র বলেছে, “হামলা শুরু হওয়ার পর থেকে এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।”
এর প্রায় ছয় ঘণ্টা আগে বাগদাদের মার্কিন দূতাবাস ইরাকে থাকা মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। সেখানে বলা হয়, “ইরান-সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়ারা বারবার বাগদাদের কেন্দ্রস্থলের ইন্টারন্যাশনাল জোনে হামলা চালিয়েছে।”
আল জারিা লিখেছে, এই সপ্তাহে ইরাকে ধারাবাহিক হামলা দেখা গেছে, যা চলেছে মঙ্গলবার ভোর পর্যন্ত।
সোমবার বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে ড্রোন হামলায় একটি বিলাসবহুল হোটেলে আগুন লাগে। এই এলাকায় সরকারি ভবন রয়েছে এবং বিদেশি দূতাবাসগুলোও এখানে অবস্থিত।
মঙ্গলবার সকালে গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলা করা হয়।
একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, “তিনটি ড্রোন এবং চারটি রকেট দূতাবাসে হামলা চালায়, যার মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে পড়ে।”
একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, তিনি মার্কিন দূতাবাসের দিকে অন্তত তিনটি ড্রোন উড়ে যেতে দেখেছেন। এর মধ্যে দুটিকে গুলি করে ভূপাতিত করা হয়, কিন্তু তৃতীয়টি দূতাবাসের ভেতরের এলাকায় আঘাত করে।
ইরাকি নিরাপত্তা সূত্র বলছে, “হামলা শুরু হওয়ার পর থেকে এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।”
17 Mar 2026, 12:48 AM
মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ‘৬০% কমে গেছে’
ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি তেলের রপ্তানি প্রায় ৬০ শতাংশ কমে যাওয়ার তথ্য দিয়েছে কেপলার।
বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠানটি বলেছে, রোববার থেকে আগের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের আট দেশ— সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, ওমান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিদিন গড়ে ৯৭ লাখ ১০ হাজার ব্যারেল তেল রপ্তানি হয়েছে, যা ফেব্রুয়ারির একই সময়ে ছিল ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ব্যারেল। সেই হিসাবে রপ্তানি কমেছে ৬০ শতাংশের মতো।
কেপলারের বিশ্লেষক জোহানেস রাবল বলেন, “এই সপ্তাহে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের ভাসমান মজুদ ৫ কোটি ব্যারেল ছাড়িয়েছে, যা যুদ্ধ শুরুর আগে ছিল ১ কোটি ব্যারেলের মতো।”
সূত্র: আল জাজিরা
16 Mar 2026, 11:59 PM
হরমুজ খুলতে চীনের সাহায্য চান ট্রাম্প, সফর পেছোনোরও ইঙ্গিত
চলতি মাসের শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্ধারিত চীন সফর এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকটি এখন ইরান যুদ্ধের উত্তাপে অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিশেষ করে রিপাবলিকান এই নেতা ‘হরমুজ প্রণালি’ সংকট থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং চীনকে চাপে ফেলতে তিনি দেশটিতে তার নির্ধারিত সফরকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলেই মনে করা হচ্ছে।
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বে তেল সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় এবং বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ট্রাম্প রোববার ‘ফিনানশিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালি খোলার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন, তাতে চীনের সাহায্য করা উচিত।
কারণ, তেলের জন্য মধ্যপ্রাচ্যের ওপর অনেকটাই নির্ভরশীল চীন। তারা সাহায্য করবে কিনা সফরের আগেই যুক্তরাষ্ট্র তা জানতে চায় বলে জানান ট্রাম্প। তারপরই তিনি ইঙ্গিত দিয়ে বলেন, “চীন সফর পিছিয়ে দেওয়া হতে পারে।”
চীনের সহায্য চাওয়ার আগের দিন ট্রাম্প একটি বহুজাতিক দলে যোগ দেওয়ার জন্য চীনকে আহ্বান জানিয়েছিলেন, যারা বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবহনকারী এই প্রণালিতে জাহাজ পাঠাবে।
রোববার ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যারা এই প্রণালির সুবিধাভোগী, তাদের পক্ষে এটি নিশ্চিত করা অত্যন্ত সঙ্গত যে, সেখানে যেন খারাপ কিছু না ঘটে।”
তিনি আরও বলেন যে, তার বেইজিং সফরটি অনেক ‘দেরি’ হয়ে যাবে। এর মাধ্যমে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ মোকাবেলার চেষ্টায় ট্রাম্পের ক্রমবর্ধমান তাগিদ ফুটে উঠেছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে ৩১ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে ট্রাম্পের চীন সফরের কথা বলা হলেও বেইজিং এখনও তাদের চিরাচরিত প্রথা অনুযায়ী এই তারিখ নিশ্চিত করেনি।
16 Mar 2026, 11:42 PM
হরমুজ নিয়ে অন্যান্য দেশ আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সাহায্যের আহ্বানে সাড়া না দেওয়া দেশগুলো নিয়ে ‘কটাক্ষ’ করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, “দেশগুলো বলছে এতে বরং না জড়ালেই ভালো...। আমি জানি আমরাই তাদের রক্ষা করব, কিন্তু আমাদের যদি কখনো সাহায্যের প্রয়োজন হয়, তবে তাদের পাশে পাওয়া যাবে না।”
ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টির যে সক্ষমতা ইরানের ছিল, যুক্তরাষ্ট্র তা গুঁড়িয়ে দিচ্ছে।”
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের মাইন বসানো ৩০টি জাহাজের সবগুলোই ধ্বংস করা হয়েছে। তবে হরমুজ প্রণালিতে দেশটি আরও মাইন বসিয়েছে কিনা, সেটি নিশ্চিত নন বলেও দাবি করেন ট্রাম্প।
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ইরানের দফারফা করেছি।”
অন্যান্য দেশকে হরমুজ প্রণালিতে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান ট্রাম্প। তার দাবি, বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে সহায়তার পথে রয়েছে।
16 Mar 2026, 11:30 PM
অন্য দেশগুলোর প্রতিক্রিয়া দেখতেই সাহায্য চেয়েছি: ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে বিভিন্ন দেশের সাহায্য চাওয়ার বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “সাহায্য চেয়েছি মানে এটা নয় যে তাদের আমাদের প্রয়োজন; বরং দেখতে চেয়েছি তারা কেমন প্রতিক্রিয়া দেখায়।”
সোমবার হোয়াইট হাউসে তিনি একথা বলেন।
এরপর আগের একটি বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র সবসময় অন্য দেশগুলোকে রক্ষা করে আসছে, কিন্তু আমাদের প্রয়োজনে অন্য দেশগুলো আমাদের রক্ষা করতে চায় না।”
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির সম্পর্কে ট্রাম্প বলেন, উপদেষ্টা ও সংবাদমাধ্যম থেকে শুনেছেন, ইরানের এ সর্বোচ্চ নেতার চেহারা বিকৃত হয়ে গেছে, একটি পা-ও হারিয়েছেন।
তিনি বলেন, “আমরা জানি না তিনি জীবিত নাকি মৃত। কেউ তাকে দেখতে পাচ্ছে না, যা বেশ অস্বাভাবিক।”
16 Mar 2026, 11:14 PM
ইরানে ৭ হাজার নিশানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত দেশটির ৭ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
যুদ্ধের ষোলতম দিন সোমবার হোয়াইট হাউসে তিনি বলেন, ইরানের শতাধিক জাহাজও ডুবিয়ে দিয়েছেন।
ট্রাম্প বলেন, “ইরান আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের বিমান বাহিনী ও নৌবাহিনী এখন বিলুপ্ত। তাদের নেতারা নেই, তাদের বিমান বিধ্বংসী প্রযুক্তি ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে সেই কাজ করেছেন, যা অনেক বছর আগেই করা উচিত ছিল। আজকেও (সোমবার) যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন ও মিসাইল তৈরির তিনটি কারখানায় হামলা চালিয়েছে।”
গত সপ্তাহে ইরানের খার্ক দ্বীপে বোমা হামলার কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেখানে তেলের পাইপগুলো ছাড়া বাকি সবকিছুই তারা ধ্বংস করে দিয়েছেন। ইরানের তেল সম্পদ ধ্বংস করতে মাত্র ‘কয়েক মিনিট’ সময় লাগবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
16 Mar 2026, 09:46 PM
আরও তেল ছাড়তে প্রস্তুত আইইএ
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ বলছে, ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে তেলের সরবরাহ ঠিক রাখতে তারা মজুত থেকে আরও তেল বাজারে ছাড়তে প্রস্তুত।
সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, বর্তমানে বাজারে তেলের সরবরাহে যে ঘাটতি, তা ১৯৭৩ সালের তেল সংকটসহ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।
সংকট সামলাতে গত সপ্তাহে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছিল আইইএ।
ফাতিহ বিরল বলেন, “আজ (সোমবার) তেলের দাম এক সপ্তাহ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অনিশ্চিত থাকা পর্যন্ত তেলের মজুদ ছেড়ে দেওয়া কোনো ‘স্থায়ী সমাধান নয়’।
বিবিসি লিখেছে, আইইএ’র কাছে বর্তমানে ১৪০ কোটি ব্যারেলের বেশি তেল মজুদ রয়েছে।
16 Mar 2026, 09:36 PM
শত্রুদের জন্য হরমুজ বন্ধ থাকবে: আরাকচি
তেহরান যুদ্ধবিরতির কোনো অনুরোধ কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বার্তা আদান-প্রদান করেনি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালি ‘আমাদের শত্রুদের জন্য’ বন্ধ থাকবে।
“আমেরিকানরা এ প্রণালি খোলা রাখতে অন্য দেশগুলোকে সাহায্যের আহ্বান জানাচ্ছে...। আমাদের দৃষ্টিকোণ থেকে এটিই খোলাই আছে।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “হরমুজ প্রণালি কেবল আমাদের শত্রুদের জন্য বন্ধ, যারা আমাদের দেশের বিরুদ্ধে অন্যায়ভাবে আগ্রাসন চালিয়েছে। তাদের মিত্রদের জন্যও এটি বন্ধ থাকবে।”
“এ যুদ্ধ এমনভাবে শেষ হতে হবে, যাতে আর কখনো পুনরাবৃত্তি না ঘটে,” যোগ করেন তিনি।
16 Mar 2026, 09:03 PM
আয়াতুল্লাহ খামেনির বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের
ইরানের মৃত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহার করা একটি বিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
রোববার দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে বিমানটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে তারা।
ইসরায়েলি বাহিনী আরও জানায়, মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করার জন্য এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণের জন্য ইরানের ঊধ্র্বতন কর্মকর্তারা এই বিমানটি ব্যবহার করে আসছিলেন। ইসরায়েলি বিমান বাহিনী আঘাত হেনে বিমানটি ধ্বংস করেছে।
রয়টার্স জানিয়েছে, মেহরাবাদ ইরানের একটি পুরনো বিমানবন্দর। এখন এই বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আঞ্চলিক ফ্লাইট পরিচালিত হয়। এটি ইরানের সবচেয়ে ব্যস্ত অভ্যন্তরীণ বেসামরিক বিমানবন্দর। তবে বিমান বাহিনীর ব্যবহার করার সুবিধাও এতে আছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই ‘কৌশলগত সম্পদ’ ধ্বংস করায় আঞ্চলিক ছায়া বাহিনীগুলোর সঙ্গে ইরানের ‘সমন্বয় করার সক্ষমতা, সামরিক শক্তির পুনর্নির্মাণ ও পুনর্বাসনের প্রচেষ্টা ধাক্কা খেয়েছে’।
চলতি মাসের প্রথমদিকে ইসরায়েলি বিমান বাহিনী মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের ১৬টি বিমান ধ্বংস করেছিল। এসব বিমান ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বৈদেশিক শাখা কুদস ফোর্স ব্যবহার করতো বলে দাবি ইসরায়েলি বাহিনীর।
২৮ ফেব্রুয়ারি সকালে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান যুদ্ধের সূচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ হামলায় ওই শনিবারের সকালেই ইরানের ওই সময়ের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে তার নিজ বাসভবনে নিহত হন। এই হামলায় তার এক কন্যা, কন্যার স্বামী ও তাদের শিশু সন্তানও নিহত হন।
একই হামলায় গুরুতর আহত আলি খামেনির স্ত্রী কয়েকদিন পর মারা যান। আর ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মৃত আলি খামেনির ছেলে মুজতাবা খামেনি সম্ভবত ওই হামলায় আহত হয়েছিলেন।
16 Mar 2026, 08:50 PM
ইরানে আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের
ইরানজুড়ে রাতভর তীব্র বিমান হামলা চালানোর পাশাপাশি যুদ্ধ আরও অন্তত তিন সপ্তাহ বাড়ানোর বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল।
সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য আগামী তিন সপ্তাহের সুনির্দিষ্ট অপারেশনাল পরিকল্পনা তাদের রয়েছে এবং তা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনীর লক্ষ্য হল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হেনে দেশটির সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া, যাতে তারা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে না থাকে।
ইরানে এখনও হামলা চালানোর মতো শত শত লক্ষ্যবস্তু আছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি বলেন, ইরানের শাসকগোষ্ঠীকে যতটা সম্ভব দুর্বল করে দেওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই।
ইসরায়েলি সামরিক বাহিনী ইতোমধ্যে ১ লাখ ১০ হাজারের বেশি রিজার্ভ সেনা মোতায়েন করেছে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তেহরান কোনও যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি বা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও বার্তা আদান-প্রদান করেনি।
ইরানি ড্রোন হামলার মুখে দুবাই বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এবং সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই ইরান অভিযান এখন তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে।
যুদ্ধের কোনও স্পষ্ট সমাপ্তি দেখা না যাওয়ায় এবং বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের পথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। এতে বিশ্বব্যাপী নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা তীব্র হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার এই গুরুত্বপূর্ণ নৌপথটি পুনরায় চালুর জন্য বিভিন্ন দেশের সমন্বয়ে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নেটো জোটের সদস্যরা যদি ওয়াশিংটনের সাহায্যে এগিয়ে না আসে, তবে এই জোটের ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হতে পারে।
16 Mar 2026, 08:45 PM
প্রথমবার ‘ড্যান্সিং মিসাইল’ ছুড়েছে ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে রোববার প্রথমবারের মত সেজিল ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যেটিকে বলা হয়ে থাকে ‘ড্যান্সিং মিসাইল’।
মাঝারি পাল্লার ব্যালিস্টিক এ ক্ষেপণাস্ত্র ওড়ার সময় পথ পরিবর্তন করতে পারে। অত্যন্ত কৌশলী চলার কারণে এটি বলা হয়ে থাকে ‘ড্যান্সিং মিসাইল’ বা ‘নাচুনে ক্ষেপণাস্ত্র’।
ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাতে সানডে গার্ডিয়ান লিখেছে, সেজিল ক্ষেপণাস্ত্র সম্প্রতি (রোববার) ইসরায়েলের বিভিন্ন স্থান ও ওই অঞ্চলে মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তুতে এক দফা ব্যবহার করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম এই ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান।
16 Mar 2026, 08:30 PM
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু
কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ শহর খিয়ামের আশপাশে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের তীব্রতা বাড়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের সেনারা দক্ষিণ লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে।
সোমবার দক্ষিণের শহর খিয়ামে অন্তত তিনটি বিমান হামলারও খবর দিয়েছে আল জাজিরা।
হিজবুল্লাহ’র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খিয়ামকে দক্ষিণ লেবাননে ঢোকার পথ বিবেচনা করা হয়
২০২৪ সালের যুদ্ধবিরতির পর খামেনি হত্যাকাণ্ডের আগ পর্যন্ত হিজবুল্লাহ ইসরায়েলে কোনো আক্রমণ করেনি, উল্টো তেল আবিবই একাধিকবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।
সোমবার সকাল ইয়াতের শহরে ইসরায়েলি বাহিনী দুটি বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। হামলাগুলোতে হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েল দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া, সুলতানিয়া ও শাকরায়ও হামলা চালিয়েছে। কানতারা ও আস-সাওয়ানাতেও দুটি হামলা হয়েছে।
সোমবার এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে তাদের সেনারা ‘অগ্রবর্তী প্রতিরক্ষা অঞ্চল’ সম্প্রসারণে দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোতে স্থল অভিযানে মনোযোগ দিচ্ছে।
“অগ্রবর্তী প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার চেষ্টার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে, এর মধ্যে সন্ত্রাসী স্থাপনাগুলো ধ্বংস ও সন্ত্রাসীদের নির্মূলের কাজও রয়েছে,” বলেছে তারা।
ইসরায়েল সীমান্ত ও লিতানি নদী থেকে কয়েক কিলোমিটার দূরে তুলনামূলক উঁচু এলাকা হওয়ায় খিয়াম থেকে উত্তর ইসরায়েল ও কাছাকাছি লেবাননের সমতলভূমি সহজে চোখে পড়ে।
শহরটির আশপাশে ‘তুমুল লড়াই চলছে’ জানিয়ে আল জাজিরা এক প্রতিবেদক বলেন, “উচ্চতার কারণেই খিয়াম যার নিয়ন্ত্রণে যাবে, সে-ই কৌশলগত সুবিধা পাবে। তাছাড়া এটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘ এক সংযোগস্থলে অবস্থিত, এই রাস্তা চলে গেছে দক্ষিণ লেবাননের পূর্ব ও পশ্চিম অংশে। একটি রাস্তা ধরে চলে যাওয়া যাবে পূর্ব লেবাননের বেকা উপত্যকায়, যেখানে হিজবু্ল্লাহর শক্ত প্রভাব রয়েছে।
“ইসরাইল আসলে যা করার চেষ্টা করছে, তা হলো হিজবুল্লাহর সরবরাহ লাইন ও সামরিক সক্ষমতা ধ্বংস করা, যাতে করে তারা লিতানি নদীর দক্ষিণে আর কোনো অস্ত্র ও যোদ্ধা আনতে না পারে।”
রাজধানী বৈরুতসহ দক্ষিণ লেবাননের অনেক এলাকার লোকজনকে ইসরাইলি সেনাবাহিনী সরে যাওয়ার নির্দেশ দেওয়ায় এরই মধ্যে নারী-শিশুসহ ৮ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
লেবানেন এ দফার ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৮৫০ জন নিহত হয়েছে, এদের মধ্যে শিশুই ১০৭টি, নারীর সংখ্যা ৬৬।
16 Mar 2026, 08:25 PM
ট্রাম্পের আহ্বান সরাসরি নাকচ ৪ দেশের, অন্যরা যা বলছে
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত রাখতে বিশ্বের গুরুত্বপূর্ণ ওই জলপথে যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে দেশগুলোর পক্ষ থেকে সেই আহ্বানের মিশ্র সাড়া এসেছে।
সোমবার এক ব্রিফিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, হরমুজ প্রণালি খুলতে একটি কার্যকর পরিকল্পনা নিয়ে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাজ্য। তবে জোর দিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালি খুলতে যুক্তরাজ্য কোনো নেটো মিশনের অংশ হবে না। কোনো বৃহত্তর যুদ্ধেও জড়িয়ে পড়বে না।
ট্রাম্পের আহ্বানে জবাব এসেছে জার্মানির পক্ষ থেকেও। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, “এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি।”
দক্ষিণ কোরিয়া বলছে, তারা এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবে। সতর্ক পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে।
আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি সোমবার পার্লামেন্টে আরো কঠোর অবস্থান নিয়ে বলেন, “ইরানের বর্তমান পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে কোনো সামুদ্রিক নিরাপত্তা অভিযান চালানোর কথা বিবেচনা করছি না।”
অস্ট্রেলিয়ার কেবিনেট সদস্য ক্যাথরিন কিং হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন।
অপরদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন রাখা সব পক্ষেরই দায়িত্ব।
সূত্র: বিবিসি
16 Mar 2026, 07:54 PM
‘বৃহত্তর যুদ্ধে’ জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার দেশ বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না।
সোমবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যুক্তরাজ্যে উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট ও সুসংগত। প্রথম অগ্রাাধিকার হল উপসাগরীয় অঞ্চলে আমাদের লোকজনকে রক্ষা করা।
স্টারমার এও বলেছেন, ইরানের হুমকি বন্ধ করতে ও দ্রুত সমাধানের পথ খুঁজতে যুক্তরাজ্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।
16 Mar 2026, 07:33 PM
হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রদের আলোচনা চলছে, বলছে নেটো
ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্যদের সঙ্গে মিত্রদেশগুলো আলোচনা করছে বলে জানিয়েছেন নেটোর এক কর্মকর্তা।
তিনি বলেছেন, “মিত্র দেশগুলো ইতোমধ্যে ভূমধ্যসাগরে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর আগে বলেন, হরমজু প্রণালি উন্মুক্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সাতটি দেশের সঙ্গে কথা বলেছেন।
এখন নেটোর সেই কর্মকর্তা বলছেন, “ব্যক্তিগতভাবে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্র ও অন্যদের সঙ্গে আলোচনা করছে যে তারা আর কী করতে পারে, যার মধ্যে হরমুজ প্রণালীর নিরাপত্তার বিষয়টিও থাকছে।”
সূত্র বিবিসি
16 Mar 2026, 07:22 PM
যুদ্ধে আমিরাতে নিহত ৭, আহত ১৪৫
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতে মোট সাতজনের প্রাণ গেছে। আহত হয়েছেন ১৪৫ জন।
আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একটি হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে।
নিহতদের মধ্যে আমিরাতের সশস্ত্র বাহিনীর দুইজন সদস্যও রয়েছেন। বাকি পাঁচজন বেসামরিক নাগরিক, যারা পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও ফিলিস্তিনের নাগরিক।
আহতদের আঘাতের মাত্রা মাঝারি থেকে গুরুতর। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আহতদের মধ্যে সুইডেন, তুরস্ক, নাইজেরিয়া, ভারত ও ঘানাসহ অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন।
16 Mar 2026, 07:14 PM
হরমুজ প্রণালি ‘মুক্ত করতে’ ট্রাম্পের চাওয়া সহায়তায় জাপান-অস্ট্রেলিয়ার ‘না’
হরমুজ প্রণালি ইরানের দখলমুক্ত করতে অন্য দেশগুলোর সঙ্গে জোট গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আগ্রহে এখন পর্যন্ত কারও কাছ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।
কিছু কিছু দেশের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলে ট্রাম্প প্রশাসন জানালেও জাপান ও অস্ট্রেলিয়া বলে দিয়েছে, গুরুত্বপূর্ণ ওই জলপথ পাহারা দিতে জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনাই তাদের নেই।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তৃতীয় সপ্তাহে গড়ানো যুদ্ধে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। গত কিছুদিন ধরে পতনের ধারায় রয়েছে এশিয়ার শেয়ার বাজারগুলোও।
“আশা করছি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও অন্যরা, (ইরানের) কৃত্রিম বাধায় যারা ক্ষতিগ্রস্ত তারা ওই এলাকায় জাহাজ পাঠাবে যেন হরমুজ প্রণালি আর এমন কোন দেশের হুমকির শিকার হবে না, যাদের মাথা পুরোপুরি ছেঁটে ফেলা হয়েছে,” রোববার ট্রুথ সোশালে ট্রাম্প এমনটাই লেখেন বলে জানিয়েছে আল জাজিরা।
একইদিন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সম্প্রচারমাধ্যম এনবিসিকে বলেছেন, ট্রাম্পের বলা দেশগুলোর কারও কারও সঙ্গে তার ‘আলোচনা চলছে’ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলতে চীন ‘গঠনমূলক অংশীদারের’ ভূমিকা পালন করবে বলে তিনি আশা করছেন।
তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে এখন পর্যন্ত কাউকে যুদ্ধজাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দিতে দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রে অবস্থিত চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেংগিউ বলেছেন, স্থিতিশীল ও বাধাহীন জ্বালানি সরবরাহ নিশ্চিতে সব পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
“উত্তেজনা কমিয়ে আনতে চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ জোরদার করবে,” বলেছেন তিনি।
এদিকে রোববারই ট্রাম্প বলেছেন, চীন তাকে হরমুজ প্রণালি নিয়ে সহায়তা না করলে তিনি এ মাসের শেষদিকে নির্ধারিত চীন সফর পিছিয়ে দিতে পারেন।
নেটো সদস্যরা ওয়াশিংটনকে সহায়তায় এগিয়ে না এলে তাদের ‘খুব খারাপ ভবিষ্যতের’ মুখোমুখি হতে হবে বলেও তিনি সতর্ক করেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘বিশ্বব্যাপী জাহাজ চলাচলে বিঘ্নের অবসান ঘটাতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার’ গুরুত্ব নিয়ে ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন, জানিয়েছে আল জাজিরা।
ট্রাম্প বলছেন, তার প্রশাসন এরই মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠানো নিয়ে ৭টি দেশের সঙ্গে কথা বলেছেন। তবে কার কার সঙ্গে তার কথা হয়েছে তা খোলাসা করেননি তিনি।
সোমবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, জাহাজের নিরাপত্তা নিশ্চিতে মধ্যপ্রাচ্যে নৌযান পাঠানোর কোনো পরিকল্পনা তার দেশের নেই।
জাপানের যে পরিমাণ তেল কেনে, তার ৯৫ শতাংশই ওই অঞ্চল থেকে যায়, বলেছে বার্তা সংস্থা রয়টার্স।
“জাপান স্বতন্ত্রভাবে কী করতে পারে এবং আইনি পরিকাঠামোর মধ্যেই কী কী করা যায়, জাপান তা খতিয়ে দেখছে,” পার্লামেন্টে এমনটাই বলেছেন কট্টর ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত তাকাইচি।
ভারত-প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ মিত্র অস্ট্রেলিয়াও বলেছে, হরমুজ খুলতে সহায়তার অংশ হিসেবে তারা কোনো নৌযান পাঠাবে না।
“আমরা জানি এটা কতটা গুরুত্বপূর্ণ; কিন্তু এমন কিছু করতে আমাদের অনুরোধও করা হয়নি, কিংবা আমরা করবোও না,” অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মন্ত্রিসভার সদস্য ক্যাথেরিন কিং।
ফ্রান্স এর আগে বলেছিল, তারা হরমুজ প্রণালি পাড়ি দিতে চাওয়া জাহাজকে পাহারা দিতে একটি সম্ভাব্য আন্তর্জাতিক মিশন নিয়ে কাজ করছে, কিন্তু সেটিও হবে সুবিধাজনক সময়ে, যখন যুদ্ধের তীব্রতা কমবে।
জার্মানির পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ইয়োহান ভাদেফুল বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে তিনি ‘সন্দিহান’।
“আমরা কী শিগগিরই এই সংঘাতে সক্রিয় অংশগ্রহণকারী হতে যাচ্ছি? না,” এআরডি টেলিভিশনকে এমনটাই বলেছেন তিনি।
ইরান যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসেও হরমুজ প্রণালি কার্যত ইরানের দখলেই রয়ে গেছে। তাদের অনুমতি ছাড়া ওই জলসীমা দিয়ে কোনো জাহাজ বা ট্যাংকার পার হতে পারছে না।
এই জলপথ দিয়েই বিশ্বের এক পঞ্চমাংশ তেল সরবরাহ হয়। যুদ্ধের কারণে এখন সেটি পার হওয়ার অপেক্ষায় থাকা হাজারের বেশি জাহাজ আশপাশে আটকা পড়ে আছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এর প্রভাব পড়ছে বিশ্বের অর্থনীতিতে, তেলের দাম ধীরগতিতে বাড়লেও যে কোনো সময় তা লাফ মারতে পারে বলেও অনেকে আশঙ্কা করছে।
16 Mar 2026, 01:08 AM
ইরানের খার্ক দ্বীপে হামলা শঙ্কায় ফেলেছে চীনকে, কেন?
ইরানের খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা চীনকে শঙ্কিত করে তুলেছে। ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয় এই খার্ক দ্বীপ থেকে। আর এই দ্বীপ হয়ে বেশির ভাগ অপরিশোধিত তেল যায় চীনে।
ফলে দ্বীপটিতে হামলার খবর প্রকাশ হওয়ার পরই চীনে মানুষজনের মধ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের এই ‘মুকুটের মণি’ (খার্ক দ্বীপ) ধ্বংস করে দেবে মার্কিন বাহিনী। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে চীন।
যদিও ট্রাম্প ওই দ্বীপে হামলা চালালেও জ্বালানি অবকাঠামো এখনও অক্ষত রেখেছেন। তবে তিনি হুমকি দিয়ে বলেছেন, ইরান গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিলে খার্ক দ্বীপের জ্বালানি অবকাঠামোও ধ্বংস করবেন তিনি।
রোববার ট্রাম্প নতুন করে হুমকি দিয়ে বলেছেন, নিছক মজা করেই দ্বীপটিতে মার্কিন বাহিনী ফের আঘাত হানতে পারে।
চীনে কীভাবে এর প্রভাব পড়তে পারে?
ইরান উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে রয়েছে প্রবাল দ্বীপ খার্ক। হরমুজ প্রণালি থেকে ৪৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান।
ইরানের ৯০ শতাংশ তেল এই দ্বীপ থেকে রপ্তানি হওয়ার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেল পৌঁছোতে দ্বীপটি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
মধ্যপ্রাচ্যে সংঘাতের শুরু থেকে ইরান এ দ্বীপ থেকে এক কোটি ৩৭ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে।
এই খার্ক দ্বীপে বহু ট্যাঙ্কারে সম্প্রতি তেল ভরতেও দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এপি। ইরান থেকে খার্ক দ্বীপ হয়ে বেশির ভাগ অপরিশোধিত তেল যায় চীনে।
পরিসংখ্যানে দেখা যায়, ইরান থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কেনে চীন। ২০২৪ সালে ইরান যত তেল রপ্তানি করেছিল, তার ৯১ শতাংশই চীন কিনেছিল।
গত বছর প্রতি দিন ইরান থেকে গড়ে ১৩ লাখ ৮০ হাজার ব্যারেল তেল কিনেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে মূলত তেল কেনে চীনের শ্যাংডং প্রদেশের বেশ কিছু তেল শোধনাগার।
তেল আমদানির কথা বিবেচনায় নিলে যুদ্ধের প্রভাবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়া প্রথম দেশই হবে চীন, যদি ইরান থেকে তেল সরবরাহ ব্যাহত হয়। আর সরবরাহ কমে গেলে বৈশ্বিক অশোধিত তেলের দাম আরও বাড়তে পারে।
ইরানে বাড়তে থাকা যুদ্ধ, বিশেষ করে খার্কে হামলার পর চীনে উদ্বিগ্ন হয়ে পড়া মানুষজন গ্যাস স্টেশনে ভিড় করতে শুরু করেছে। গাড়ির চালকেরা তেল ট্যাঙ্ক ভরে তেল কিনতে শুরু করেছেন, গ্যাসোলিন এবং ডিজেলের দামও বেড়ে গেছে।
২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চীনে জ্বালানির দাম ১০ শতাংশ বেড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর মার্চেই শোধিত তেল রপ্তানি বন্ধ করেছে চীন। উদ্বেগ থেকেই চীনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি।
16 Mar 2026, 12:55 AM
বুধবার খুলছে রাফা ক্রসিং: ইসরায়েল
গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত বুধবার থেকে খুলে দেওয়ার কথা বলেছে ইসরায়েল।
ইসরায়েল সরকার বলেছে, সীমান্তের দুপাশ থেকেই এটি খুলবে। তবে শুধুমাত্র সীমিত পরিসরে মানুষজনের চলাচলের জন্য এটি উন্মুক্ত থাকবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরুর পর নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১ মার্চ রাফা ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েল। এর আগে টানা কয়েক মাস বন্ধ রাখার পর গেল ফেব্রুয়ারিতে এটি খুলে দেওয়া হয়েছিল।
মানবিক সহায়তা পৌঁছানো এবং গুরুতর রোগী স্থানান্তরে রাফা ক্রসিং গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
সূত্র: আল জাজিরা
15 Mar 2026, 11:52 PM
মজা দেখতেই খার্কে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে আবারও হামলা করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তার দাবি, আগের হামলাতেই দ্বীপটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তারপরও সেখানে যুক্তরাষ্ট্র আরও হামলা করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আবারও খার্ক দ্বীপে হামলা চালাতে পারে। তার কথায়, “আমরা হয়ত নিছক মজা করেই আরও কয়েকবার সেখানে আঘাত হানতে পারি।”
15 Mar 2026, 11:50 PM
‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’: নেতানিয়াহুকে ইরানের হুমকি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেথায় আছেন তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে প্রশ্ন ওঠার মধ্যেই তাকে মারার হুমকি দিল ইরান।
ইরানের রেভল্যুউশনারি গার্ড কোর (আইআরজিসি) রোববার এক বিবৃতিতে বলেছে, “যদি ওই শিশু-হত্যাকারী অপরাধী বেঁচে থাকে, তা হলে তাকে খুঁজে বের করে সর্বশক্তি প্রয়োগ করে মারব।”
সংঘাতের ষোড়শতম দিন রোববার ইসরায়েলের হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দেখা না যাওয়ায় তিনি কোথায় আছেন তা নিয়ে প্রশ্ন ওঠে।
15 Mar 2026, 10:04 PM
ইরান যুদ্ধবিরতি চায়নি, সমঝোতার কথাও বলেনি: আরাকচি
তেহরান এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কিংবা সমঝোতার আলাপ চায়নি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান সমঝোতা চায়, তবে তিনি এতে রাজি নন। কারণ হিসেবে ইরানের শর্তগুলো গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে আরাকচি বলেন, “আমরা আমেরিকানদের সঙ্গে কেন কথা বলব? কথা বলার কোনো কারণ দেখি না। কারণ আমরা তাদের সঙ্গে আলোচনায় ছিলাম, আর তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।”
তিনি আরও বলেন, “এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের বাধানো যুদ্ধ। আমরা আমাদের আত্মরক্ষার লড়াই চালিয়ে যাব।”
15 Mar 2026, 09:47 PM
কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
কুয়েতে নিজেদের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হওয়ার তথ্য দিয়েছে ইতালির সেনাবাহিনী।
তারা বলেছে, ইতালির সামরিক বাহিনী ওই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবহার করে।
হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছেন ইতালির সামরিক কর্মকর্তারা।
সূত্র: আল জাজিরা
15 Mar 2026, 09:36 PM
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বন্ধ আর বাকি বিশ্বের সবার জন্য উন্মুক্ত।
শনিবার মার্কিন ক্যাবল নিউজ চ্যানেল এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি জানিয়েছেন, অন্য দেশের জাহাজগুলোর ক্ষেত্রে প্রণালিটি পার হতে কোনো বাধা নেই।
তবে ‘নিরাপত্তা উদ্বেগে’ অনেকেই তা করছে না জানিয়েছে তিনি বলেন, “এ বিষয়ে ইরানের কিছু করার নেই।”
তিনি যোগ করেন, “এখন অনেক ট্যাঙ্কার ও জাহাজ হরমুজ প্রণালি পার হচ্ছে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন, ‘হরমুজ প্রণালি বন্ধ করার ইরানি উদ্যোগে’ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ‘প্রণালিটি উন্মুক্ত ও নিরাপদ’ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে পারে।
ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানালেন।
15 Mar 2026, 09:33 PM
ইরান যুদ্ধ নিয়ে সমালোচনাধর্মী প্রতিবেদন, সংবাদ মাধ্যমকে হুমকি ট্রাম্প প্রশাসনের
ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে সমালোচনাধর্মী প্রতিবেদনের ফলে সম্প্রচার নিবন্ধন বাতিল হতে পারে বলে সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।
গণমাধ্যম যুদ্ধ নিয়ে ‘বিকৃত তথ্য’ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান বেন্ডান কার বলেছেন, সম্প্রচারকারীদের অবশ্যই ‘জনস্বার্থে কাজ করতে হবে’, নাহলে লাইসেন্স হারাতে হবে।
15 Mar 2026, 09:31 PM
ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সেনেটর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন’ বলে মন্তব্য করেছেন ঊর্ধ্বতন সেনেটর ক্রিস মারফি।
ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে এক দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন এই ডেমোক্র্যাটিক সিনেটর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ধারাবাহিক কয়েকটি পোস্টে মারফি সতর্ক করে দিয়ে বলেন, “এই যুদ্ধ এরই মধ্যে এই অঞ্চলকে সহিংসতার চক্রে ঠেলে দিয়েছে।
“এটি এখন দিবালোকের মতো স্পষ্ট যে, ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা সম্পর্কে তিনি অনেক ভুল ধারণা করেছিলেন। গোটা অঞ্চলে এখন আগুন জ্বলছে।”
মারফি বলেন, প্রথম সংকটটি চলছে হরমুজ প্রণালি ঘিরে। এটি অত্যন্ত সরু নৌপথ, যেখান দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশেরও বেশি পরিবহন হয়।
15 Mar 2026, 04:20 PM
ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১২৫ ক্ষেপণাস্ত্র, ২১১ ড্রোন প্রতিহতের দাবি বাহরাইনের
বাহরাইন জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে তাদের বিমান প্রতিরক্ষা ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২১১টি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর বাহরাইনে। ইরানের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর মধ্যে ক্ষুদ্র দ্বীপদেশ বাহরাইন অন্যতম। দেশটির বন্দর, হোটেল, তেল শোধনাগার ও পানি লবণমুক্তকরণ কারখানা হামলার শিকার হয়েছে। এসব হামলায় অন্তত একজন নিহত হয়েছে।
প্রায় সিঙ্গাপুরের সমান আয়তনের এই দেশটি যুক্তরাষ্ট্রের তৈরি এয়ার ডিফেন্স স্টিস্টেমের ওপর নির্ভরশীল।
15 Mar 2026, 04:10 PM
ইসরায়েলের পুলিশ সদরদপ্তর, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে আঘাত হানার দাবি ইরানের
ইরানের গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, রোববার সকালে তাদের বাহিনীগুলো ইসরায়েলের পুলিশ ইউনিটের সদরদপ্তর ‘লাহাব ৪৩৩’ ও গিলাত ডিফেন্স স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে ‘শক্তিশালী ড্রোন হামলা’ চালিয়েছে।
লক্ষ্যস্থলগুলো ইসরায়েলের কোথায় অবস্থিত ও হামলা ফলাফল কী, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি; জানিয়েছে আল জাজিরা।
15 Mar 2026, 03:45 PM
সৌদি আরবে ড্রোন হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই: আইআরজিসি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, সৌদি আরবের রিয়াদে ও পূর্বাঞ্চলীয় প্রদেশে সম্প্রতি যে ড্রোন হামলা হয়েছে তার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।
সৌদি আরব জানিয়েছে, ১০টি ড্রোন রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্যস্থল করেছে আর তাদের বিমান প্রতিরক্ষা সেগুলোকে বাধা দিয়ে ধ্বংস করেছে।
রোববার আইআরজিসির জনসংযোগ দপ্তর পরিষ্কার করে জানিয়েছে, কথিত ওই হামলার সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কোনো সম্পর্ক নেই। তারা সৌদি সরকারের প্রতি ওই হামলার উৎস খুঁজে দেখার আহ্বান জানিয়েছে।
15 Mar 2026, 10:13 AM
ইস্পাহানে কারখানায় হামলায় নিহত ১৫
ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। হামলার সময় শ্রমিকরা কারখানার ভেতরে কাজ করছিলেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার হিটিং ও কুলিং যন্ত্রপাতি তৈরির একটি কারখানায় এ হামলা হয়। এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হয়েছে।
এই হামলা এমন সময় হয়, যখন ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের ১৫তম দিন চলছিল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ে অন্তত ১,৪৪৪ জন নিহত এবং সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন শহর বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
গত ৮ মার্চ ইস্পাহানে গোলাবর্ষণে রাশিয়ার কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু কর্মী আহত হন। রাশিয়া এই হামলাকে আন্তর্জাতিক নিয়মের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে।
ইস্পাহানে হামলায় সম্প্রতি বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
15 Mar 2026, 09:24 AM
ইরাকে নিহত মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ
ইরাকে রিফুয়েলিং বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
নিহতরা হলেন-মেজর জন এ ক্লিনার (৩৩), ক্যাপ্টেন এরিয়ানা জি সাভিনো (৩১), টেকনিক্যাল সার্জেন্ট অ্যাশলি বি প্রুইট (৩৪), ক্যাপ্টেন সেথ আর কোভাল (৩৮), ক্যাপ্টেন কার্টিস জে অ্যাংস্ট (৩০), টেকনিক্যাল সার্জেন্ট টাইলার এইচ সিমন্স (২৮)।
এ দুর্ঘটনার তদন্ত চলার কথা জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর।
সবমিলিয়ে ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের নিহতের সংখ্যা অন্তত ১৩ জনে পৌঁছেছে, যার মধ্যে অন্য ৭ জন যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছে, যার মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।
15 Mar 2026, 09:12 AM
দক্ষিণ লেবাননে নিহত ১৪
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দুই হামলার ঢেউয়ে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।
তাদের তথ্য অনুযায়ী, সিদন ও আল-কাত্রানি শহরে ইসরায়েলের দুটি হামলায় ৭ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
এছাড়া দক্ষিণের শহর নাবাতিয়েহর নান্স এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় আরও ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলের হামলায় মোট মৃতের সংখ্যা ৮২৬ জনে পৌঁছেছে,এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮ লাখ ৩১ হাজারের বেশি হয়েছে।
15 Mar 2026, 01:47 AM
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, রেডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হওয়ার তথ্য দিয়েছে দেশটির সরকার।
সরকার বলেছে, হামলায় বিমানবন্দরের রেডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের কারণে চলতি সপ্তাহে অবশ্য কুয়েত বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেয়।
সূত্র: বিবিসি
15 Mar 2026, 01:39 AM
সর্বোচ্চ নেতার ‘কোনো সমস্যা নেই’: ইরান
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির শারীরিকভাবে ‘কোনো সমস্যা নেই’ বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার ‘এমএস নাউ’ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।
আগের দিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, তাঁর বিশ্বাস, মুজতাবা খামেনি ‘আহত হয়েছেন এবং সম্ভবত তার অঙ্গহানি হয়েছে।’
এ বিষয়ে আরাগচি বলেন, “নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন এবং তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন।”
সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম ভাষণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখার আভাস দেন তিনি। থাকবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র–ইসরায়েল তাঁর দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে।
সূত্র: আল জাজিরা
15 Mar 2026, 01:17 AM
লেবাননে ইসরায়েলি হামলায় ১২ স্বাস্থ্যকর্মী নিহত
বাননের দক্ষিণাঞ্চলে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন চিকিৎসা কর্মী নিহত হয়েছে, জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
১৫ দিন আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের মধ্যে লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি রাষ্ট্রটি।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, শুক্রবার গভীর রাতে বিনত জবেইল জেলার বুর্জ কালাউইয়াহ গ্রামে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে চিকিৎসক, চিকিৎসা কর্মী ও নার্স রয়েছে, যারা ওই সময় দায়িত্বরত ছিলেন।
সূত্র: আল জাজিরা
15 Mar 2026, 12:11 AM
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের আহ্বান ইরানের
পাল্টাপাল্টি হামলার মধ্যে প্রতিবেশী দেশ ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে ‘বিদেশি আগ্রাসী বাহিনীকে’ বহিষ্কারের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘নিরাপত্তা ছাতা’ যে এখন ছিদ্রযুক্ত, সেটি প্রমাণিত হয়েছে। এটি সংকট কমানোর বদলে বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে।
“যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালিকে নিরাপদ করতে চীনসহ অন্যদের কাছে ভিক্ষা চাচ্ছে। ইরান তার ভ্রাতৃপ্রতিম প্রতিবেশীদের প্রতি বিদেশি আগ্রাসীদের বহিষ্কার করার আহ্বান জানাচ্ছে, বিশেষ করে যখন তাদের একমাত্র উদ্বেগের বিষয় হলো ইসরায়েল।”
সূত্র: আল জাজিরা।
14 Mar 2026, 10:14 PM
ইরান উপকূলে আটকা পড়া ভারতীয় নাবিকরা বাড়ি ফিরতে চায়
পারস্য উপসাগরজুড়ে বাণিজ্যিক, বন্দর ও অফশোর জাহাজগুলিতে প্রায় ২৩ হাজারের মতো ভারতীয় কর্মরত, তাদের মধ্যে অনেকেই ইরানের বন্দর ও উপকূলে বিভিন্ন জাহাজে দুই সপ্তাহ ধরে আটকা পড়ে আছেন। তারা সবাই যে কোনোভাবে বাড়ি ফিরতে চান।
এদেরই একজন ইরানের বন্দর আব্বাসে জাহাজে আটকা পড়া ২৬ বছর বয়সী নাবিক অম্বুজ। বন্দরটির অদূরেই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে বিভিন্ন জাহাজে আগুন জ্বলছে। অম্বুজ জানান, তিনি ছয় মাস ধরে বাড়ির বাইরে আছেন আর পরিবারের সদস্যদের মিলিত হওয়ার জন্য তিনি অধীর হয়ে আছেন।
শত শত ট্যাংকার ও মালবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার জন্য অপেক্ষা করে আছে। এখানে ইরানি হামলায় তিন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছে ও অপর একজন নিখোঁজ রয়েছে।
হরমুজ প্রণালির মধ্যে ও আশপাশে আটকা পড়া ভারতীয় নাবিকদের দুর্দশা এখন দেশটির জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নয়া দিল্লি বলছে, আটকা পড়া নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা ইরানসহ বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করেছে।
অম্বুজ তার জাহাজ থেকে ফোনে রয়টার্সকে বলেন, “অনুমতি ছাড়া বা নৌবাহিনীর পাহারা ছাড়া যাত্রা শুরু করা কতোটা বিপজ্জনক হতে পারে তা আমরা জানি।”
তিনি তার জাহাজে আরও ১৫ ক্রু সদস্যের সঙ্গে আটকা পড়ে আছেন। তাদের আশপাশে এ রকম আরও ৫০টির বেশি জাহাজ আটকা পড়ে আছে।
অম্বুজ বলেন, “আমি যে কোম্পানিতে কাজ করি তারা আমাদের দায়িত্ব থেকে দায়িত্ব থেকে ছেড়ে দিয়েছে। এখন আমরা নিরাপদ রাস্তার অপেক্ষায় আছি। কারণ তেহরান থেকে ফ্লাইট চলাচল করছে না।
“আমরা যদি মধ্যপ্রাচ্য বা কাছাকাছি কোথাও যাওয়ার অনুমতি পাই, আমরা সেখানেই নোঙর করবো আর সবচেয়ে আগে যে ফ্লাইট পাবো সেটিতে করে বাড়ি ফিরবো।”
অম্বুজ জানান, মার্চের প্রথমদিকে তাদের জাহাজের ক্যাপ্টেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কাছ থেকে একটি সতর্ক বার্তা পান। তাতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করলে পরিণতি ভোগ করতে হতে পারে। এতে তাদের জাহাজের ক্রুরা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রথমদিকে ক্রুরা এগিয়ে যাওয়ার অনুমতি পাওয়ার জন্য অপেক্ষায় ছিল, কিন্তু তা আর আসেনি। এখন তাদের আশঙ্কা, তাদের আরও অনেক দিন বা আরও কয়েক সপ্তাহ আটকা পড়ে থাকতে হতে পারে।
ভারতগামী একটি জাহাজে থাকা নাবিক এম. কান্ত জানান, ক্রুরা তাদের জাহাজের উপর দিয়ে যাওয়া ড্রোন ও যুদ্ধবিমান চিহ্নিত করে আর তাদের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। বিশেষভাবে মার্চের প্রথমদিকে ইরানি কর্তৃপক্ষ যখন তাদের স্টারলিঙ্ক ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ দেয় তারপর তারা বেশ আতঙ্কিত হয়ে পড়েছিল।
কান্ত বলেন, “সাইরেন বেজে উঠছে। আমরা দেখতে পাচ্ছি, কিছুটা দূরে আরেকটা জাহাজ আগুনে জ্বলছে আর ওয়্যারলেসে আমরা সতর্ক বার্তা পাচ্ছি।
“মার্চের ৬ তারিখের পর আমরা স্টারলিঙ্ক আবার চালু করার অনুমতি পাই। আমরা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হই আর যাচাই করা খবর পেতে থাকি। যখনই আমরা কোনো ড্রোন বা যুদ্ধবিমান দেখতাম বা শব্দ শুনতে পেতাম আমাদের বুক হিম হয়ে যেতো।”
কান্ত জানান, তাদের কোম্পানি, ভারত ও ইরানের কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে তাদের জাহাজের বিস্তারিত তথ্য বা অবস্থান শেয়ার করতে না করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ক্রু সদস্য জানিয়েছেন, বিটুমিনবাহী তাদের জাহাজ হরমুজ প্রণালি থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় তিনি দেখতে পান আরেকটি জাহাজে ড্রোন আঘাত হানছে।
তিনি বলেন, “ইদানিং আমাদের কাজ হয়ে দাঁড়িয়েছে, জাহাজ থেকে দেখা বিমান, যুদ্ধবিমান ও ড্রোন শনাক্ত করা। ঘুমানো কঠিন। প্রচুর উদ্বেগ কাজ করছে।”
বিশ্বব্যাপী নাবিক সরবরাহের তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী বিভিন্ন জাহাজ বহরে ভারতের তিন লাখেরও বেশি নাবিক কাজ করছে।
শুক্রবার ইরান ভারতীয় পতাকাবাহী দুটি তরল পেট্রলিয়াম গ্যাসবহনকারী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেয়। ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি ভারতীয় জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।
14 Mar 2026, 10:10 PM
ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ছাড়াল ৮২৬
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় তাদের ৮২৬ জনের প্রাণ গেছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯ জনে। দেশজুড়ে ইসরায়েলের তীব্র হামলার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়ছে।
ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ৬৫ নারী ও ১০৬ শিশু নিহত হয়েছে। নিহত প্যারামেডিক বা স্বাস্থ্যকর্মীর সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।
সরাসরি হামলা অথবা নিরাপত্তা ঝুঁকির কারণে লেবাননের ৫টি হাসপাতাল সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
14 Mar 2026, 09:54 PM
আমিরাতে মার্কিন আস্তানা এখন ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি
ইরানের খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর আইআরজিসি সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে বলেছে, সেখানে থাকা মার্কিন স্থাপনাগুলো এখন থেকে ইরানের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’।
শনিবার আইআরজিসির এ হুঁশিয়ারির মধ্যে আরব আমিরাতে ড্রোন হামলা হয়েছে। একটি ড্রোন ভূপাতিত করার পর ফুজাইরাহ তেল শিল্পাঞ্চলে ধোঁয়া উড়তে দেখা গেছে।
মধ্যপ্রাচ্য সংঘাতের ১৫তম দিনে এসে ইরানের জ্বালানি খাতের ‘হৃদপিণ্ড’ খার্ক দ্বীপে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মাত্র ২০ বর্গকিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র দ্বীপটি ইরানের মোট তেল রপ্তানির ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। শুক্রবারের এই হামলা পুরো অঞ্চলকে এক চরম উত্তেজনার মধ্যে ঠেলে দিয়েছে।
14 Mar 2026, 09:26 PM
ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপে মার্কিন হামলায় চরম উত্তেজনা
মধ্যপ্রাচ্য সংঘাতের ১৫তম দিনে এসে ইরানের জ্বালানি খাতের ‘হৃদপিণ্ড’ খার্ক দ্বীপে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মাত্র ২০ বর্গকিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র দ্বীপটি ইরানের মোট তেল রপ্তানির ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। শুক্রবারের এই হামলা পুরো অঞ্চলকে এক চরম উত্তেজনার মধ্যে ঠেলে দিয়েছে।
ক্ষুদ্র ভৌগোলিক অবস্থান, বিশাল ভূমিকা
পারস্য উপসাগরের উত্তর দিকে বুশেহর প্রদেশের মূল ভূখণ্ড থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এই পাথুরে দ্বীপটি লম্বায় প্রায় আট কিলোমিটার এবং চওড়ায় পাঁচ কিলোমিটার।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একে ইরানের ‘মুকুট মণি’ বলে অভিহিত করলেও প্রখ্যাত ইরানি লেখক জালাল আল-ই-আহমদ অনেক বছর আগে একে পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তা’ বলে আখ্যা দিয়েছিলেন।
দ্বীপটির স্টোরেজ ট্যাংক, লোডিং টার্মিনাল এবং পাইপলাইনগুলো দেশটির তেল খাতের স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে।
এই দ্বীপের টার্মিনালটি তিনটি বড় অফশোর ক্ষেত্র- আবুজর, ফরুজান এবং দোরুদ থেকে অপরিশোধিত তেল গ্রহণ করে। এছাড়া ইরানের বৃহত্তম তেলক্ষেত্র আহভাজ, মারুন এবং গাচসারান থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে তেল আসে এখানে। এখান থেকেই বছরে প্রায় ৯৫ কোটি ব্যারেল তেল রপ্তানি করা হয়।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্বালানি গবেষক পেট্রাস কাটিনাস আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে বলেন, ইরান সরকারের অর্থায়ন এবং সামরিক বাহিনী পরিচালনার জন্য খার্ক দ্বীপ অপরিহার্য।
এটি হাতছাড়া হলে দেশটির কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তেল ছাড়াও দ্বীপটিতে সপ্তম শতাব্দীর মীর মোহাম্মদের মাজারসহ প্রাচীন আমলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং ১৭৪৭ সালের একটি ডাচ দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে।
14 Mar 2026, 09:21 PM
যেকোনো উপায়ে হরমুজ খুলবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধে অবরুদ্ধ হয়ে পড়া হরমুজ প্রণালি যেভাবেই হোক যুক্তরাষ্ট্র উন্মুক্ত করবে বলে হুঁশিয়ার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, “যেভাবেই হোক, আমরা শিগগিরই হরমুজ প্রণালি উন্মুক্ত, নিরাপদ ও মুক্ত করব।”
ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি আশাবাদী চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য এ গুরুত্বপূর্ণ নৌপথে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে ইরানের পক্ষ থেকে কোনো ‘হুমকি’ হয়ে না থাকে। গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলটি ‘উন্মুক্ত ও নিরাপদ’ রাখতে অনেক দেশই যুদ্ধজাহাজ পাঠাবে।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ‘ইরানের সামরিক সক্ষমতার ‘১০০ শতাংশ’ ধ্বংস করে দিয়েছে।
তবে জেনেভায় ইরানের প্রতিনিধি আলী বাহরাইনি বলেন, তেহরানের সক্ষমতা খর্ব করার বিষয়ে ট্রাম্পের দাবি ‘বানোয়াট ও মিথ্যা’।
14 Mar 2026, 09:02 PM
আরো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকাতে কাজ করছে। সাধারণ জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
এর আগে ইসরায়েলে দিকে পরপুর দুটি হামলা চালায় ইরান। এ হামলা তারই ধারাবাহিকতা।
জেরুজালেমে বিমান হামলার সাইরেন বাজছে। দক্ষিণ ইসরায়েলের এইলাত শহরে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
14 Mar 2026, 08:36 PM
যুদ্ধে ইরানে ২ শতাধিক ছাত্র-শিক্ষকের প্রাণ গেছে
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০০ এর বেশি ছাত্র ও শিক্ষক নিহত হয়েছেন। ১২০টি স্কুল ‘গুরুতর ক্ষতিগ্রস্ত’ হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তেহরানের অন্যতম ঐতিহাসিক নিদর্শন আজাদি টাওয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ’র এক প্রতিবেদন অনুযায়ী ইরানের শিক্ষামন্ত্রী গত ১১ মার্চ বলেছিলেন, এ পর্যন্ত হামলায় ২০৬ জন ছাত্র ও শিক্ষক নিহত এবং ১৬১ জন আহত হয়েছেন।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত ৪২ হাজার ৯১৪টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৭৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ৩৬ হাজার ৪৮৯টি আবাসিক ভবন রয়েছে। শুধুমাত্র তেহরানেই ১০ হাজার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে সারাদেশে ১৬০টি চিকিৎসা, স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
14 Mar 2026, 07:41 PM
নিরাপদে হরমুজ প্রণালি পার হল ভারতের দুটি ট্যাংকার
হরমুজ প্রণালিতে ইরানের আক্রমণ ও জাহাজ চলাচলে স্থবিরতার মধ্যে ভারতের দুটি এলপিজি ট্যাংকার চ্যানেলটি নিরাপদে অতিক্রম করেছে। ট্যাংকার দুটি এখন ভারতের দিকে যাচ্ছে।
ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভারতে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ভারত ও ইরানকে ‘অভিন্ন স্বার্থে’ ‘বন্ধু’ রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। এরপর হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচলের খবর এলো।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে এর আগে ইরান এই জলপথ অতিক্রমকারী যেকোনো জাহাজে গুলি চালানোর হুমকি দেয়। বিশ্বের জ্বালানি বাজারের জন্য এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের হুমকির ফলে ওই পথে জাহাজ চলাচল কমে গেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দামও অনেক বেড়ে গেছে।
সূত্র: বিবিসি
14 Mar 2026, 07:22 PM
ইসরায়েলে পরপর দুটি হামলা ইরানের
বিবিসি জানিয়েছে, আধা ঘণ্টার মধ্যে হামলার দুটি হালনাগাদ তথ্য দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা বলছে, ইরান থেকে ইসরায়েলের দিকে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন এক দফার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।
তেহরানের এই হামলার পর তেল আবিব শহরে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে তাসনিম নিউজ জানিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী তাদের জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তেল আবিব ও মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।
14 Mar 2026, 07:10 PM
ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তার প্রধান মিত্র ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে সংগঠনটি বলছে, ‘ভ্রাতৃত্বের বন্ধন রক্ষায়’ এ অঞ্চলের সকল জাতির সহযোগিতা করা উচিত।
তেহরান-সমর্থিত হামাসের এ আহ্বানকে ‘বিরল অনুরোধ’ হিসেবেই দেখা হচ্ছে, লিখেছে বিবিসি।
তবে হামাস এও বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে।
দুই সপ্তাহ ধরে ইরানে যৌথ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান।
14 Mar 2026, 02:50 PM
কুর্দিস্তানে নিহত বেড়ে ১১২
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের কুর্দিস্তান প্রদেশে নিহত বেড়ে ১১২ জন হয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ।
কুর্দিস্তান প্রাদেশিক জরুরি বিভাগের প্রধানের বরাতে বলা হয়, এসব হামলায় কমপক্ষে ৯৬৯ জন আহত হয়েছে।
তিনি জানান, বর্তমানে ২৭ জন সাধারণ ওয়ার্ডে হাসপাতালে ভর্তি আছেন, আর ৫ জন আইসিইউতে চিকিৎসাধীন।
14 Mar 2026, 02:50 PM
বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যার ফলে ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
শনিবার এক ইরাকি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানায়, এ হামলায় দূতাবাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
দুই নিরাপত্তা কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্রটি বাগদাদে মার্কিন দূতাবাসের ভেতরের একটি হেলিপ্যাডে আঘাত করে।
14 Mar 2026, 02:50 PM
দক্ষিণ লেবাননে নিহত ৪
লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণে সিদন শহরের কাছে তামির হারেত সাইদা আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
14 Mar 2026, 02:50 PM
মধ্যপ্রাচ্যে যাচ্ছে ২৫০০ মেরিন সেনা
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আড়াই হাজার মেরিন সেনা ও একটি উভচর আক্রমণকারী জাহাজকে মধ্যপ্রাচ্যে যাওয়ার আদেশ দিয়েছে।
শুক্রবার মার্কিন এক কর্মকর্তা নিউ ইয়র্কভিত্তিক এক বার্তা সংস্থাকে এ আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
ইরানের সঙ্গে যুদ্ধের দুই সপ্তাহের মাথায় অঞ্চলটিতে এত সেনা ও উভচর জাহাজ মোতায়েন সংঘাতের তীব্রতা বাড়ারই ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
মেরিন সেনা মোতায়েনের খবর আসার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, তার বাহিনী ইরানের তেল রপ্তানির মূল কেন্দ্র খারক দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্য ‘গুঁড়িয়ে দিয়েছে’। হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না রাখলে এরপর খারকের তেল স্থাপনায়ও হামলা হবে, বলেছেন তিনি।
আগের দিনই ইরানের পার্লামেন্টের স্পিকার সতর্ক করে বলেছিলেন, খারকের তেল স্থাপনায় কোনো হামলা হলে তার ‘প্রতিক্রিয়া হবে অন্য মাত্রার’।
শুক্রবার ইরানিরা দেশজুড়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আল-কুদস দিবস পালন করেছে। তেহরানের একটি চত্বরে ওই দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে লাখো মানুষ উপস্থিত হয়। সমাবেশ চলাকালেই একটি বিকট বিস্ফোরণ পুরো চত্বর কাঁপিয়ে দেয়।
এখন পর্যন্ত ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এমন বিপুল জমায়েত করা, এবং তার মধ্যেই ওই এলাকায় ইসরায়েলের হামলার হুমকিতে বোঝা যাচ্ছে উভয় পক্ষই মরিয়া হয়ে উঠেছে। এই যুদ্ধ এরই মধ্যে বিশ্ব অর্থনীতিকে তুমুল অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে—তার লক্ষণও দেখা যাচ্ছে না।
14 Mar 2026, 02:50 PM
সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত
ইরানের হামলায় সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর ৫টি রিফুয়েলিং এয়ারক্রাফট বা জ্বালানি ভরার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ক্ষতিগ্রস্ত হলেও ওই ৫টি বিমান পুরোপুরি ধ্বংস হয়নি, এখন সেগুলোর মেরামতকাজ চলছে, অনামা মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি।
তাদের এ প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড।
সাম্প্রতিক দিনগুলোতে এ হামলা হয়েছে বললেও ক্ষেপণাস্ত্র না ড্রোনে বিমানগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ওয়াল স্ট্রিট জার্নাল।
14 Mar 2026, 02:50 PM
ইরানের খারক দ্বীপে বোমা হামলা যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তার বাহিনী ইরানের প্রধান তেলের হাব খারক দ্বীপের সব সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে; তেহরান যদি এর পরও হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে কোনো ধরনের বাধা দেয়, তাহলে পরবর্তীতে দ্বীপটির তেল স্থাপনাতেও হামলা হবে।
এই খারক দ্বীপ ইরানের তেলের চালানের ৯০ শতাংশের রপ্তানি টার্মিনালের ভূমিকা পালন করে।
সোশাল মিডিয়ায় দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, শুক্রবার মার্কিন সামরিক বাহিনী ইরানি ওই দ্বীপটির ‘প্রত্যেক সামরিক লক্ষ্য পুরোপুরি গুঁড়িয়ে’ দিলেও তেল স্থাপনা অক্ষত রেখেছে।
“এর পরও ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ যাত্রায় কোনো ধরনের হস্তক্ষেপ করে তাহলে আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবো,” পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ কথা লেখেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানে এবারের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাঘাত ঘটছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। এ বিঘ্নের কারণে বাজার এমনিতেই অস্থিতিশীল হয়ে আছে, তার মধ্যে ট্রাম্পের খারক দ্বীপে হামলার হুমকি পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে বলে অনেকের শঙ্কা।
ট্রাম্প বলছেন, মার্কিন হামলা প্রতিরোধের সক্ষমতা ইরানের নেই।
“ইরানের সামরিক বাহিনী এবং সন্ত্রাসী এ শাসকগোষ্ঠী সংশ্লিষ্ট সবার জন্যই সবচেয়ে বুদ্ধিমানের হবে অস্ত্র সমর্পণ করা এবং দেশের বাকিটুকু রক্ষা করা, যা এমনিতেও আর খুব বেশি নেই,” বলেছেন তিনি।
এ যুদ্ধ কতদিন চলতে পারে তা নিয়ে ট্রাম্পের একেকবার একেক কথাও তেলের দামের উল্লম্ফনে ভূমিকা রাখছে। বিশ্বের এক পঞ্চমাংশ তেল সরবরাহ যে জলপথ দিয়ে হয়, সেই হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক না হওয়া এই দাম স্থিতিশীল হবে না বলেই বিশ্লেষকদের ধারণা।
ট্রাম্প এর আগে বলেছিলেন, যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। কিন্তু শুক্রবার তিনি যুদ্ধ থামার আনুমানিক তারিখ জানাতে অপারগতা প্রকাশ করেন।
“আমি আপনাদের তা বলতে পারছি না। মানে, আমার একটা ধারণা আছে, কিন্তু তাতে কী লাভ হবে? যতদিন প্রয়োজন হবে, ততদিন চলবে,” বলেছেন তিনি।