১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহারাষ্ট্রে আইফোন কেনার জেদ কেড়ে নিল বাবা-মা ও ছেলের প্রাণ

পুলিশ জানিয়েছে, অনেকের মোবাইল ফোনের ক্যামেরা অন করা থাকায় পুরো ঘটনার ভিডিও রেকর্ড হয়ে গেছে।

মহারাষ্ট্রে আইফোন কেনার জেদ কেড়ে নিল বাবা-মা ও ছেলের প্রাণ
পাহাড়ের কিনারে দাঁড়িয়ে থাকা কুনাল ও তাকে বুঝানোর চেষ্টা করা স্থানীয়রা। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 01:15 AM

Updated : 16 Sep 2026, 05:11 PM

ভারতের মহারাষ্ট্রে আইফোন কেনাকে কেন্দ্র করে এক তরুণ এবং তার বাবা ও মা পাহাড় থেকে পড়ে নিহত হয়েছেন। বাবা ও ছেলে পাহাড় থেকে গড়িয়ে গিরিসঙ্কটে পড়ে যাওয়ার পর সেখানে থাকা মা তাদের অনুসরণ করে ঝাঁপিয়ে পড়েন। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর জেলায়। শনিবার ঘটনাটির ভিডিও প্রকাশ্যে এসেছে।   

পুলিশ জানিয়েছে, অনেকের মোবাইল ফোনের ক্যামেরা অন করা থাকায় পুরো ঘটনার ভিডিও রেকর্ড হয়ে গেছে। 

এনডিটিভি জানিয়েছে, কুনাল (১৮) কিস্তিতে একটি আইফোন কেনেন, কিন্তু কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলেন না। এ থেকেই ঘটনার উৎপত্তি। এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়ার জেরে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। 

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানান, কুনাল যে আইফোন কিনেছিলেন তার কিস্তি পরিশোধ করার জন্য পরিবারের কাছে টাকা চান। এই নিয়ে বাবার সঙ্গে তার জোর কথা কাটাকাটি হয়। উত্তেজিত কুনাল বাড়ি থেকে বের হয়ে যান আর সকাল ১০টার দিকে নিকটবর্তী তিসগাঁওয়ের একটি পাহাড় বেয়ে ওঠেন।

পেছনে পেছনে তার বাবা ও মা সেখানে এসে হাজির হন। তারা স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে কুনালকে বুঝিয়ে সুজিয়ে পাহাড় থেকে নামনোর চেষ্টা করেন। কিন্তু কুনাল পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দিতেই থাকে। 

ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “তোমার মা-র জন্য বেঁচে থাকো।” কিন্তু কুনাল উত্তর দেয়, “না, আমাকে মরতে হবে। এ ছাড়া আর পথ নেই।” 

যারা কুনালকে বুঝিয়ে নামানোর চেষ্টা করছিলেন তাদের মধ্যে তিসগাঁওয়ের পঞ্চায়েত প্রধান সঞ্জয় যাদবও ছিলেন। তারা সবাই মিলে কুনালকে একটি আইফোন ১৫ প্রো কিনে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। 

“আমরা অনেক অনুনয়-বিনয় করেছিলাম, যে তার উচিত তার মাকে দেখা। তার ঝাঁপ দেওয়া উচিত হবে না। সে শিক্ষিত আর তার একটি ভবিষ্যৎ আছে। যা যা বলে তাকে বোঝানো যায় আমরা সব বলার চেষ্টা করেছিলাম,” বলেন যাদব। 

কিন্তু কুনাল কোনো কথাই শুনছিল না। সে বারবার কাঁধ ঝাকাচ্ছিল আর মৃত্যুই তার একমাত্র পথ বলে জেদ করছিল।  

এভাবে প্রায় তিন ঘণ্টা পার হওয়ার পর দুপুর প্রায় ১টার দিকে কুনালের বাবা মুরালিধর চাঁদগুডে ছেলে পাহাড়ের যে কিনারে দাঁড়িয়ে ছিল সেখানে গিয়ে হাজির হন। তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন আর এক পর্যায়ে তাকে পাহাড়ের কিনার থেকে টেনে ফিরিয়ে আনার চেষ্টা করেন। 

কিন্তু একপর্যায়ে দুজনেই ভারসাম্য হারিয়ে ফেলেন আর গড়িয়ে পাহাড়ের পাশের গিরিসঙ্কটে পড়ে যান। অদূরে দাঁড়ানো কুনালের মা সঙ্গীতা স্বামী ও ছেলেকে পড়ে যেতে দেখে কিছুক্ষণের মধ্যে নিজেও লাফ দেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।      

কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।  

স্থানীয় অনেক বাসিন্দা ও ওই এলাকায় থাকা পর্যটকদের সামনেই ঘটনাটি ঘটেছে। তাদের অনেকেই কুনালকে বুঝানোর চেষ্টায় যোগ দিয়েছিলেন। এ ঘটনার বিষয়ে পুলিশ আর কিছু জানায়নি।