Published : 09 Sep 2026, 12:15 AM
বিশ্ব নেতাদের মধ্যে সর্বোচ্চ বেতন পাওয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর বার্ষিক বেতন বাড়ছে ১১ লাখ মার্কিন ডলার।
দেশটির সরকার প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও সরকারি পদাধিকারীদের বার্ষিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ৬৪ শতাংশ বেড়ে দাঁড়াচ্ছে ২৮ লাখ ডলার।
বিবিসি লিখেছে, বর্তমানে ১৭ লাখ মার্কিন ডলার বেতন পান প্রধানমন্ত্রী ওং। বেতন বাড়লে তার পুরোটা আগামী পাঁচ বছর দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ওং বলেন, অধিক যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আকৃষ্ট করতে মন্ত্রীদের বেতন বাড়ানোর প্রয়োজন ছিল। মন্ত্রীদের উচ্চ বেতন দিলে তা দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে বলে সিঙ্গাপুর সরকার মনে করে।
কিন্তু বেতন বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়ে দেশটিতে সমালোচনাও হচ্ছে। কারণ দেশটিতে চাকরির নিরাপত্তা আর জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।
প্রধানমন্ত্রী ওং এখন যে বেতন পাচ্ছেন, সেই হিসাবেই তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনৈতিক নেতা। এরপরে রয়েছেন হংকংয়ের চিফ এক্সিকিউটিভ জন লি, যিনি পান প্রায় ৭ লাখ ১৯ হাজার মার্কিন ডলার বেতন পান। তৃতীয় অবস্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন, যার বার্ষিক বেতন ৬ লাখ ৬ হাজার মার্কিন ডলার।
অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বছরে ৪ লাখ মার্কিন ডলার পান, আর ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম পান ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
সিঙ্গাপুরের সাধারণ নাগরিকদের উপার্জনের তুলনায় মন্ত্রীদের বেতন অনেক বেশি হওয়ায় যে জনমনে প্রশ্ন উঠেছে, সে কথা স্বীকারও করেন প্রধানমন্ত্রী ওং। দেশটির মধ্যম পর্যায়ের মাসিক আয় ৫ হাজার ৭৭৫ সিঙ্গাপুর ডলার।
প্রধানমন্ত্রীর যুক্তি, বড় ব্যবসায়ী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের রাজনীতিতে আসার আহ্বান জানাতে গিয়ে তাকে বেশ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সরকার এসব ব্যক্তিদের উপার্জনের সমান বেতন দিতে না পারলেও রাজনীতিতে যোগ দিতে গিয়ে তাদের সফল কর্মজীবন ছেড়ে আসার সিদ্ধান্তকে আর্থিক বাধার মুখে ফেলতে চায় না।
“সামগ্রিকভাবে বিশ্বাস করি, এই সিদ্ধান্তটি দক্ষ সিঙ্গাপুরবাসীদের রাজনীতিতে এগিয়ে আসতে উৎসাহ যোগাবে। এর মাধ্যমে সিঙ্গাপুরের জন্য সবচেয়ে শক্তিশালী দল গড়ে তোলা সম্ভব হবে।”
বর্তমানে সিঙ্গাপুরের মন্ত্রীদের জন্য বেতন প্যাকেজ ৮ লাখ ৬৪ হাজার মার্কিন ডলারের। নতুন বেতন কাঠামোতে তা বেড়ে দাঁড়াবে ৯ লাখ ৪২ হাজার ডলারে।
তবে ওং বলেন, দক্ষতা বিবেচনায় বেতন বৃদ্ধি পাওয়ায় বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই অধিকাংশ মন্ত্রীর বেতন আরও বেশি, অর্থাৎ প্রায় ১০ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের বেশি হতে পারে।
মন্ত্রীদের মূল বেতন প্যাকেজের একটি অংশ নির্ধারিত হয় বেকারত্বের হার, আয়ের বৃদ্ধি এবং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের ওপর নির্ভর করে। উচ্চ বেতনের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সমালোচনা হচ্ছে। স্বাধীনতার পর থেকেই দেশ পরিচালনা করছে দলটি।