Published : 14 Nov 2025, 12:40 AM
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত ফাইলগুলো পুরোপুরি প্রকাশের দাবি জোরাল হচ্ছে। ২১৮ জন আইনপ্রণেতা এপস্টেইন ফাইল প্রকাশের জন্য কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ভোটের দাবি তুলেছেন।
তাদের মধ্যে আছেন ৪ জন রিপাবলিকানও। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে ফাইলগুলো পুরোপুরি প্রকাশ করতে বাধ্য করার জন্যই তাদের এই ভোটের ডাক। আগামী সপ্তাহে প্রতিনিধি পরিষদে (হাউজ) এই ভোট হবে বলে জানিয়েছেন স্পিকার মাইক জনসন।
কংগ্রেস সদস্য থমাস মেসি বুধবার বলেন, তিনি এরই মধ্যে বেশ কয়েকজন রিপাবলিকানকে পেয়েছেন, যারা গোপনে এপস্টেইন ফাইল প্রকাশ সংক্রান্ত বিলের পক্ষে ভোট দেবেন বলে তার কার্যালয়কে জানিয়েছেন।
তবে মেসি সতর্ক করে এও বলেন যে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি করার জন্য রিপাবলিকানরা আবার বিলের বিপক্ষেও ভোট দিয়ে বসতে পারে।
ট্রাম্প বলেছেন, “কেবল খুবই খারাপ এবং মুর্খ রিপাবলিকানরাই এপস্টেইনের ফাইল নিয়ে আরও তদন্তকে সমর্থন দিতে পারে।”
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা বুধবার হাউজ ওভারসাইট কমিটিতে এপস্টেইনের ইমেইল প্রকাশ করেছে।
জেফরি এপস্টেইনের এস্টেট এই ইমেইলগুলো কমিটিকে দেওয়ার পর সেগুলো প্রকাশ করা হয়। এপস্টেইনের এস্টেট ২৩ হাজার ১২৪ পাতার ২৯০০’রও বেশি নথি হাউজ কমিটিকে দিয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছে।
এইসব নথির মধ্যেই রয়েছে সেইসব ইমেইল যেগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ রয়েছে। এসব মেইল প্রকাশের পরই বিচার বিভাগের কাছে এপস্টেইনের সব ফাইল পুরোপুরি প্রকাশের দাবি জোরাল হয়েছে।
বিষয়টি নিয়ে হাউজকে ভোটাভুটি করতে বাধ্য করার জন্য ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা অ্যাডেলিটা গ্রিজালভা একটি আবেদনে সই করেছেন। দ্বিদ্বলীয় এই আবেদনকে বলা হচ্ছে “ডিসচার্জ পিটিশন।”
এই পিটিশনের আওতায় হাউজ কমিটি থেকে বিলটি বের করে এনে হাউজে তোলা এবং তারপর সেটির ওপর ভোট হতে হবে।
আর সেই ভোটের পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে ৩০ দিনের মধ্যে এপস্টেইন ও তার সহযোগী ম্যাক্সওয়েলকে নিয়ে চলমান তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনও নথি বা ফাইল প্রকাশ করতে হতে পারে।
ডিসচার্জ পিটিশনটি এনেছেন কেনটাকির রিপাবলিকান সদস্য থমাস মেসি এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট রো খান্না। পিটিশনটি অগ্রসর হওয়ার জন্য প্রয়োজন ছিল ২১৮ জন আইনপ্রণেতার সইয়ের।
ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা অ্যাডেলিটা গ্রিজালভার সইয়ে সেই সংখ্যা পূরণ হয়ে গেছে। তার সঙ্গে আরও যারা পিটিশনে সই করেছেন, তাদের ২১৪ জন হাউজের ডেমোক্র্যাট এবং ৪ জন রিপাবলিকান সদস্য।