১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্ডাই বিচ গুলিবর্ষণ: বন্দুক আইন আরও কঠোর করার অঙ্গীকার অস্ট্রেলিয়ার

হামলাকারীদের একজনের কাছে ২০১৫ সাল থেকে বন্দুকের লাইসেন্স ছিল এবং তার ছয়টি নিবন্ধিত আগ্নেয়াস্ত্র ছিল।

বন্ডাই বিচ গুলিবর্ষণ: বন্দুক আইন আরও কঠোর করার অঙ্গীকার অস্ট্রেলিয়ার
সিডনির বন্ডাই বিচে ইহুদিদের একটি অনুষ্ঠানে হামলায় নিহতদের শ্রদ্ধা জানাচ্ছেন অস্ট্রেলীয়রা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 05:40 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদিদের একটি অনুষ্ঠানের সময় পিতা-পুত্রের হামলায় ১৫ জন নিহত হওয়ার পর দেশটি বন্দুক আইনে আরও কঠোর করার অঙ্গীকার করেছে।  

পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলাকারী পিতার কাছে ২০১৫ সাল থেকে বন্দুকের লাইসেন্স ছিল এবং তার ছয়টি নিবন্ধিত আগ্নেয়াস্ত্র ছিল। হামলাকারীদের মধ্যে একজন আগে থেকেই কর্তৃপক্ষের নজরে থাকলেও তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হননি। 

স্থানীয় মিডিয়া ও রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এবিসি হামলাকারীদের পিতা সাজিদ আকরাম (৫০) ও পুত্র নাভীদ আকরাম (২৪) বলে শনাক্ত করেছে। পিতা সাজিদ ঘটনাস্থলেই নিহত হন আর তার পুত্র গুরুতর আহত হয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে আছেন। 

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পিতা ১৯৯৮ সালে শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছিলেন, পুত্র জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক। 

পুলিশ হামলাকারীদের অস্ত্রের বিস্তারিত প্রকাশ করেনি, তবে ভিডিওতে দেখা গেছে তারা বোল্ট-অ্যাকশন রাইফেল ও শটগান ব্যবহার করেছেন।

অস্ট্রেলিয়ায় বিশ্বের অন্যতম কঠোর বন্দুক আইন বিদ্যমান। কিন্তু এই আইন ঢেলে সাজানো দরকার কি না, এই গুলিবর্ষণের ঘটনার পর তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, তার মন্ত্রিসভা বন্দুক আইন আরও কঠোর করার এবং জাতীয় আগ্নেয়াস্ত্র রেজিস্টার বা কেন্দ্রীয় ডাটাবেজ নিয়ে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্য দিয়ে বন্দুকের নিবন্ধনের মাধ্যমে অনুমোদিত আগ্নেয়াস্ত্রের সংখ্যা নিয়ন্ত্রণের দিকটি এবং তা কতদিন বৈধ থাকবে, এসব মোকাবেলা করা সম্ভব হবে। 

“মানুষের পরিস্থিতির পরিবর্তন হতে পারে। সময়ে সঙ্গে সঙ্গে মানুষ উগ্রপন্থিও হয়ে উঠতে পারে। তাই নিবন্ধন চিরস্থায়ী হওয়া উচিত নয়,” মন্ত্রিসভার বৈঠকের আগে সাংবাদিকদের বলেছিলেন তিনি। 

আলবানিজ জানান, উন্মুক্ত নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা থেকে শুরু করে একক ব্যক্তি কতোগুলো অস্ত্র রাখতে পারবে তা সীমিত করার পাশাপাশি বৈধ অস্ত্রের ধরন, তা পরিবর্তন করার সুযোগ হ্রাস ও অনুমোদন অস্ট্রেলীয় নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে।           

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার ঘটনাটি ১০ মিনিট স্থায়ী ছিল। গরমের মধ্যে ওই সন্ধ্যায় সৈকতে প্রচুর ভিড় ছিল। গুলির শব্দে লোকজন ছত্রভঙ্গ হয়ে সৈকতের পাশ দিয়ে যাওয়া নিকটবর্তী রাস্তাগুলোর দিকে ছুটতে শুরু করে।

পুলিশ জানিয়েছে, ইহুদিদের হানুক্কা অনুষ্ঠান লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। সৈকত সংলগ্ন ছোট এক পার্কে অনুষ্ঠানটি হচ্ছিল। সেখানে প্রায় ১০০০ মানুষ উপস্থিত ছিলেন।

এবিসি নিউজ জানিয়েছে, হামলাকারী বন্দুকধারীদের গাড়িতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুটি পতাকা পাওয়া গেছে। তবে এ তথ্য তারা কোথায় পেয়েছে তার কোনো সূত্র উল্লেখ করেনি। 

আরও পড়ুন: 

বন্ডাই বিচে ১৫ জনকে গুলি করে হত্যার পেছনে 'বাবা ও ছেলে'