১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘসময় ইতালির ক্ষমতায় থাকার রেকর্ড মেলোনির, মোদীর শুভেচ্ছা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৮০ বছরে ইতালিতে ৬৮ বার সরকার বদলেছে। পূর্ণ মেয়াদের সরকার সেখানে বিরল হওয়ায় একই প্রধানমন্ত্রীর দীর্ঘ সময় দায়িত্বে থাকা নজির গড়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘসময় ইতালির ক্ষমতায় থাকার রেকর্ড মেলোনির, মোদীর শুভেচ্ছা
নরেন্দ্র মোদী ও জর্জিয়া মেলোনি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 09:59 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন। এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেলোনিকে খোলা চিঠিও লিখেছেন তিনি। শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারত-ইতালি সম্পর্কের ক্ষেত্রে মেলোনির ভূমিকার প্রশংসা করেছেন মোদী।

মেলোনি ২০২২ সালের ২২ অক্টোবরে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন। এরপর থেকে টানা দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ১,৪১৩ দিনে পৌঁছেছে। ফলে আগের রেকর্ড ভেঙে দিয়েছেন মেলোনি।

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ছিল সিলভিও বারলুসকোনির (২০০১-২০০৫)। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়ে তিনি ১,৪১২ দিন দায়িত্বে ছিলেন। মেলোনি সেই রেকর্ড একদিন বাড়িয়ে ১,৪১৩ দিনে পৌঁছেছেন।

ইতালির রাজনৈতিক ইতিহাসে এর গুরুত্ব আছে। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৮০ বছরে দেশটিতে ৬৮ বার সরকার বদলেছে। অর্থাৎ, রাজনৈতিক স্থিরতা এবং পূর্ণ মেয়াদের সরকার ইতালিতে খুব একটা দেখা যায়নি। সেই প্রেক্ষাপটে একই প্রধানমন্ত্রীর এত দীর্ঘ সময় দায়িত্বে থাকা নতুন নজির সৃষ্টি করেছে।

ইতালির প্রধানমন্ত্রীর এই সাফল্যে উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে তাকে অভিনন্দন জানিয়েছেন।

মোদী লিখেছেন, তার বন্ধু জর্জিয়া মেলোনিকে যুদ্ধোত্তর ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। মোদীর কথায়, এই রেকর্ড থেকেই বোঝা যায় যে, ইতালির মানুষ মেলোনির উপর কতটা আস্থা রাখেন।

শুভেচ্ছাবার্তায় ভারত ও ইতালির উজ্জ্বল ভবিষ্যতের জন্য দুই দেশের বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোদী। দুই দেশের সম্পর্ক আরও গভীর করার কথাও বলেছেন তিনি।

এরপরই মোদী লেখেন, ‘‘আগামী দিনগুলোতে তার (মেলোনি) সাফল্যের ধারা যাতে অব্যাহত থাকে, সেজন্য আমার আন্তরিক শুভকামনা জানাই।’’

মোদী এবং মেলোনির বন্ধুত্বের রসায়ন গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক কূটনীতিতে জল্পনার বিষয় হয়ে আছে।

গত মে মাসে ইতালি সফরে গিয়ে মেলোনির সঙ্গে সাক্ষাৎকালে তাকে ‘মেলোডি’ চকোলেট উপহার দিয়েছিলেন মোদী। সেই চকোলেট উপহারের ভিডিও সমাজমাধ্যমে পোস্টও করেছিলেন মেলোনি।

তাছাড়া, মেলোনির দীর্ঘ প্রধানমন্ত্রীত্বের সঙ্গে মিল রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। এবছর ১০ জুন মোদী নিজেও ভারতের সবচেয়ে দীর্ঘ সময় একটানা দায়িত্ব পালনকারী ‘নির্বাচিত প্রধানমন্ত্রী’ হওয়ার নজির গড়েছেন।

তবে ভারতের ইতিহাসে মোট সময়ের হিসাবে সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এখনও জওহরলাল নেহরুর।

১৯৪৭ সালের ১৫ অগাস্ট থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত, ৬,১৩১ দিন প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। তবে তার দায়িত্ব পালনের একভাগ ছিল ভারতের স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচনের আগের সময়কালে।

অন্যদিকে, ২০১৪ সালের ২৬ মে প্রথম ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদী। তারপর থেকে টানা প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রিত্বে ৪,৩৯৯ দিন পূর্ণ করেছেন মোদী।