Published : 14 May 2025, 10:15 PM
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড।
তার কার্যালয় বলছে, গোয়েন্দা সংস্থার রাজনীতিকরণ দূর করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
মঙ্গলবার গ্যাবার্ড বরখাস্ত করেন জাতীয় গোয়েন্দা পরিষদের (এনআইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইক কলিন্স ও তার উপপ্রধান কর্মকর্তা মারিয়া ল্যাঙ্গান-রিকহফকে।
ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ফক্স নিউজ ডিজিটাল।
কলিন্সের বিরুদ্ধে আগে থেকেই রাজনৈতিক পক্ষপাতদুষ্টতা এবং ইচ্ছাকৃতভাবে ট্রাম্প প্রশাসনকে ক্ষুন্ন করার অভিযোগ থাকার কথা জানিয়েছেন এই কর্মকর্তারা।
ওদিকে, তার ডেপুটি ল্যাঙ্গান-রিকহফের বিষয়ে কর্মকর্তারা বলেছেন, তিনি কর্মশক্তির বৈচিত্র্য, ন্যায়পরায়ণতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) কর্মসূচির পক্ষে সোচ্চার, যে কর্মসূচি এক নির্বাহী আদেশে বন্ধ করতে বলেছেন ট্রাম্প। তাছাড়া, রিকহফ ট্রাম্পের ঘোর বিরোধী বলেও অভিযোগ আছে।
গ্যাবার্ড কেবল এই দুই কর্মকর্তাকে বরখাস্ত করেই ক্ষ্যান্ত হননি, বরং জাতীয় গোয়েন্দা পরিষদের (এনআইসি) কার্যালয় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন নিজের গোয়েন্দ দপ্তর ‘অফিস অব দ্য ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’(ওডিএনআই)-এ।
আগে এই জাতীয় গোয়েন্দা পরিষদ সিআইএ’র দপ্তরে ছিল। এখন সেটিকে ওডিএনআই- এর দপ্তরে স্থানান্তর করা হচ্ছে যাতে সেখানে কোনও কাজ যথাযথভাবে না হলে এবং গোয়েন্দা প্রতিষ্ঠানে রাজনীতিকরণ হলে সরাসরি এর জবাবদিহির ব্যবস্থা নেওয়া যায়।
গ্যাবার্ড বলেছেন, “আমাদের গোয়েন্দা সংস্থার রাজনীতিকরণ এবং গোপন তথ্য ফাঁস আমাদের জাতির নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে। এটি বন্ধ হতে হবে।”
জাতীয় গোয়েন্দা পরিষদ (এনআইসি) গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণী শাখা হিসাবে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের জন্য গোয়েন্দা বিশ্লেষণের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
সম্প্রতি এনআইসি-এর একটি মূল্যায়ন প্রতিবেদন ট্রাম্প প্রশাসনের দেওয়া একটি যুক্তির বিরুদ্ধে যাওয়ার পর এর চেয়ারম্যান কলিন্সকে বরখাস্ত করা হল।
ভেনেজুয়েলার গ্যাং ‘ত্রেন দে আরাগুয়া’–এর সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে ট্রাম্পের যুদ্ধকালীন আইন ব্যবহারের বিষয়টি নিয়ে এনআইসি- ওই প্রতিবেদন প্রকাশ করেছিল।
এতে যুদ্ধকালীন আইন ব্যবহারের পক্ষে ট্রাম্প প্রশাসন যেসব কারণ দেখিয়েছিল, তার একটি কারণকে চ্যালেঞ্জ করা হয়েছিল।