০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান হ্লাইং

উদ্বোধনী ভাষণে মিন অং হ্লাইং বলেন, মিয়ানমার গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান হ্লাইং
জান্তা প্রধান মিন অং হ্লাইং। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 09:33 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং গৃহযুদ্ধ শুরুর পাঁচ বছর পর তিনি এ পদে বসলেন।

শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে পার্লামেন্টে আয়োজিত এক অভিষেক অনুষ্ঠানে তিনি শপথ নেন।

উদ্বোধনী ভাষণে হ্লাইং বলেন, মিয়ানমার গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। 

তবে তিনি এও স্বীকার করেন যে, মিয়ানমারের সামনে এখনও অনেক ‘চ্যালেঞ্জ জয়’ করার আছে।

২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বেই এক সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের নির্বাচিত নোবেল শান্তি পুরস্কারজয়ী নেত্রী অং সান সু চির সরকার উৎখাত হয়েছিল। 

এরপর সু চি আটক হন এবং মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। প্রায় পাঁচ বছর ক্ষমতায় থাকার পর সম্প্রতি মিয়ানমারে নির্বাচন আয়োজন করেন মিন অং হ্লাইং।

গত জানুয়ারির নির্বাচনে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। গত সপ্তাহে তিনি জান্তাপন্থি পার্লামেন্টে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

এর মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার ওপর মিন অং হ্লাইংয়ের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হল।

প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত তিন প্রার্থীর মধ্যে হ্লায়িং ছিলেন একজন। বাকি দুই জন রানার-আপ হয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।