১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘যুদ্ধ ঘোষণার শামিল’, ভারতের হামলার নিন্দা জানিয়ে বলল পাকিস্তান

‘আত্মরক্ষার্থে’ ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। সেটা কখন, কীভাবে হবে তা ইসলামাবাদই ঠিক করবে, ‘সমুচিত পদক্ষেপ’ নিতে সশস্ত্র বাহিনীকে অনুমোদনও দেওয়া হয়েছে, বলেছে ইসলামাবাদ।

‘যুদ্ধ ঘোষণার শামিল’, ভারতের হামলার নিন্দা জানিয়ে বলল পাকিস্তান
পাল্টাপাল্টি গোলাবর্ষণের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুল্লা জেলার সালামাবাদে ক্ষতিগ্রস্ত বাড়িঘর। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 05:18 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের হামলার কড়া নিন্দা জানিয়ে একে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ অ্যাখ্যা দিয়েছে ইসলামাবাদ। 

“ভারতীয় সেনাবাহিনী পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিক, বিশেষ করে নিরীহ নারী ও শিশুদের লক্ষ্য করে যে হামলা চালিয়েছে তা একটি ঘৃণ্য ও লজ্জাজনক অপরাধ, এটি মানব আচরণের সমস্ত নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের বিধান লঙ্ঘন করেছে,” পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের সভার পর দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে বুধবার পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এ শীর্ষ কমিটির বৈঠকে দেশটির জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা, গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালক আসিম মুনির ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ডন। 

বৈঠকে ভারতের হামলাকে ‘পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার নির্লজ্জ লঙ্ঘনও’ অভিহিত করা হয়েছে। 

পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে হামলা করে ভারত যেভাবে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে’ তার জন্য নয়া দিল্লিকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বানও জানিয়েছে তারা। 

তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের এ বৈঠকে বলা হয়েছে, ‘আত্মরক্ষার্থে’ ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। সেটা কখন, কীভাবে হবে তা ইসলামাবাদই ঠিক করবে, ‘সমুচিত পদক্ষেপ’ নিতে সশস্ত্র বাহিনীকে অনুমোদনও দেওয়া হয়েছে। 

এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের মহাপরিচালক জেনারেল আহমেদ চৌধুরী বলেছেন, বুধবার প্রথম প্রহরে পাকিস্তানে হামলা চালালেও ভারতের কোনো বিমানই পাকিস্তানের ভূখণ্ডে ঢুকতে পারেনি, পাকিস্তানের কোনো বিমানও ভারতের ভূখণ্ডে যায়নি। 

পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় বাহিনীর ‘আগ্রাসনের সমুচিত জবাব’ দিয়েছে এবং বেশ কয়েকটি ভারতীয় তল্লাশী চৌকি গুঁড়িয়ে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।