১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহাত্মা গান্ধীর দুর্লভ তৈলচিত্র ২ লাখ ডলারের বেশি দামে বিক্রি

লন্ডনের নিলামে ছবিটি ৫০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে অনুমান করা হলেও বাস্তবে তা ছাড়িয়ে গেছে।

মহাত্মা গান্ধীর দুর্লভ তৈলচিত্র ২ লাখ ডলারের বেশি দামে বিক্রি
মাহাত্মা গান্ধীর বিরল তৈলচিত্র। ছবি: বনহ্যামস/বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 08:54 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা মহাত্মা গান্ধীর একটি দুর্লভ তৈলচিত্র লন্ডনে নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে (২ লাখ ৪ হাজার ৬৪৮ মার্কিন ডলার)।

ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বনহ্যামস জানিয়েছে, ছবিটি ৫০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে অনুমান করা হয়েছিল। কিন্তু বাস্তবে তা ছাড়িয়ে গেছে অনেকটাই।

ব্রিটিশ শাসনাধীন ভারতে অহিংসার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। ভারতে তাকে জাতির জনক হিসেবে স্মরণ করা হয়।

১৯৩১ সালে গান্ধী লন্ডনে গিয়েছিলেন দ্বিতীয়বারের জন্য গোলটেবিল বৈঠকে যোগ দিতে। তখনই গান্ধীকে তুলির টানে ফুটিয়ে তোলেন ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন।

নিলাম প্রতিষ্ঠান বনহ্যামস বলছে, এটিই সম্ভবত একমাত্র তৈলচিত্র, যার জন্য গান্ধী স্বয়ং মডেল হয়েছিলেন।

আর ক্লেয়ার লেইটন ছিলেন হাতে গোনা কয়েকজন শিল্পীর একজন, যিনি গান্ধীর কার্যালয়ে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। বেশ কয়েক দফায় বসে এই একটা ছবি আঁকা সম্পন্ন করেন শিল্পী। 

বিবিসি লিখেছে, মৃত্যুর আগ পর্যন্ত এই চিত্রকর্মটি লেইটনের নিজের সংগ্রহেই ছিল। ১৯৮৯ সালে শিল্পীর মৃত্যুর পর এটি তার পরিবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এবারই প্রথম তৈলচিত্রটি নিলামে তোলা হয়।

তবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তৈলচিত্র কিনেছে তা প্রকাশ করেনি বনহ্যামস। ফলে ছবিটি জনসমক্ষে প্রদর্শিত হবে কি না, সেটিও নিশ্চিত নয়।

১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রে এই চিত্রটি প্রদর্শনীর সময় এর ওপর এক ডানপন্থি হিন্দুর ছুরি হামলা হয়েছিল বলে অভিযোগ আছে। যদিও এর কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

ভারতের হিন্দু কট্টরপন্থিরা মহাত্মা গান্ধীকে অতিরিক্ত মুসলিমপন্থি বলে দোষারোপ করে থাকে। ভারতে বিভাজন এবং দেশভাগের সময় রক্তপাতের জন্য তাকে দায়ী করে তারা।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারিতে এক উগ্রপন্থি হিন্দু নাথুরাম গডসে একটি প্রার্থনা সভায় মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে।