Published : 02 Apr 2025, 07:28 PM
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন গবেষণায় মার্কিন প্রশাসনের অনুদান স্থগিত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের পর দেশটির একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে যে প্রতিবাদের ঝড় উঠেছিল তাকে ‘ইহুদিবিদ্বেষ’ হিসেবে দেখছে রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।
এই ‘ইহুদিবিদ্বেষ’ বন্ধে এরই মধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে তারা, এবার সে তালিকায় প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ও যোগ হল, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ক্রিস আইসগ্রুবার জানান, নাসা, মার্কিন প্রতিরক্ষা ও জ্বালানি মন্ত্রণালয়সহ একাধিক সরকারি সংস্থা প্রিন্সটনের নানান গবেষণায় অনুদান স্থগিতের কথা জানিয়ে দিয়েছে। তবে কী কারণে এই পদক্ষেপ, সে বিষয়ে তাদের কিছু বলা হয়নি।
মার্কিন সরকারের স্থগিত অনুদানের পরিমাণ কত, তা জানায়নি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, কিছু বিশ্ববিদ্যালয় ইহুদিবিদ্বেষ মেনে নিচ্ছে এবং ফিলিস্তিনপন্থি বিক্ষোভের সময় ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যে কারণে কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে নির্দিষ্ট ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্থ দেওয়া কমিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে তারা।
আইসগ্রুবার এক বিবৃতিতে বলেন, “আমরা ইহুদি-বিদ্বেষসহ সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়তে অঙ্গীকারাবদ্ধ, আমরা ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়তে সরকারকে সহায়তাও করবো। তবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা ও যথাযথ প্রক্রিয়া মেনে চলার অধিকারকেও দৃঢ়ভাবে রক্ষা করব।”
জ্বালানি মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, প্রিন্সটনে ইহুদি-বিদ্বেষজনিত হয়রানি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেখানে অনুদান স্থগিত থাকবে। যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় গত মাসে প্রিন্সটন ৬০টি বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছি।
জ্বালানি মন্ত্রণালয়ের অবস্থান জানা গেলেও, প্রিন্সটনে অনুদান স্থগিতের বিষয়ে অন্যান্য সরকারি সংস্থার তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
বেশ কিছু ইহুদি সংগঠনসহ ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের বিরোধিতাকারীরা বলছেন, গাজার সামরিক অভিযানের সমালোচনা ও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়াকে অন্যায়ভাবে ইহুদিবিদ্বেষ বা হামাসের প্রতি সমর্থন হিসেবে চিহ্নিত করছে বর্তমান প্রশাসন।
ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৯০০ কোটি ডলারের ফেডারেল চুক্তি ও অনুদান পর্যালোচনা করছে। গত মাসে তারা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়েও ৪০ কোটি ডলারের অনুদানও বাতিল করেছে, যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস।
মার্কিন অভিবাসন ও শুল্ক কর্তৃপক্ষ সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ দেখানো কয়েক বিদেশি শিক্ষার্থীকে আটক করেছে এবং তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে।