Published : 14 Aug 2026, 10:29 AM
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি সুড়ঙ্গে প্রবল স্রোত ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ার ঘটনায় অন্তত সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় এখনো তিনজন শ্রমিক ভেতরে আটকে আছেন বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, টানেলটি থেকে এখন পর্যন্ত ১৮ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আটকে পড়া বাকি শ্রমিকদের কাছে পৌঁছাতে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এনডিটিভি লিখেছে, চামোলির পিপলকোটি এলাকায় ‘তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড’র (টিএইচডিসি) জলবিদ্যুৎ প্রকল্পে হঠাৎ প্রবল বেগে স্রোত ঢুকে পড়ে।
পানির প্রবল স্রোত অনেক শ্রমিককে টানেলের বের হওয়ার পথের দিকে ভাসিয়ে নিয়ে যায় বলে খবর বেরিয়েছে।
স্থানীয় বিধায়ক লাখপত বুটোলা বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা... পুরো প্রশাসনিক দল এবং আমার সব সহকর্মী ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজে নিয়োজিতদের সার্বক্ষণিক সহায়তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মাণাধীন টানেলের ভেতর বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ও পানি প্রবল বেগে ঢুকে পড়ে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন। ধামি বলেন, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার সার্বক্ষণিক খবর খবর নিচ্ছেন।
জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা ধ্বংসাবশেষ সরিয়ে আটকা পড়া শ্রমিকদের খুঁজছেন।
গত কয়েক দিন ধরে জেলাটিতে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবার নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সৃষ্ট প্রবল স্রোতে জেলার নীতি ভ্যালি এলাকায় একটি সেতু ভেসে যায়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কাদামাটি মেশানো বিপুল পরিমাণ পানি প্রবল বেগে নিচের দিকে নেমে এসে ধাতব সেতুটিতে আঘাত করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই পানির তীব্র স্রোত সেতুটিকে উপড়ে নদীর তীরের দিকে ঠেলে নিয়ে যায়।