১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূর্ব প্রশান্ত মহাসাগরে তিন নৌযানে মার্কিন বাহিনীর হামলায় নিহত ৮

অনেক আইন বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের এসব হামলাকে বেআইনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।

পূর্ব প্রশান্ত মহাসাগরে তিন নৌযানে মার্কিন বাহিনীর হামলায় নিহত ৮
প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় যে তিনটি নৌযানে মার্কিন বাহিনী আঘাত হেনেছে তার মধ্যে এটি একটি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 02:33 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় সোমবার তিনটি নৌযানে আঘাত হেনে আটজনকে হত্যা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড। 

সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে মার্কিন সামরিক বাহিনী বলেছে, “গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌযানগুলো প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলের জ্ঞাত মাদক চোরাচালান রুট ধরে যাচ্ছিল আর সেগুলো মাদক পাচারে রত ছিল।” 

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক মাদকবিরোধী সামরিক অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার কাছে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে ২০টিরও বেশি নৌযানে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের অভিযোগ, ওই অঞ্চল থেকে চোরাচালান হয়ে আসা মাদকে অনেক মার্কিন নাগরিকের মৃত্যু হচ্ছে। 

যুক্তরাষ্ট্রের এসব হামলায় অন্তত ৯০ জন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হয়েছেন, জানিয়েছে রয়টার্স। 

সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালাতে সামরিক বাহিনীর ব্যবহার এই সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্র আগে যেভাবে কাজ করতো তার থেকে পুরোপুরি সরে যাওয়া নির্দেশ করছে।  

ট্রাম্প প্রশাসন এইসব হামলার আইন বৈধতা আছে বলে দাবি করে আসছে। কিন্তু অনেক আইন বিশেষজ্ঞ এসব ঘটনাকে বেআইনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।  

এসব হামলাকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের স্থল হামলার আগাম সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে যা শিগগিরই শুরু করার কথা বলেছেন ট্রাম্প।  

যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় সাগর অঞ্চলে উল্লেখযোগ্য সামরিক শক্তি মোতায়েন করেছে। ইতোমধ্যেই সেখানে দেশটির বিমানবাহী রণতরী বহরসহ ১০ হাজারেরও বেশি সেনা, নিউক্লিয়ার শক্তি চালিত ডুবোজাহাজ, এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ এবং তাদের অধীনে থাকা দ্বীপ পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটিতে অনেকগুলো অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান জড়ো করেছে ওয়াশিংটন।