০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাজা সিটি দখল করবে ইসরায়েল, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

  • গাজা সিটি দখলের পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।
  • ইসরায়েলের এ সিদ্ধান্তে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
  • প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, হামাসকে ‘পরাজিত করাই’ এ পরিকল্পনার লক্ষ্যে।
  • হামাস আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে, ইসরায়েলি সেনারা অগ্রসর হলে তারা জিম্মিদের হত্যা করবে।
  • গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলের ভেতরেই ব্যাপক প্রতিবাদের মুখে পড়েছে।
  • জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা সিটি দখলে ইসরায়েলের পদক্ষেপ ‘বিপর্যয়কর পরিণতি’ বয়ে আনতে পারে।
     

09 Aug 2025, 12:29 AM

পাঁচ ‘নীতিমালায়’ সায় ইসরায়েলি মন্ত্রিসভার

হামাস বলেছে, তারা যুদ্ধবিরতির চুক্তি করতে প্রস্তুত আছে। চুক্তি হলে তারা ইসরায়েলি বন্দিদের মুক্তি দেবে, তবে এর বিনিময়ে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নিতে হবে।
অন্যদিকে যুদ্ধে ইতি টানার প্রশ্নে ইসরায়েলের মন্ত্রিসভা বেশ কয়েকটি ‘নীতিমালায়’ সায় দিয়েছে।
এসব নীতিমালার মধ্যে রয়েছে
>> হামাসের নিরস্ত্রীকরণ
>> জীবিত কিংবা মৃত, সব বন্দিকে ফেরত পাওয়া
>> গাজা উপত্যকার বেসামরিকীকরণ
>> গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকা
>> গাজায় একটি বিকল্প বেসামরিক সরকার প্রতিষ্ঠা, যেখানে হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষের কেউ থাকবে না।
সূত্র: বিবিসি

08 Aug 2025, 11:55 PM

সমালোচনায় সংকল্প টলবে না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার জবাব দিল ইসরায়েল।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে লিখেছেন, “হামাসকে পরাজিত করার ব্যাপারে আমাদের সংকল্প দুর্বল করতে পারবে না সমালোচকরা। তারা এখনও ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি।

“ইহুদিদের নিজেদের রক্ষা না করার দিন চলে গেছে। এখন নেতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার সময়।”

08 Aug 2025, 11:18 PM

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ আর আলোচনার মধ্যে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ।

শনিবার যুক্তরাষ্ট্র ও পানামা বাদে পরিষদের সব সদস্য নিয়ে এ  বৈঠক ডাকা হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র বলেছেন, গাজা সিটি দখলে ইসরায়েলি সরকারের সিদ্ধান্তে মহাসচিব আন্তোনিও গুতেরেস চরম উদ্বিগ্ন। এই সিদ্ধান্তে বিপজ্জনক পরিস্থিতি আরও বাড়বে এবং ইতোমধ্যে লাখ লাখ ফিলিস্তিনিদের বিপর্যয়ের পরিণতি আরও গভীর করার ঝুঁকি তৈরি করে।

সূত্র: বিবিসি

08 Aug 2025, 11:08 PM

গাজায় অভিযান জোরদার ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে: জাতিসংঘ

গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনা অনুমোদন নিয়ে আলোচনার মধ্যে  জাতিসংঘ বলছে, সেখানে যেকোনো সামরিক অভিযান জোরালো করলে তাতে ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি তৈরি হবে।

সংস্থাটির মানবিক বিষয়ক সমন্বয় অফিসের একজন মুখপাত্র ওলগা চেরেভকো বিবিসি রেডিও ৫ লাইভকে বলেন, গাজার পুরো জনসংখ্যা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। ইতোমধ্যে তারা প্রায় দুই বছরের নৃশংস যুদ্ধের মধ্যে রয়েছে।

গাজার দেইর আল বালাহে কর্মরত ওলগা চেরেভকো বলেন, “এমনকি জাতিসংঘের কর্মীরাও খাদ্য সংকটে। আমার অফিসে এমন কিছু সহকর্মী রয়েছেন যারা না খেতে পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবার না পেয়ে আমাদের অফিসে এমন কিছু সহকর্মী রয়েছেন যারা অচেতন হয়ে পড়ছেন।”

হামাসের হাতে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবন্ধে জাতিসংঘের আহ্বান জানিয়েছেন তিনি।

08 Aug 2025, 10:23 PM

আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব পদক্ষেপ নেওয়া: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

গাজা সিটি দখলের পরিকল্পনায় জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।

এক্সে এক ভিডিওতে তিনি বলেন, ইসরায়েলি সরকারের পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছা, আন্তর্জাতিক আইন ও সাধারণ বোধের পরিপন্থি। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিপর্যয় ঠেকাতে বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।

08 Aug 2025, 10:11 PM

ক্ষুধা-অনাহারে গাজায় চরম বিপর্যয়

08 Aug 2025, 09:38 PM

‘দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র টেকসই পথ’

গাজা সিটি দখলে ইসরায়েল যে পরিকল্পনা নিয়েছে, তার ফলে সেখানকার মানবেতর পরিস্থিতি আরও করুণ হবে বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল প্রেসিডেন্ট আন্তনিও কস্তা। 

এক্সে এক পোস্টে ওই পরিকল্পনা তিনি ইসরায়েলেকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “গাজা দখলের সিদ্ধান্তে ইইউ-ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই প্রভাব রয়েছে, যা কাউন্সিল মূল্যায়ন করবে। ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য কেবল দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র দীর্ঘমেয়াদী, টেকসই পথ।”

08 Aug 2025, 09:22 PM

ধ্বংসস্তূপে টিকে থাকা


 

08 Aug 2025, 09:15 PM

‘আমাদের সবাইকে হত্যা করা হবে’

গাজার বাসিন্দা এক নারী বিবিসি আরবিকে বলেছেন, গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনা হবে ‘প্রতিটি ফিলিস্তিনির জন্য মৃত্যুদণ্ড’।

“আমার মনে হয়, গাজার পুরো জনগোষ্ঠীকে হত্যা করা হবে, হয় বোমা মেরে, নয়তো অনাহারে।”

স্থানীয় এক পুরুষ বাসিন্দা বলেন, মানুষ এখন আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সামর্থ্যও রাখে না।

“সবাই এখানে ক্লান্ত হয়ে পড়েছে, কারণ বারবার বাস্তুচ্যুত হতে হচ্ছে। অনেক কষ্টে আমাদের সন্তানদের খাবার জোগাতে হচ্ছে।”

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, সাধারণ মানুষের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই।

08 Aug 2025, 08:53 PM

ফিলিস্তিনকে স্বীকৃতির ‘কোনো পরিকল্পনা নেই’ যুক্তরাষ্ট্রের

পরিবার নিয়ে যুক্তরাজ্যে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেখানে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করছেন তিনি।

সেখানে এক সাংবাদিক ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যুক্তরাজ্যের সিদ্ধান্তের বিষয়টি জেডি ভ্যান্সের দৃষি্‌ট আকর্ষণ করেন।

বিষয়টি নিয়ে ভ্যান্স বলেন, “আমরা যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও তার একটি। সুষ্পষ্টভাবে যুক্তরাজ্য তার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মত আমাদের কোনো পরিকল্পনা নেই।”

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, “আমি জানি না আসলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মানে আসলে কী, যেখানে কার্যক্রর সরকার নেই। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজার বিষয়ে ‘খুব স্পষ্ট করে’ দুটি লক্ষ্যের কথা বলেছেন।

“আমরা চাই হামাস নিরীহ ইসরায়েলিদের আর কখনও আক্রমণ করবে না। আমরা মনে করি সেটি সম্ভব হবে হামাসকে নির্মূলের মধ্য দিয়ে। দ্বিতীয়ত, গাজার মানবিক সংকটের ভয়াবহ চিত্র প্রেসিডেন্টকে খুব নাড়া দিয়েছে। তাই আমরা চাই, এই সমস্যার সমাধান করব।”

08 Aug 2025, 08:29 PM

ইসরায়েলকে ‘তীব্র প্রতিরোধের’ হুঁশিয়ারি হামাসের

গাজা সিটি দখল এবং বাসিন্দাদের সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা নিয়েছে, তাকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনির বিরুদ্ধে ‘পুরোমাত্রার যুদ্ধাপরাধ’ বলেছে হামাস।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ‘জাতিগত নির্মূল’ অভিযান চালানোর অভিযোগ এনে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি বলেছে, যুদ্ধ বিস্তারের মাধ্যমে ইসরায়েলি জিম্মিদের ভাগ্য ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। 

হামাসের দাবি, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের প্রশ্নে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছিল দুই পক্ষ। সেখান থেকে ইসরায়েল কেন আলোচনা থেকে সরে গেল, গাজা দখলের সিদ্ধান্তেই তার ব্যাখ্যা পাওয়া যায়।

সংগঠনটি বলছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় ‘নমনীয় ও ইতিবাচক মনোভাব’ নিয়ে ওই আলোচনায় বসেছিল তারা। যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বাহিনীর পূর্ণাঙ্গ প্রত্যাহারের বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে এখনও একটি পূর্ণাঙ্গ চুক্তি করার জন্য তারা প্রস্তুত।

ইসরায়েলের পরিকল্পনা ‘সহজে বাস্তবায়ন হবে না’ এবং তারা ‘তীব্র প্রতিরোধের মুখে পড়বে’ বলে সতর্ক করেছে হামাস।

এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে হামাস বলেছে, মার্কিনিরাই ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিক সহায়তা দিচ্ছে। তেল আবিবের পরিকল্পনা ঠেকাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

08 Aug 2025, 08:07 PM

ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকেছে বেলজিয়াম

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। বিভিন্ন দেশের নেতারা ওই পদক্ষেপকে বিপজ্জনক ও বেআইনি বলে মন্তব্য করেছেন।
ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এর প্রতিক্রিয়ায় বেলজিয়াম দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে।

08 Aug 2025, 08:00 PM

ল্যামির সঙ্গে কথা বলবেন জেডি ভ্যান্স

গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনা অনুমোদন নিয়ে আলোচনার মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আলোচনা করবেন।

সুনির্দিষ্ট শর্তগুলো না মানলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে কথা বলছে সে বিষয়ে জেডি ভ্যান্সের মতামত জানতে চান এক সাংবাদিক।

এর জবাবে ভ্যান্স বলেন, বিষয়টি আলোচনা করা হবে। যুক্তরাষ্ট্রের একইরকমের কোনো পরিকল্পনা নেই।

08 Aug 2025, 07:43 PM

কী বলছে বিশ্ব

গাজা সিটি দখলের ইসরায়েলের পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন দেশের নেতারা এই পদক্ষেপকে বিপজ্জনক, বেআইনি বলে মন্তব্য করেছেন এবং তা বিপর্যয়কর মানবিক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন।

যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে ‘অন্যায়’ বলেছেন। তিনি বলছেন, এমন পদক্ষেপে কেবল ‘রক্তপাতই বাড়বে’।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলকে “অবিলম্বে এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধের” আহ্বান জানিয়েছে।

অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে ইসরায়েলকে গাজা সিটি দখলের পথে না হাঁটার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এতে গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়বে, পাশাপাশি সেখানকার বাসিন্দাদের স্থায়ীভাবে উৎখাতের যে কোনো পদক্ষেপ হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

জাতিসংঘ: জাতিসংঘও সতর্ক করে বলেছে, গাজা সিটি দখলে ইসরায়েলের পদক্ষেপ “বিপর্যয়কর পরিণতি” বয়ে আনতে পারে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোনে জানান, ফিলিস্তিনিদেরকে নিজভূমি থেকে বাস্তুচ্যুত করার যে কোনও প্রচেষ্টার তিনি “স্পষ্টতই বিরোধিতা” করেন।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, “এটি ইসরায়েলের দীর্ঘদিনের সেই নীতিরই আরও সম্প্রসারণ—যেখানে “ক্ষুধা ও অবরোধকে অস্ত্র হিসেবে ব্যবহার” করা হয় এবং হাসপাতাল ও স্কুলসহ বেসামরিক অবকাঠামোকে “ধারাবাহিকভাবে টার্গেট” করা হয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেছেন, ইসরায়েল সরকারের এই সিদ্ধান্ত “পুনর্বিবেচনা করা উচিত” এবং “এখনই যুদ্ধবিরতি প্রয়োজন।”

08 Aug 2025, 07:37 PM

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করবে জার্মানি

গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনার প্রতিক্রিয়ায় দেশটির কাছে অস্ত্র রপ্তানি স্থগিতের কথা বলছে জার্মানি।

দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যারৎস বলেছেন, গাজায় ব্যবহার করা হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরায়েলে রপ্তানির অনুমোদন দেবে না তার সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

ঐতিহাসিকভাবেই ইসরায়েলে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করা দেশগুলোর একটি জার্মানি।

08 Aug 2025, 07:27 PM

ইসরায়েলকে অবশ্যই বিবেচনা করতে হবে: ভন ডার লিয়েন

গাজা সিটি দখলে সামরিক অভিযান বাড়ানোর সিদ্ধান্ত ইসরায়েলকে অবশ্যই বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভর ডার লিয়েন।

এক্স পোস্টে তিনি এও লিখেছেন, অমানবিক পরিস্থিতিতে থাকা সব জিম্মিদেরও অবশ্যই মুক্তি দিতে হবে।

জরুরিভিত্তিতে গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে  লিয়েন বলেন, এখন দরকার যুদ্‌ধবিরতি।

08 Aug 2025, 07:06 PM

যেভাবে বদলে গেছে গাজার চেহারা

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় চলছে ইসরায়েলের আগ্রাসন। বর্বরোচিত সব হামলায় গাজা সিটির চেহারা পাল্টে গেছে। যেদিকে তাকানো যায়, কেবলই ধ্বংসস্তূপ। স্যাটেলাইট চিত্রে গাজার আগে-পরের চিত্র উঠে এসেছে।

ছবি: বিবিসি
 

08 Aug 2025, 06:53 PM

ইসরায়েলেই আপত্তি

গাজা সিটি দখল করতে গেলে এখন ইসরায়েলকে ভূখণ্ডটিতে আরও হাজার হাজার সেনা পাঠাতে হবে। তাতে বেসামরিক মৃত্যুর সম্ভাবনা যেমন আছে, তেমনি জিম্মিরাও ঝুঁকিতে পড়বে।
হামাস আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইসরায়েলি সেনারা কাছে গেলে তারা জিম্মিদের হত্যা করবে। গত অগাস্টে রাফাহ শহরে ছয় ইসরায়েলি জিম্মিকে হত্যা করেছিল তারা, যখন আইডিএফ ‘অনিচ্ছাকৃতভাবে’ জিম্মিদের যে টানেলে রাখা হয়েছিল তার কাছে পৌঁছে গিয়েছিল।
গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলের ভেতরেই ব্যাপক প্রতিবাদের মুখে পড়েছে। বিরোধী দলীয় নেতা ইয়ায়ির লাপিদ এ সিদ্ধান্তকে ‘বিপর্যয়’ আখ্যা দিয়েছেন। জিম্মিদের পরিবারও সিদ্ধান্তটির তুমুল সমালোচনা করেছে।


 

08 Aug 2025, 06:43 PM

ইসরায়েলের ৫ নীতি কী

বিবিসি জানিয়েছে, যুদ্ধ শেষ করার পাঁচটি নীতি অনুমোদন করেছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। 
এগুলো হচ্ছে- হামাসকে নিরস্ত্র করা, জীবিত-মৃত সব জিম্মিকে ফিরিয়ে আনা, গাজার অসামরিকীকরণ নিশ্চিত করা, গাজা ভূখণ্ডে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হামাস বা ফিলিস্তিন (পিএ) কর্তৃপক্ষ ছাড়া বিকল্প কোনো বেসামরিক সরকার গঠন।
বৈঠকের আগে সাংবাদিকরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞেস করেছিল– ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ নেবে কিনা। 
জবাবে তিনি বলেছিলেন, “আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, হামাসকে সরানোর জন্য, গাজার মানুষকে মুক্ত করার জন্য এবং গাজাকে বেসামরিক শাসনের আওতায় আনার জন্য আমরা (গাজা) নিয়ন্ত্রণ নিতে ইচ্ছুক।”
সূত্র: বিবিসি

08 Aug 2025, 06:31 PM

গাজা সিটি দখলে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সায়

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবে গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।
জেরুজালেমে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত হয় বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, হামাসকে ‘পরাজিত করাই’ এ পরিকল্পনার লক্ষ্যে।
যদিও ইসরায়েলি সেনাবাহিনী আগেই সতর্ক করে বলেছিল, ঘনবসতিপূর্ণ গাজা সিটিতে সামরিক অভিযান জীবিত অবশিষ্ট জিম্মিদের জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করবে এবং ভয়াবহ মানবিক সংকট ডেকে আনবে।
সূত্র: বিবিসি

08 Aug 2025, 06:29 PM

লাইভ শুরু!

গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এ নিয়ে আমাদের লাইভ ব্লগে স্বাগত! সঙ্গে আছি ফারুক হোসেন, তনুশ্রী বিশ্বাস।