Published : 05 Aug 2025, 09:51 AM
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘গিফোর্ড’ দাবানলে ৭২ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে।
কর্মকর্তাদের বরাতে এবিসি নিউজ লিখেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সহস্রাধিক দমকলকর্মী। বাসিন্দাদের সরিয়ে যাওয়ার নির্দেশনা জারি করা হয়েছে, আহত হয়েছে অন্তত তিনজন।
‘গিফোর্ড’ নাম পাওয়া এই দাবানল শুরু হয় শুক্রবার বিকালে এবং লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্ট এলাকায় তা বিস্তৃত হয়। এই আগুন স্যান্টা বারবারা এবং স্যান লুইস ওবিসপো কাউন্টিকেও প্রভাবিত করছে।
ক্যাল ফায়ারের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত আগুনটি ৭২,৪৬০ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে মাত্র ৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।
যদিও আগুন মূলত ঘন ঝোপঝাড় ও দুর্গম পাহাড়ি অঞ্চলে রয়েছে, তবু কর্মকর্তারা বলছেন, প্রায় ৪৬০টি স্থাপনা এই দাবানলের হুমকিতে রয়েছে। বিশেষ করে ঘাসে ভরা এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
স্যান্টা বারবারা এবং স্যান লুইস ওবিসপো কাউন্টির বিভিন্ন এলাকা থেকে এখনো বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা ও সতর্কতা বলবৎ রয়েছে। হাইওয়ে ১৬৬ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ রাস্তাটির উভয় পাশে আগুন ছড়িয়ে পড়েছে।
কর্মকর্তারা শনিবার জানিয়েছিলেন, দাবানলে আহত হয়েছে তিনজন। তাদের মধ্যে একজন বেসামরিক নাগরিক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন; বাকি দুজন ঠিকাদারি কর্মচারী, যারা ইউটিভি দুর্ঘটনায় আহত হয়েছে।
স্যান্টা বারবারা কাউন্টি বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংস্থা শনিবার জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কুইয়ামা এবং স্যান্টা বারবারা কাউন্টির বাকি অংশের জন্য বায়ুমান সতর্কতা বলবৎ থাকবে।
সংস্থাটি বলছে, “যদি বাতাসে ধোঁয়া দেখেন বা গন্ধ পান, তাহলে আপনি সতর্ক থাকুন এবং নিজের ও পরিবারের স্বাস্থ্যের সুরক্ষায় সাধারণ জ্ঞান ব্যবহার করুন। হৃদরোগ বা শ্বাসকষ্টে ভোগা ব্যক্তি, বয়স্ক, গর্ভবতী নারী ও শিশুরা বাইরে কম সময় কাটানোর চেষ্টা করুন এবং ধোঁয়া বা ধূলিকণার মাত্রা বেশি থাকলে বাইরে শরীরচর্চা এড়িয়ে চলুন।”
এই দাবানলের কারণ অনুসন্ধান করার কথা জানিয়েছে ক্যাল ফায়ার।
এ দাবানলের অবস্থান ‘মাদ্রে’ দাবানলের পশ্চিমে, যেখানে ৮০ হাজার একর এলাকা পোড়ার পর ২৬ জুলাই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে।
সোমবার দুপুরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও দুটি দাবানলের সূত্রপাত হয়েছে। রিভারসাইড কাউন্টিতে দুপুরের ঠিক পরেই রোসা দাবানল শুরু হয়েছে এবং ইতোমধ্য ১,২০০ একরের বেশি এলাকা পুড়িয়ে ফেলেছে।
আর স্যান বার্নার্ডিনো কাউন্টিতে শুরু হয়েছে গোল্ড দাবানল, যা এখন পর্যন্ত ৩৪৮ একর এলাকা পুড়িয়েছে এবং এটি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।