Published : 20 Aug 2026, 04:25 PM
একটি বিখ্যাত কমিউনিস্ট বিপ্লবী গান বিকৃত করে গাওয়ার অভিযোগে চীনের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী কৌতুকশিল্পী কুও ত্যকাংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির সাংস্কৃতিক কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত জুলাইয়ের শেষভাগে উহান শহরে এক মঞ্চ পরিবেশনায় বিপ্লবাত্মক একটি গানের কথা বদলে কৌতুক করার পর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তদন্ত শুরুর পর দেশব্যাপী তার চলমান সফরের বেশ কয়েকটি শো বাতিল করা হয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘পেপার’ জানিয়েছে, উহান কালচার অ্যান্ড ট্যুরিজম ব্যুরোতে দায়ের করা অভিযোগে বলা হয়, ত্যকাং ‘কেবল একটি বিপ্লবাত্মক কালজয়ী কাজকে বিকৃত ও সস্তা বানাননি, বরং জননৈতিকতা ও গ্রহণযোগ্য আচরণের মানদণ্ডও লঙ্ঘন করেছেন’।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘প্লেইং মাই বিলাভড পিপা’ নামের একটি বিখ্যাত চীনা গান।
১৯৫০-এর দশকে 'রেলরোড গেরিলাস' চলচ্চিত্রে ব্যবহৃত এই গানটি চীন-জাপান যুদ্ধের সময় কমিউনিস্ট গেরিলা বাহিনীর লড়াইয়ের প্রতীক। ২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোষিত ১০০টি সেরা জাতীয় গানের তালিকায় জায়গা পেয়েছিল এটি।
গানটির মূল লিরিক ছিল– ‘দ্য সান ইজ অ্যাবাউট টু সেট ইন দ্য ওয়েস্ট; অল ইজ কোয়েট অন উইশান লেক’।
তবে উহান শহরের মঞ্চে ত্যকাং দ্বিতীয় অংশটি বদলে রসিকতা করে উচ্চারণ করেন, ‘অল ইজ কোয়েট ইন দ্য ফরবিডেন সিটি’।
বেইজিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক রাজপ্রাসাদ 'ফরবিডেন সিটি' চীনের রাষ্ট্রক্ষমতার রূপক প্রতীক হওয়ায় সেখানে সূর্য ডোবার সাথে নিস্তব্ধতার উল্লেখ রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর।
উহান সাংস্কৃতিক দপ্তর জানিয়েছে, পরিবেশনার সময় যে অংশটি বদলানো হয়েছে তা পূর্বঅনুমোদনের জন্য জমা দেওয়া নথিতে ছিল না, যা বাণিজ্যিক পরিবেশনা পরিচালনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
ঐতিহ্যবাহী চীনা কমেডি রূপ ‘ক্রসটক’ পুনরুজ্জীবিত করা এবং পেকিং অপেরা শিল্পীদের সঙ্গে 'কিলিন থিয়েটার কোম্পানি' গড়ে তোলার জন্য পরিচিত ত্যকাং চীনে অত্যন্ত পরিচিত নাম।
থিয়েটার দলের ১০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত তার দেশব্যাপী সফরের অংশ হিসেবে শি'আন শহরের একটি থিয়েটারে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া শো বাতিল করা হয়েছে এবং টিকিট ক্রেতাদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। কেউ ত্যকাংয়ের শাস্তির দাবি তুললেও অনেকে কতৃর্পক্ষকে 'অতিরিক্ত স্পর্শকাতর' বলে অভিহিত করেছেন।
এর আগে ২০২৩ সালে সেনাবাহিনী নিয়ে কৌতুক করায় কমেডিয়ান লি হাওয়াশিকে প্রায় ২ মিলিয়ন ডলার জরিমানা ও নিষিদ্ধ করা হয়, আর ২০২২ সালেও করোনা লকডাউন নিয়ে মন্তব্য করে অর্থদণ্ড গুনেছিলেন লি বো।