১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নরওয়ের সংস্কারপন্থি রাজা হারাল্ড পঞ্চম আর নেই

ইউরোপের সবচেয়ে বয়স্ক এই রাজা রক্তে ব্যাকটেরিয়াল ইনফেকশনে ভুগছিলেন। অসলো ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরওয়ের সংস্কারপন্থি রাজা হারাল্ড পঞ্চম আর নেই
রাজা হারাল্ড। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 04:56 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

নরওয়ের সংস্কারক ও অত্যন্ত জনপ্রিয় রাজা হারাল্ড পঞ্চম ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, অসলো ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজা হারাল্ড।

১৯৯১ সাল থেকে নরওয়ের আনুষ্ঠানিক প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ইউরোপের সবচেয়ে বয়স্ক এই রাজাকে গত ১৭ অগাস্ট হাসপাতালে নেওয়া হয়। রক্তে ব্যাকটেরিয়া ইনফেকশজনিত কারণে তার চিকিৎসা করা হচ্ছি বলে জানিয়েছে রাজপ্রাসাদ।

২০২৪ সালে মালয়েশিয়ায় ছুটি কাটানোর সময় ইনফেকশনের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং তখন তার শরীরে পেসমেকার বসানো হয়। 

এরপর থেকে কাজকর্ম কিছুটা কমালেও সিংহাসন ছাড়ার (আবডিকেশন) সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করেছিলেন রাজা। তিনি সবসময় বলতেন, রাজা হিসেবে নেওয়া তার শপথ আজীবনের।

যুক্তরাজ্যের রানি ভিক্টোরিয়ার দৌহিত্রের সন্তান হারাল্ড দেশের স্বাধীনতা ও ঐক্যের প্রতীক হিসেবে রাজতন্ত্রকে আধুনিক করে একুশ শতকের উপযোগী করে তোলেন। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শৈশবে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার পর ১৯৪৫ সালে যুদ্ধ শেষে দেশে ফেরেন তিনি। 

রাজপরিবারের ঐতিহ্য ভেঙে সাধারণ সরকারি স্কুলে পড়াশোনা করেন হারাল্ড। পরে ১৯৬৮ সালে সাধারণ পরিবারের নারী সোনিয়াকে বিয়ে করে রাজকীয় প্রথা ভাঙেন তিনি।

শোক ও সংকটের মুহূর্তে নরওয়ের নাগরিকদের পাশে দাঁড়িয়ে সর্বদা সান্ত্বনা জুগিয়েছেন এই রাজা। 

২০১১ সালে কট্টর ডানপন্থি সন্ত্রাসীর হামলায় ৭৭ জন নিহত হওয়ার পর আবেগে থরথর কণ্ঠে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, “ভয়ের চেয়ে স্বাধীনতাই বেশি শক্তিশালী।”

রাজা হারাল্ডের মৃত্যু এমন এক সময়ে হল, যখন তার পরিবার নানা আইনি ও রাজনৈতিক ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে। 

তার পুত্রবধূ যুবরাজ্ঞী মেটে-মারিতের অতীত সম্পর্ক ও তার ছেলে মারিয়াস হোইবির কারাদণ্ড নিয়ে রাজপরিবার সমালোচনার মুখে পড়েছে। তবে এসব বিতর্কের মধ্যেও সাধারণ মানুষের কাছে রাজা হারাল্ডের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ছিল সবার শীর্ষে।

হারাল্ডের মৃত্যুর পর তার ৫৩ বছর বয়সী ছেলে যুবরাজ হাকন নরওয়ের নতুন রাজা হিসেবে দায়িত্ব নিচ্ছেন এবং হাকনের স্ত্রী মেটে-মারিত হচ্ছেন দেশটির নতুন রানি।