১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামাবাদ, ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলাকারীরা আফগান নাগরিক: পাকিস্তান

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই দুই হামলার জন্য ভারতকে দায় দিয়েছিলেন।

ইসলামাবাদ, ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলাকারীরা আফগান নাগরিক: পাকিস্তান
ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণের পর গাড়ির আগুন নেভাচ্ছেন দমকল বিভাগের এক কর্মী। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

রাজধানী ইসলামাবাদসহ চলতি সপ্তাহে পাকিস্তানে হওয়া দুটি আত্মঘাতী হামলায় জড়িত দুইজনই আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। 

বৃহস্পতিবার পার্লামেন্টে এক অধিবেশনে তিনি এ তথ্য দেন; অধিবেশনটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

মঙ্গলবার ইসলামাবাদে নিম্ন আদালতের বাইরে পুলিশের এক টহল দলের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়।  

আগেরদিন আফগানিস্তানের সীমান্তের কাছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় সামরিক বাহিনী পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে চালানো হামলায় তিনজন নিহত হয়েছিল। 

বিস্ফোরণের পর জঙ্গিরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পাকিস্তানি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হয় এবং শেষ পর্যন্ত সব হামলাকারী মারা পড়ে। সামরিক বাহিনী পরিচালিত হলেও ওই শিক্ষা প্রতিষ্ঠানে বেসামরিকরাই পড়াশোনা করেন।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই দুই হামলার জন্য ভারতকে দায় দিয়েছিলেন। 

দশকেরও বেশি সময় ধরে আফগান তালেবান ও পাকিস্তানের শাসকদের মধ্যে ব্যাপক দহরম মহরম দেখা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে কাবুল-ইসলামাবাদ সম্পর্কে টানাপড়েন দেখা যাচ্ছে। পাকিস্তানের অভিযোগ, তার ভূখণ্ডে হামলাকারী জঙ্গিদের আফগানিস্তান আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে। 

গত মাসে দুই দেশের মধ্যে হওয়া সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন সেনাও নিহত হয়েছে।