Published : 15 Jun 2026, 10:41 PM
ইরান যুদ্ধে ইতি টানতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চুক্তি ‘পুরোপুরি সই হয়ে গেছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
জি-সেভেন সম্মেলনে যোগ দিতে সোমবার ফ্রান্সে পৌঁছার পর তিনি এ তথ্য জানান। তবে ইরান এই চুক্তিতে এখনো সই করেছে কিনা, সে বিষয়ে তিনি কিছু বলেননি। কিংবা ইরানের তরফেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো বক্তব্য আসেনি।
ট্রাম্প যখন ইভিয়ান-লে-বাঁ শহরে ব্রিফিংয়ে এ কথা বলছিলেন, তখন পাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ছিলেন।
ট্রাম্প বলেন, “তেহরানের সঙ্গে একমত হওয়া চুক্তি ‘পুরোপুরি সই হয়ে গেছে’ এবং হরমুজ প্রণালির একটা অংশ ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে।”
শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি সইয়ের খবর নিশ্চিত করে জানানোর আগে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন যে, ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কালিবাফ রোববার চুক্তিটি সই করেন।
এবার ট্রাম্প চুক্তির সই হওয়ার কথা জানিয়ে এর কিছু দিক খোলাসা করেছেন। ট্রাম্প জানান:
* চুক্তি অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি হয়েছে এবং এই কর্মসূচি কড়া নজরদারিতে রাখার শর্ত মানারও প্রতিশ্রুতি দিয়েছে।
*ইরান যা করার প্রতিশ্রুতি দিয়েছে সেটি না করা পর্যন্ত তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল হবে না।
* হরমুজ খুলতে সমুদ্র উপকূল ও নৌ বাহিনীর সমন্বয়ের প্রচেষ্টায় ফ্রান্স, যুক্তরাজ্য এবং প্রায় ২০টি অন্যান্য দেশ নেতৃত্ব দেবে।
*চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়বে এবং এই সময়ের মধ্যেই ইরানের পামাণবিক কর্মসূচির মতো কন্টকাকীর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভবিষ্যতে ইরানের সঙ্গে ভাল সম্পর্ক গড়ার ইতিবাচক ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের তৃতীয় দফার নেতাদের সঙ্গে তার সম্পর্ক ভাল গেছে এবং ভবিষ্যতেও ভাল সম্পর্কের আশা আছে।
চুক্তির বিস্তারিত খুঁটিনাটি সম্পর্কে তেমন কিছু ট্রাম্প জানাননি। তবে তিনি বলেছেন, চুক্তিতে কি আছে সেটি খুব শিগগিরই প্রকাশ করা হবে। শুক্রবার চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হবে জানিয়ে ট্রাম্প বলেন, এর পরই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে।
শুক্রবারের চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেবেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি থাকতে পারি। নাও থাকতে পারি। তবে বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকছেন।