১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালিকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার ‘অগ্রহণযোগ্য’: কাতার

আঞ্চলিক সব দেশের এই প্রণালি অবাধে ব্যবহারের অধিকার আছে জানিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অগ্রাধিকার ভিত্তিতে এই জলপথ পুনরায় খুলে দেওয়ার ওপর জোর দিয়েছেন।

হরমুজ প্রণালিকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার ‘অগ্রহণযোগ্য’: কাতার
মাজেদ আল-আনসারি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 11:59 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

কাতার হরমুজ প্রণালিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের তীব্র বিরোধিতা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, হরমুজ প্রণালিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা মেনে নেওয়া যায় না। 

সাপ্তাহিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের আল-আনসারি বলেন, কোনও আন্তর্জাতিক বিরোধে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি দর কষাকষির হতিয়ার হিসাবে ব্যবহার হওয়া উচিত নয়।

আঞ্চলিক সব দেশের এই প্রণালি অবাধে ব্যবহারের অধিকার আছে জানিয়ে তিনি বলেন, এখন অগ্রাধিকার ভিত্তিতে এই জলপথ পুনরায় খুলে দেওয়া প্রয়োজন। কারণ, প্রণালিটি বন্ধ হয়ে থাকলে বিশ্বজুড়ে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। জ্বালানি সংকট ও খাদ্য অনিরাপত্তা দেখা দিচ্ছে।

হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি আরোপের মতো যে কোনও প্রচেষ্টা আঞ্চলিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত বলে জানান আনসারি।

তিনি বলেন, হরমুজ নিয়ে যে কোনও ভবিষ্যৎ চুক্তির ক্ষেত্রে আঞ্চলিক বিভিন্ন পক্ষ জড়িত থাকতে হবে এবং আন্তর্জাতিক গ্যারান্টিও থাকতে হবে।

তাছাড়া, কোনও একক পক্ষ বা আঞ্চলিক শক্তি এই জলপথ ব্যবহারের ক্ষেত্রে অন্যদের ওপর কোনও শর্ত চাপিয়ে দিতে পারে না।

আল-আনসারি সতর্ক করে দিয়ে এও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে রেখে কারও জন্যই সংকটের সমাধান আসবে না এবং তা আন্তর্জাতিক আইন পরিপন্থি হবে।

অঞ্চলটি এমন এক পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে যেখানে উত্তেজনা বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে উল্লেখ করে তিনি সব পক্ষকে উত্তেজনা প্রশমণের আহ্বানও জানিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছিল ইরান।

পরবর্তীতে পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কোনও চুক্তি ছাড়া শেষ হওয়ার পর ট্রাম্প হরমুজে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু করেন।