২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ওমানের উপকূলে মার্কিন বাহিনীর হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাংকারটির ক্রুদের মধ্যে ২৪ জন ভারতীয়, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেইনীয় ও একজন রাশিয়ান ছিলেন।

ওমানের উপকূলে মার্কিন বাহিনীর হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত
পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাংকার সেত্তেবেলোতে মোট ২৮ জন ক্রু সদস্য ছিল। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2026, 01:42 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছে। প্রাথমিকভাবে এই নাবিকরা নিখোঁজ বলে খবর হয়েছিল। 

চলতি সপ্তাহের মাঝামাঝি এ ঘটনা ঘটেছে বলে ভারতের জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সানোওয়াল জানিয়েছেন। 

মন্ত্রী সানোওয়াল এই ঘটনাকে ‘শোচনীয়’ ক্ষতি বলে বর্ণনা করে জানিয়েছেন, নিখোঁজ ওই তিন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাংকার সেত্তেবেলোতে মোট ২৮ জন ক্রু সদস্য ছিল। তাদের মধ্যে ২৪ জন ভারতীয়, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেইনীয় ও একজন রাশিয়ান। ওমান উপসাগরে জাহাজটি মার্কিন বাহিনীর হামলার শিকার হয়। 

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তেল ভরে আনা জাহাজটি তাদের নির্দেশনা মানতে ব্যর্থ হওয়ার পর তারা সেটিতে হামলা চালায়। 

প্রাথমিক প্রতিবেদনগুলো বলা হয়েছিল, জাহাজটি থেকে ২১ ভারতীয় নাবিকককে উদ্ধার করা হয়েছে আর অপর তিনজন নিখোঁজ রয়েছে।  

এই তেলবাহী ট্যাংকারটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ লঙ্ঘন করছিল বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) । মার্কিন বাহিনী জাহাজটির বিরুদ্ধে লক্ষ্যে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার করে। এতে হতাহতের ঘটনা ঘটে। 

ভারত এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টার সময় ২৪ ভারতীয় মার্কিন হামলার কবলে পড়েছে।  

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর হামলা গভীরভাবে উদ্বেগজনক। এটি ওই অঞ্চলে চলমান সংঘাতের সরাসরি ফল। আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান পুনর্ব্যক্ত করছি।” 

পরে সেন্টকম ওই জাহাজে হামলার কথা স্বীকার করে বলেছে, নৌ-অবরোধ লঙ্ঘন করে ইরান থেকে তেল নিয়ে যাওয়ার চেষ্টা করায় ট্যাংকারটিতে হামলা চালানো হয়। তাদের একটি যুদ্ধবিমান ওমান উপসাগরে ট্যাংকারটির ওপর গুলিবর্ষণ করে সেটিকে অকেজো করে দেয় বলে জানিয়েছে তারা।  

এই ঘটনার জেরে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে ‘কড়া প্রতিবাদ’ জানায় নয়া দিল্লি, জানিয়েছেন ভারতের একজন ঊধ্র্তন সরকারি কর্মকর্তা।