১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরান যুদ্ধে ট্রাম্প সমর্থকরা ‘প্রতারিত’ বোধ করছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধবিরোধী প্রচার চালালেও এখন এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যার কোনও সুনির্দিষ্ট কারণও ব্যাখ্যা করা যায় না- বলেছেন পডকাস্টার জো রোগান।

ইরান যুদ্ধে ট্রাম্প সমর্থকরা ‘প্রতারিত’ বোধ করছেন
জো রোগান। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 01:35 AM

Updated : 26 Aug 2026, 03:08 PM

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পডকাস্টার জো রোগান বলেছেন, ইরানের সঙ্গে শুরু হওয়া এই ‘উন্মত্ত’ যুদ্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা ‘প্রতারিত’ বোধ করছেন।

নিজের পডকাস্টের সর্বশেষ পর্বে রোগানের মতে, ট্রাম্প যে নীতির কথা বলে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন এই যুদ্ধ তার ঠিক উল্টো। 

তিনি বলেন, “এই যুদ্ধকে অনেক বেশি পাগলামি বলে মনে হচ্ছে। এ কারণে অনেকে এখন প্রতারিত বোধ করছেন, তাই না?”

তিনি আরও বলেন, “ট্রাম্পের প্রচারণার মূল কথা ছিল- ‘আর কোনও যুদ্ধ নয়’, ‘এই সব কাণ্ডজ্ঞানহীন ও অর্থহীন যুদ্ধের অবসান ঘটান’। অথচ এখন আমরা এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছি যার সুনির্দিষ্ট কোনও কারণও আমরা ব্যাখ্যা করতে পারছি না।” 

ইরাক ও আফগানিস্তানে দুই দশকের দীর্ঘ সংঘাতের অভিজ্ঞতার পর অনেক রিপাবলিকান আইনপ্রণেতাও ইরানের সঙ্গে এই লড়াই দীর্ঘস্থায়ী হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

গত সপ্তাহে টেনেসি থেকে নির্বাচিত রিপাবলিকান প্রতিনিধি টিম বার্চেট বলেছিলেন, “মাগা (মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন) ভোটারদের উচিত এই সামরিক পদক্ষেপ আরও একটি ‘অন্তহীন যুদ্ধে’ রূপ নেওয়া নিয়ে শঙ্কিত হওয়া। 

ট্রাম্প সমর্থকদের উদ্দেশে কি বলবেন এমন প্রশ্নের জবাবে বার্চেট সাংবাদিকদের বলেন, “আমি বলব, আপনারা উদ্বিগ্ন থাকুন এবং সতর্ক থাকুন। আমাদের ওপর চাপ বজায় রাখুন যেন আমরা এই বিষয়ে স্বচ্ছ থাকি।”

কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক নতুন জনমত জরিপ অনুযায়ী, প্রায় তিন-চতুর্থাংশ মার্কিন ভোটার মনে করেন ইরানের এই সংঘাত কয়েক মাস বা তার বেশি সময় ধরে চলবে। 

জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ মানুষ জানিয়েছেন, এই যুদ্ধ ‘কয়েক মাস’, ‘প্রায় এক বছর’ বা ‘তার চেয়েও বেশি সময়’ স্থায়ী হতে পারে। তবে সোমবার এক সংবাদ সম্মেলনে ডনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে একটি ‘ভ্রমণ’ বলে অভিহিত করেছেন যা শিগগিরই শেষ হবে।  

ট্রাম্প বলেন, “এটি ছিল স্রেফ একটি প্রয়োজনীয় পদক্ষেপ বা ভ্রমণ (এসকারশন)। আমরা সেটিও শেষ করার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছি।”